ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১,৫১৯


ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১,৫১৯

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ৫১৮ জনে পৌঁছেছে। হাসপাতালগুলোতে ভর্তির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টা) সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে এ রোগে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত এইডিস মশার প্রজননস্থল ধ্বংস করার, বাড়ির আশপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দিয়ে পরীক্ষায় নকলের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


এআই দিয়ে পরীক্ষায় নকলের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন পদত্যাগ করেছেন। দেশের প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ের আগে এই কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে চোই বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ঘটনাটি শুরু হয় ১৫ নভেম্বর। জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি অতি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে স্মার্টফোনের মাধ্যমে এআই ব্যবস্থায় পাঠাতেন এবং সেখান থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষা দেন। প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করেছিলেন তিনি। দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও একই কৌশলে জালিয়াতির কথা স্বীকার করেন ওই পরীক্ষার্থী। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘সুনেউং’ বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় পাঁচ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে সরকার শেষ মুহূর্তে একের পর এক নতুন বিধিনিষেধ আরোপ করে।

নতুন ব্যবস্থার আওতায় পরীক্ষার্থীদের স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট চশমা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে বলা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পোশাকের বোতাম, কলার, হাতার অংশ, চশমা ও ঘড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়, যাতে লুকানো ক্যামেরা বা অন্য কোনো যন্ত্র শনাক্ত করা যায়। পরীক্ষাকেন্দ্রের আশপাশে পাবলিক ওয়াই-ফাই বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়। এমনকি পরীক্ষার্থীদের জমা দেওয়া হয়নি—এমন কোনো চালু ডিভাইস শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংক্রান্ত অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে। তবে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে নিয়মকানুনে বারবার পরিবর্তন আনায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিনের পদত্যাগের পেছনে এই প্রস্তুতিগত বিশৃঙ্খলাও বড় কারণ হয়ে ওঠে। গত সোমবার পার্লামেন্টের এক শুনানিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন এআই ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত করতে কর্তৃপক্ষ শতভাগ সক্ষম কি না। জবাবে তিনি বলেন, নিজের বয়সের কারণে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তার এই মন্তব্যের পরও সমালোচনা শুরু হয়। পরীক্ষার আগের দিনগুলোতে শিক্ষামন্ত্রী নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে উপমন্ত্রীর মাধ্যমে নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

শিক্ষক সংগঠনগুলোও সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এআইনির্ভর জালিয়াতি ঠেকাতে আগেভাগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি; বরং শেষ মুহূর্তে পরীক্ষার নিয়ম বদলে পরিস্থিতি আরও জটিল করা হয়েছে। এআইয়ের যুগে প্রচলিত পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়নব্যবস্থা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছে তারা।

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত সম্ভাবনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় আট ঘণ্টার এই পরীক্ষাকে নির্বিঘ্ন রাখতে প্রতিবছর দেশজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ইংরেজি শ্রবণ অংশের ২৫ মিনিটে শব্দদূষণ কমাতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি বদলানো হয়। পরীক্ষার সময় সামরিক মহড়া, গোলাবর্ষণ ও ট্যাংক চলাচলও স্থগিত রাখা হয়। শেয়ারবাজার খোলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে এবং পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, ইয়োনহাপ নিউজ এজেন্সি ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শুরু রাস মেলা, নিরাপত্তায় বন বিভাগের বিশেষ টহল:তিন দিনের উৎসবে হাজারো পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা;

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির স্টাফ রিপোর্টার:

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শুরু রাস মেলা, নিরাপত্তায় বন বিভাগের বিশেষ টহল:তিন দিনের উৎসবে হাজারো পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা;

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের দুবলার চরের আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূজা। আজ রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। শেষ দিন প্রত্যুষের জোয়ারে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।

উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তাঁদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবনের বিভিন্ন নৌপথে বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।একসময় দুবলার চরের রাসমেলায় দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের সমাগম হতো। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে ঘিরে বসত নানা পণ্যের দোকান। উৎসবের আমেজে মুখর থাকত পুরো এলাকা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উৎসবে হাজারো পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পুণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে যাতায়াত করতে বলা হয়েছে।

২২ নভেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন থেকে ১০টি ইঞ্জিনচালিত ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু দুবলার চরের উদ্দেশে রওনা হন। তাঁরা বন বিভাগের অনুমতিপত্র নিয়ে নির্ধারিত পথে যাত্রা শুরু করেন।

