০১:০৩ এম
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি বড় পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি ও সাংবাদিকদের ভিসা নিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এর ফলে কয়েক দশকের পুরোনো একটি ব্যবস্থার অবসান হতে যাচ্ছে। এতদিন বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেয়ে আসছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়মের ঘোষণা দেন।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পেতে যাচ্ছেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়
এদিকে, বিদেশি সাংবাদিকদের জন্য এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন থাকার অনুমতি দেওয়া হলেও চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন।
নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।
নতুন এই নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পরে কার্যকর হবে। তবে এর আগে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।
এই নিয়মের কারণে আগামী আগস্ট ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: শহীদদের রক্তের দায় নিয়ে মাঠে, কোনো ষড়যন্ত্রে পা দেব না: মামুনুল হক
ডিএইচএসের তথ্য অনুযায়ী, বিগত বছরে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। কিন্তু এই বিপুল সংখ্যার কারণে তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ছে বলে দপ্তরটি দাবি করেছে।
এদিকে অভিবাসন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছেন। তাদের মতে, এই নীতি গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, শিক্ষাদান ও গবেষণার খরচ এবং জটিলতা বৃদ্ধি পাবে। ফলে মেধা চর্চার কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন