বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সাত হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং এক মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় লেবুখালী টোল প্লাজার সংলগ্ন এলাকায়। এ সময় বাসে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলকে ব্যবহার করে বিভিন্ন মাদক চক্র দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের প্রচেষ্টা চালিয়ে আসছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করার সঙ্গে সঙ্গে নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানের আয়োজন করা হয়েছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
জব্দ করা মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
'সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি'—এ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন ও অপরাধ দমন সম্পর্কিত জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে একটি দিনব্যাপী সচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের সঞ্চালনায় আয়োজিত সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ৯ম, ১০ম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন ও সীমান্ত আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রচনা, কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে দুপুর থেকে সীমান্ত এলাকার অবহেলিত এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ এর আয়োজন করা হয়। ক্যাম্পে আগত প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিজিবির এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসীদের জন্য সম্পত্তি মালিকানার নতুন বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব সরকার। এর ফলে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা ও আল-উলাসহ নির্দিষ্ট কয়েকটি এলাকায় জমি ও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
সৌদির বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। গত ২৩ জুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সৌদির বাণিজ্যমন্ত্রী মাজিদ আল-কাসাবি বলেছেন, নতুন বিধিমালা কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌদির সাধারণ রিয়েল এস্টেট কর্তৃপক্ষ এরই মধ্যে বিদেশিদের জন্য অনুমোদিত ভৌগোলিক এলাকার তালিকা প্রকাশ করেছে। সে অনুযায়ী, মক্কায় বিদেশিরা আবরাজ মক্কা, আল-মানার, বুর্জ আজইয়াদ, কিং সালমান গেট, তিলাল ভিলেজ, জাবাল ওমর, ধাখির মক্কা, দাহিয়াত সুমু, মাসার এবং মক্কা জোন-১ ও জোন-২ এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।
সেইসঙ্গে মদিনায় অনুমোদিত এলাকার মধ্যে রয়েছে আল-ঘুররা, মদিনা জোন-১ ও জোন-২, আল-মাহওয়া, দারাত আল-হিজরা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল-মাকার, রুয়া আল-মদিনা, নলেজ ইকোনমিক সিটি এবং মিশরাফ।
ডেলয়েট মিডল ইস্টের রিয়েল এস্টেট প্রধান অলিভার মরগান বলেন, ‘মক্কা ও মদিনায় সুযোগগুলো বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে। ফলে, গুরুত্বপূর্ণ আবাসিক প্রকল্পগুলোর চাহিদা বাড়বে।’
বিদেশিদের জন্য রাজধানী রিয়াদ ও জেদ্দাতেও জমিজমা ও সম্পত্তি কেনার সুযোগ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রিয়াদে কিদ্দিয়া, নিউ মুরাব্বা, স্পোর্টস বুলেভার্ড, আর্টস ডিস্ট্রিক্ট, দিরিয়াহ গেট, কিং সালমান পার্ক, সিদরা, কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এলাকায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা। আর জেদ্দায় শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং উন্নয়ন জোন-১ থেকে জোন-৫৫ পর্যন্ত এলাকায় বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ দেওয়া হয়েছে। সেইসঙ্গে আল-উলায় জোন-১ থেকে জোন-১৭ পর্যন্ত এলাকাও এই তালিকায় রয়েছে।
নতুন বিধিমালার আওতায় সৌদির কয়েকটি বড় প্রকল্প এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিওম, আমালা, রেড সি প্রকল্প, জাজান বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রাস আল-খাইর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি।
সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুলজলিল আল-সাইফ বলেছেন, নতুন নিয়ম বিদেশি কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণে আরও স্বচ্ছ ও সুস্পষ্ট কাঠামো দেবে।
বিশ্লেষকদের মতে, নতুন নীতির ফলে সৌদির রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে। স্টেক প্রপার্টিজের সহপ্রতিষ্ঠাতা মানার মাহমাসানি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এখন স্পষ্টভাবে জানতে পারবেন কোথায় সম্পত্তি কেনা যাবে।
তিনি বলেন, রিয়াদ, জেদ্দা ও আল-উলার এসব এলাকা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এরই মধ্যে বিনিয়োগকারীদের নজরে রয়েছে।
সৌদির ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে দেশটির রিয়েল এস্টেট খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএমএআরসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদির রিয়েল এস্টেট বাজারের আকার প্রায় ৭৭ বিলিয়ন ডলার। ২০৩৪ সালের মধ্যে তা বেড়ে ১৪১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।
শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এই সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর ছিল।
প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।
তিনি দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক।
এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম চীন সফর। এর আগে, তারেক রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ২০০১ সালে চীন সফর করেছিলেন।
তিনি ওই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচা সংবর্ধনাতেও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী দক্ষিণ মেহেদীনগর এলাকার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি বারইয়ারহাট বাজারের একজন ব্যবসায়ী।
জানা যায়, রাস্তা পার হওয়ার সুযোগে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান জানিয়েছেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