খুলনা রেঞ্জের অধীন নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন বলেন, সকালে ১০টি ইঞ্জিনচালিত ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু অনুমতি নিয়ে যাত্রা করেছেন। নির্ধারিত নৌপথে তাঁদের দুবলার চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীরা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা অনিল মণ্ডল বলেন, সকালে নলিয়ান স্টেশন থেকে অনুমতি নিয়ে তাঁরা দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। বন বিভাগের কর্মীরা নিরাপত্তা দিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমান বলেন, পুরো সুন্দরবনে বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয়রা উপজেলার হড্ডা গ্রামের বাসিন্দা অনিতা মণ্ডল জানান, স্টেশনে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করে নির্ধারিত ফি নিয়ে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনুমতি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজাকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের একাধিক টহল দল দায়িত্ব পালন করছে। নির্ধারিত রুটের বাইরে চলাচল এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিম দায়িত্ব পালন করছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে, দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও নির্ধারিত তিথি অনুযায়ী ২২ নভেম্বর থেকে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। উৎসব পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের আসার কথা রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, পুণ্যার্থী ও দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত পথ ও রুট উল্লেখ থাকবে। যাতায়াতের সময় প্রয়োজনীয়সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে।

উৎসব চলাকালে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করা যাবে না। হরিণ ধরার ফাঁদ, করাতসহ বন্যপ্রাণী ও বনজ সম্পদের ক্ষতি করতে পারে—এমন অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে।এদিকে পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন বিভাগ। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রাস পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে এবং বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় দলবদ্ধভাবে দুবলার চরে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নৌযানগুলোতে স্টিকারের মাধ্যমে বিএলসি বা সিরিয়াল নম্বর এবং পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে একটি করে টোকেন। পাশাপাশি সবার সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন বিভাগের এ কর্মকর্তা জানান, কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এবারের রাস উৎসব আয়োজন করা হয়েছে।

যাতায়াতের অনুমোদিত ৫টি রুট হলো:

১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।

২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।

৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।

৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন ও তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।

৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাহির দিয়ে দুবলারচর।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উৎসব শেষ না হওয়া পর্যন্ত বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।(ছবি সংযুক্ত আছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওষুধ আবিষ্কারের গবেষণায় নতুন দিগন্ত: বাংলাদেশের ‘ডনডক’ সফটওয়্যার যুক্তরাষ্ট্রের ‘পাইরেক্স’কে ফেলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ওষুধ আবিষ্কারের গবেষণায় নতুন দিগন্ত: বাংলাদেশের ‘ডনডক’ সফটওয়্যার যুক্তরাষ্ট্রের ‘পাইরেক্স’কে ফেলল

নতুন ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণা সাধারণত বিশাল ব্যয়, সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং ব্যয়বহুল বিদেশী সফটওয়্যারের ওপর নির্ভরশীল। এই দীর্ঘদিনের প্রচলিত ধারণায় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার ‘ডনডক’ (DawnDock) তৈরি করেছেন বাংলাদেশি গবেষক এসকে ফয়সাল আহমেদ। তিনি ‘ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী। উদ্ভাবিত এই সফটওয়্যারটি নির্ভুলতার পরীক্ষায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সফটওয়্যার ‘পাইরেক্স’-কেও (PyRx) ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড ‘অ্যাস্টেক্স ডাইভার্স সেট’-এ পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, ডনডকে যুক্ত নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক জিনিনা (GNINA) ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। একই পরীক্ষায় পাইরেক্সে ব্যবহৃত প্রচলিত ‘অটোডক ভিনা’ ইঞ্জিনের নির্ভুলতা ৫২ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে।

নতুন কোনো ওষুধ তৈরির প্রক্রিয়ার শুরুতে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়, রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে কোন রাসায়নিক অণু কার্যকরভাবে যুক্ত হতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মলিকিউলার ডকিং’। এই ধাপটি গবেষণার সময় ও খরচ বহুলাংশে কমিয়ে দেয়, যা সরাসরি রাসায়নিক পরীক্ষার আগে করা হয়।

পাইরেক্স সফটওয়্যারে প্রোটিন প্রস্তুতি এবং ডকিংয়ের ফলাফল বিশ্লেষণের জন্য গবেষকদের প্রায়ই একাধিক পৃথক সফটওয়্যারের সাহায্য নিতে হয়। তবে ডনডক পাঁচটির বেশি ডকিং ইঞ্জিন যুক্ত থাকায় প্রোটিন প্রস্তুত করা, সম্ভাব্য সংযুক্তি বিশ্লেষণ এবং ওষুধের কার্যকারিতা যাচাইয়ের সব কাজ একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা সম্ভব। এছাড়া, ডকিংয়ের পর প্রোটিন ও রাসায়নিক অণুর মধ্যকার সাত ধরনের রাসায়নিক মিথস্ক্রিয়াও নিখুঁতভাবে বিশ্লেষণ করা যায়।

