ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য সৌদির বড় সুখবর 


বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য সৌদির বড় সুখবর 

প্রবাসীদের জন্য সম্পত্তি মালিকানার নতুন বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব সরকার। এর ফলে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা ও আল-উলাসহ নির্দিষ্ট কয়েকটি এলাকায় জমি ও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা। 

সৌদির বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। গত ২৩ জুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। 

সৌদির বাণিজ্যমন্ত্রী মাজিদ আল-কাসাবি বলেছেন, নতুন বিধিমালা কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

সৌদির সাধারণ রিয়েল এস্টেট কর্তৃপক্ষ এরই মধ্যে বিদেশিদের জন্য অনুমোদিত ভৌগোলিক এলাকার তালিকা প্রকাশ করেছে। সে অনুযায়ী, মক্কায় বিদেশিরা আবরাজ মক্কা, আল-মানার, বুর্জ আজইয়াদ, কিং সালমান গেট, তিলাল ভিলেজ, জাবাল ওমর, ধাখির মক্কা, দাহিয়াত সুমু, মাসার এবং মক্কা জোন-১ ও জোন-২ এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।

সেইসঙ্গে মদিনায় অনুমোদিত এলাকার মধ্যে রয়েছে আল-ঘুররা, মদিনা জোন-১ ও জোন-২, আল-মাহওয়া, দারাত আল-হিজরা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল-মাকার, রুয়া আল-মদিনা, নলেজ ইকোনমিক সিটি এবং মিশরাফ।

ডেলয়েট মিডল ইস্টের রিয়েল এস্টেট প্রধান অলিভার মরগান বলেন, ‘মক্কা ও মদিনায় সুযোগগুলো বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে। ফলে, গুরুত্বপূর্ণ আবাসিক প্রকল্পগুলোর চাহিদা বাড়বে।’

বিদেশিদের জন্য রাজধানী রিয়াদ ও জেদ্দাতেও জমিজমা ও সম্পত্তি কেনার সুযোগ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রিয়াদে কিদ্দিয়া, নিউ মুরাব্বা, স্পোর্টস বুলেভার্ড, আর্টস ডিস্ট্রিক্ট, দিরিয়াহ গেট, কিং সালমান পার্ক, সিদরা, কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এলাকায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা। আর জেদ্দায় শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং উন্নয়ন জোন-১ থেকে জোন-৫৫ পর্যন্ত এলাকায় বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ দেওয়া হয়েছে। সেইসঙ্গে আল-উলায় জোন-১ থেকে জোন-১৭ পর্যন্ত এলাকাও এই তালিকায় রয়েছে।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

নতুন বিধিমালার আওতায় সৌদির কয়েকটি বড় প্রকল্প এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিওম, আমালা, রেড সি প্রকল্প, জাজান বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রাস আল-খাইর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি।

সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুলজলিল আল-সাইফ বলেছেন, নতুন নিয়ম বিদেশি কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণে আরও স্বচ্ছ ও সুস্পষ্ট কাঠামো দেবে।

বিশ্লেষকদের মতে, নতুন নীতির ফলে সৌদির রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে। স্টেক প্রপার্টিজের সহপ্রতিষ্ঠাতা মানার মাহমাসানি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এখন স্পষ্টভাবে জানতে পারবেন কোথায় সম্পত্তি কেনা যাবে।

তিনি বলেন, রিয়াদ, জেদ্দা ও আল-উলার এসব এলাকা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এরই মধ্যে বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

সৌদির ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে দেশটির রিয়েল এস্টেট খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএমএআরসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদির রিয়েল এস্টেট বাজারের আকার প্রায় ৭৭ বিলিয়ন ডলার। ২০৩৪ সালের মধ্যে তা বেড়ে ১৪১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

 

 

 

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।

অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এই সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর ছিল।

প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।

তিনি দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক।

এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম চীন সফর। এর আগে, তারেক রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ২০০১ সালে চীন সফর করেছিলেন।

তিনি ওই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচা সংবর্ধনাতেও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী দক্ষিণ মেহেদীনগর এলাকার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি বারইয়ারহাট বাজারের একজন ব্যবসায়ী।

জানা যায়, রাস্তা পার হওয়ার সুযোগে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান জানিয়েছেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে মিলিত হবেন।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন আজ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, এসব চুক্তি চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

মাহদী আমিন বলেন, উভয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা আশা করি, এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে, যা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে।’

বেইজিং (চীন), ২৫ জুন, ২০২৬ (বাসস) : মাহদী আমিন বলেন, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োয়িংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা, নদী খনন, নদীভাঙন রোধ, সেচ ও নৌ-নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য হয়। চীনা মন্ত্রী এ খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র যৌথ উদ্যোগে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে চীনের ৮০ জন প্রথম সারির ব্যাবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মালিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে কীভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী উপস্থিত ব্যবসায়িক নেতৃবৃন্দের সামনে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হতে পারে। তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি আনোয়ারা ও মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ১৫ দিনের কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের নতুন লাইসেন্স প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের পার্টি-টু-পার্টি বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা, টেকসই প্রবৃদ্ধি ও পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। এ সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে।

উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ, জনগণের সংযোগ ও পার্টি-টু-পার্টি সম্পর্ক আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়।

মাহদী আমিন বলেন, ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে এসে তিনি এই দেশ থেকে অনেক সমৃদ্ধ স্মৃতি নিয়ে গিয়েছিলেন। তাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ ও ১৯৮০ সালের ঐতিহাসিক সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে তাঁর মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতটি স্মরণীয় সফরের মাধ্যমে সেই বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার সেই দলীয় ও পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ-চীন অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। একইসঙ্গে তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে যে আন্তরিক আতিথেয়তা দেওয়া হয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে মাথায় রেখে চীনের সাথে সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর।

মাহদী আমিন বলেন, আমরা দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্ক গঠনের ক্ষেত্রে সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করতে চাই। বাংলাদেশ-চীন সম্পর্ককে বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর করতেই এই সফর। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, চীনে সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আজ স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হবে।

পরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

মাহদী আমিন বলেন, এগুলো চীন-বাংলাদেশ সম্পর্ককে আরো জোরদার করার পথে প্রভাবক হবে বলে আশা করছি।

আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মাহদী আমিন বলেন, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একজন সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং চীন সফরে যে মর্যাদা পাচ্ছেন এবং যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছেন, তা বিশ্ব দরবারে আমাদের জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে গাঁজা কেনার জন্য ইউএনওর কাছে টাকা চাইল যুবক, পরবর্তীতে...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


গভীর রাতে গাঁজা কেনার জন্য ইউএনওর কাছে টাকা চাইল যুবক, পরবর্তীতে...

শরীয়তপুরে গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে আটক হন এক যুবক, যিনি নেশাগ্রস্ত ছিলেন। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল কাইউম খান বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বুধবার (২৪ জুন) রাতে ঘটনাটি ঘটে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

দণ্ডিত বাবলু বেপারী নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার একজন বাসিন্দা।

জানা গেছে, বুধবার রাতে উপজেলা পরিষদের চত্বরে হাঁটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান বাসায় ছিলেন। এই সময় বাবলু বেপারী তার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তার অস্বাভাবিক আচরণ দেখে উপস্থিত লোকজন চমকে যান। প্রশাসনের সদস্যরা পরে তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, নেশাগ্রস্ত অবস্থায় একজন ব্যক্তি আমার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করে এবং অসংলগ্ন আচরণ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%