০৭:০৫ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনন্য উদ্যোগে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদ (রাজিব)। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ এবং এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, "মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের একক সংগ্রাম নয়, এটি আমাদের প্রতিটি পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের সন্তানেরা আগামীর বাংলাদেশ। তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, সে জন্য পরিবার থেকেই প্রথম প্রথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। সন্তান কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে-এই সচেতন দৃষ্টিটুকু প্রতিটি বাবার ও মায়ের দেওয়া সবচেয়ে বড় সুরক্ষা।"
আরও পড়ুন: কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বিশেষ অতিথির বক্তব্যে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ জীবনচর্চা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে সচেতন অভিভাবকত্ব এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনাই প্রধান শক্তি।"
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী বলেন, "তরুণ সমাজকে বিপথগামী করে একটি জাতি এগোতে পারে না। মাদকমুক্ত সমাজ ও শিক্ষাঙ্গন গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের একসূত্রে গাঁথতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানের আলো আর নৈতিক মূল্যবোধের দুর্গে পরিণত করতে হবে।"
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।
আরও পড়ুন: কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
অনুষ্ঠানের সমাপনী লগ্নে নেমে আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ উপস্থিত সকল শিক্ষার্থীকে মাদকবিরোধী দীপ্ত শপথ বাক্য পাঠ করান। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা সমস্বরে 'মাদককে না' বলার এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন