ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও পোনা অবমুক্তকরণ


সাতক্ষীরায় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও পোনা অবমুক্তকরণ

সাতক্ষীরা, ১৬ আগস্ট, ২০২৬ : জেলায় আজ ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে আজ রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সেই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপত্বি করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

আরও পড়ুন: জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’ এমপি খোকন তালুকদার

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন এবং অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন: মণ্ডপের দেয়ালে শিল্পকর্মে বাবার আত্মত্যাগের গল্প ও কৃষকের অবদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে আসছে ই-জিপি ২.০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে আসছে ই-জিপি ২.০

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : দেশের সরকারি ক্রয়ব্যবস্থাকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব করতে সরকার ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ২.০ চালুর উদ্যোগ নিয়েছে। দেশজুড়ে এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে। এক্ষেত্রে সরকারি ক্রয় আইন এবং বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বাসস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

কামরুজ্জামান বলেছেন, ২০০১ সালে সংস্কার কার্যক্রম হিসেবে শুরু করা সরকারি ক্রয়ব্যবস্থা বর্তমানে দেশের ডিজিটাল সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। এই খাতে সংস্কার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

তিনি জানিয়েছিলেন, ২০০৩ সালের সরকারি ক্রয় প্রবিধানের মাধ্যমে সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার শুরু হয়। পরে ২০০৬ সালে সরকারি ক্রয় আইন এবং ২০০৮ সালে সরকারি ক্রয় বিধিমালা প্রণয়ন করা হয়েছে। সর্বশেষ, ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালা এবং সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে এই প্রক্রিয়ার আরও অগ্রগতি ঘটানো হয়েছে।

২০২৩ সালে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রতিষ্ঠার মাধ্যমে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকে (সিপিটিইউ) একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে সংস্থাটির দায়িত্ব ও কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে।

বিপিপিএ প্রধান বলেন, সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং সরকারি ক্রয়ব্যবস্থাকে আরো আধুনিকীকরণে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করবে। অগ্রাধিকার ভিত্তিতে এসব সংস্কার বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে।

সরকারি ক্রয়ের পরিধি গত দুই দশকে উল্লেখযোগ্যরূপে বেড়েছে বলেও কামরুজ্জামান জানান। তিনি বলেন, ২০০৩ সালে সরকারি ক্রয়ের বার্ষিক বাজার ছিল প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার কোটি ডলারে। বর্তমানে এর পরিমাণ প্রায় ৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

তিনি আরো বলেন, জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি ক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। তাই এই পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি এবং দক্ষ জনবল তৈরি করাটা খুবই প্রয়োজন।

এই লক্ষ্যে সামনে রেখে সম্প্রতি বিপিপিএ তিনটি অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করেছে। এসব কর্মশালায় ই-জিপি ব্যবস্থার উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও বিপিপিএ’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, শিক্ষাবিদ ও ক্রয় বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালা থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ পাওয়া গেছে বলে জানান বিপিপিএ প্রধান।

টেকসই ক্রয়ব্যবস্থা নিয়ে তিনি বলেন, সরকারি ক্রয়কে শুধুমাত্র ব্যয় সাশ্রয়, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে না। এটিকে দীর্ঘমেয়াদি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক মূল্য তৈরি করার একটি কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

তার মতে, সরকারি ক্রয়ব্যস্থায় টেকসই উন্নয়নের নীতি অন্তর্ভুক্ত করা, পরিবেশবান্ধব এবং জলবায়ুসহনশীল ক্রয়ব্যবস্থার প্রসার, উদ্ভাবনকে উৎসাহিত করা, স্থানীয় শিল্পকে সহায়তা দেওয়া, ডিজিটাল ক্রয়ব্যবস্থা সম্প্রসারণ এবং পুরো প্রক্রিয়ায় অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিপিএ সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি ক্রয়ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরে কামরুজ্জামান জানিয়েছেন যে, ২০১০ সালে একটি সরকারি ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে প্রায় ১০০ দিন সময় লাগত। বর্তমানে তা কমে ৫৪ দিনে নেমে এসেছে।

ই-জিপি চালুর আগে মূল দরপত্রের মেয়াদের মধ্যে মাত্র ১২ শতাংশ চুক্তি স্বাক্ষরিত হতো। বর্তমানে এই হার ৯৯ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া, চুক্তি প্রদানসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের হার ১৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে শতভাগে পৌঁছেছে। একইভাবে, দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের হার ২০ শতাংশ থেকে বেড়ে শতভাগে উন্নীত হয়েছে।

বিপিপিএ প্রধান বলেন, এসব পরিবর্তনের ফলে সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহি ও প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার আওতায় তিনটি মামলায় মো. আক্তার হোসেন আকাশ (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মিরাজ (২৪) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মো. আরিফ (২৭) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী ফাঁড়ির এএসআই হাবিবুর রহমান ও পুলিশের একটি দলও অংশগ্রহণ করে।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে জয় পাওয়ায়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৬ আগস্ট) তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দলের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অর্জন।' মন্ত্রী বলেসেন, দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি আরও বলেন, ‘এই জয় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে আনন্দিত ও গর্বিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনারও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিজয়।' মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও দেশের জন্য আরো গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান ও গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

রবিবার ময়মনসিংহে নেপ মিলনায়তনে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগ আয়োজিত 'প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বৃহত্তর কমিউনিটিকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষাঙ্গণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে সিলেট বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের বাকি ছয়টি বিভাগেও পর্যায়ক্রমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনা, পাইলটিং ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কারিকুলাম উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, ক্রীড়া শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন, কোনো শিশু যেন শ্রেণিকক্ষে বাইরে না থাকে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর জন্য পুষ্টিকর মিড-ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও ব্যাগসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের উপযোগী আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তর করা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিটি এলাকার ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রাগুলোও যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সরকারের নির্বাচনি ইশতেহারে প্রাথমিক শিক্ষা নিয়ে যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা নিশ্চিত করেই এসব পরিবর্তন বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার আগামী কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে স্পিকিং টেস্ট চালু করা হবে। শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক করতে একটি সমন্বিত আইটি ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে ইউনিক আইডি থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে পৃথক ওয়াশ ব্লকের পরিবর্তে স্কুল ভবনের মধ্যেই প্রয়োজনীয় ওয়াশ ব্লক স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে যেসব ভুল-ত্রুটি হচ্ছে, তার তুলনায় এ নিয়ে অপপ্রচারই বেশি হচ্ছে, তবে সরকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কাজ করছে।

ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে, অথচ মসজিদে সাধারণত এমন ঘটনা দেখা যায় না। এর পেছনে বড় কারণ হলো মানুষ মসজিদকে নিজের প্রতিষ্ঠান মনে করে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনেকেই নিজের প্রতিষ্ঠান হিসেবে ধারণ করে না। আমাদের লক্ষ্য হলো, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবার নিজের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

ময়মনসিংহ বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ।

এছাড়া, অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনসের পরিচালক এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলার পিটিআই সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%