মলিকিউলার ডকিংয়ের সাফল্য নির্ভর করে প্রোটিনের নির্দিষ্ট সংযুক্তিস্থল বা ‘বাইন্ডিং পকেট’ সঠিকভাবে শনাক্ত করার ওপর। প্রচলিত পাইরেক্স সফটওয়্যারে ব্যবহারকারীকে অনেক ক্ষেত্রে নিজেই প্রোটিনের গ্রিড বক্স বা নির্দিষ্ট অংশ নির্বাচন করে দিতে হয়, যা সময়সাপেক্ষ ও ত্রুটিপূর্ণ হতে পারে। বিপরীতে, ডনডক ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বাইন্ডিং পকেট শনাক্ত করতে সক্ষম বলে নির্মাতারা জানিয়েছেন।

ডনডকের এই উদ্ভাবন বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ থেকে ওষুধ আবিষ্কারের পথকেও সুগম করেছে। এর আগে একই গবেষক দল দেশের সাত শতাধিক ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি রাসায়নিক উপাদানের (ফাইটোকেমিক্যাল) তথ্য নিয়ে তৈরি করেছিল ‘বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিক্যালস ডেটাবেজ’ (বিএমপিপিডি)। এখন গবেষকেরা সেই ডেটাবেজের উপাদানগুলো সরাসরি ডনডকের মাধ্যমে বিশ্লেষণ করে দেখতে পারবেন, দেশীয় কোনো উদ্ভিদের উপাদান ক্যানসারসহ জটিল রোগের প্রোটিন প্রতিরোধে সক্ষম কি না।

উদ্ভাবনটির পেছনের দর্শন তুলে ধরে এসকে ফয়সাল আহমেদ বলেন, ‘বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশ বা অভিজাত গবেষণাগারের চার দেয়ালে বন্দী থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছি, দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীও যেন নিজের কম্পিউটারে বসে আন্তর্জাতিক মানের ওষুধ আবিষ্কারবিষয়ক গবেষণার প্রাথমিক কাজ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই ডনডকের জন্ম। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগও সেই চিন্তারই অংশ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সলিল চৌধুরীর গানে সুরের মূর্ছনা, ‘ঠুমরী’র আয়োজনে মুগ্ধতার সন্ধ্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


সলিল চৌধুরীর গানে সুরের মূর্ছনা, ‘ঠুমরী’র আয়োজনে মুগ্ধতার সন্ধ্যা

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত ‘শতবর্ষে সলিল চৌধুরী’ শীর্ষক এই আয়োজন সুর, স্মৃতি ও আবেগের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

সলিল চৌধুরীর কালজয়ী সব গানের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। বাংলা গানের স্বর্ণযুগের সুর ও সৃষ্টির মাধুর্য মনভরে উপভোগ করেন তারা। ‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা...’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ সন্ধ্যায় শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় সলিল চৌধুরীর জনপ্রিয় ও কালজয়ী গান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খন্দকার আনাম শাকিল, অনিরুদ্ধ সেনগুপ্ত, মান্নু জাহিদ ও আফসানা রুনা। সংগীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন জাহাঙ্গীর চৌধুরী, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।

সলিল চৌধুরী বাংলা ও হিন্দি সংগীতের এমন এক কিংবদন্তি, যার সৃষ্টিতে লোকজ সুর, পাশ্চাত্য সংগীতের প্রভাব, ধ্রুপদি সংগীত ও আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। তার গান বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সময়, সমাজ, প্রেম, প্রকৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য শিল্পভাষ্য। সময়ের পরিক্রমায় তাঁর অনেক গান আজও সমান জনপ্রিয় ও শ্রোতাদের হৃদয়ে অমলিন রয়েছে।

২০১৯ সালের ২৭ এপ্রিল ‘ঠুমরী’র প্রথম আয়োজন বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি নিবেদন করা হয়। একই বছরের ১৯ জুলাই সংগঠনটির দ্বিতীয় আয়োজন ছিল নজরুল-রবীন্দ্রজয়ন্তী। পরবর্তী সময়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে আসছে সংগঠনটি। সম্প্রতি মহানায়ক উত্তম কুমার ও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণেও বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ‘ঠুমরী’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%