ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সলিল চৌধুরীর গানে সুরের মূর্ছনা, ‘ঠুমরী’র আয়োজনে মুগ্ধতার সন্ধ্যা


সলিল চৌধুরীর গানে সুরের মূর্ছনা, ‘ঠুমরী’র আয়োজনে মুগ্ধতার সন্ধ্যা

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত ‘শতবর্ষে সলিল চৌধুরী’ শীর্ষক এই আয়োজন সুর, স্মৃতি ও আবেগের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

সলিল চৌধুরীর কালজয়ী সব গানের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। বাংলা গানের স্বর্ণযুগের সুর ও সৃষ্টির মাধুর্য মনভরে উপভোগ করেন তারা। ‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা...’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ সন্ধ্যায় শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় সলিল চৌধুরীর জনপ্রিয় ও কালজয়ী গান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খন্দকার আনাম শাকিল, অনিরুদ্ধ সেনগুপ্ত, মান্নু জাহিদ ও আফসানা রুনা। সংগীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন জাহাঙ্গীর চৌধুরী, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।

আরও পড়ুন: ‘সন্তানকে দামি উপহার নয়, সময় দিন’— কেভিন হার্টের আহ্বান

সলিল চৌধুরী বাংলা ও হিন্দি সংগীতের এমন এক কিংবদন্তি, যার সৃষ্টিতে লোকজ সুর, পাশ্চাত্য সংগীতের প্রভাব, ধ্রুপদি সংগীত ও আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। তার গান বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সময়, সমাজ, প্রেম, প্রকৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য শিল্পভাষ্য। সময়ের পরিক্রমায় তাঁর অনেক গান আজও সমান জনপ্রিয় ও শ্রোতাদের হৃদয়ে অমলিন রয়েছে।

২০১৯ সালের ২৭ এপ্রিল ‘ঠুমরী’র প্রথম আয়োজন বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি নিবেদন করা হয়। একই বছরের ১৯ জুলাই সংগঠনটির দ্বিতীয় আয়োজন ছিল নজরুল-রবীন্দ্রজয়ন্তী। পরবর্তী সময়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে আসছে সংগঠনটি। সম্প্রতি মহানায়ক উত্তম কুমার ও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণেও বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ‘ঠুমরী’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ৭ দফা দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ইসলামী ব্যাংকের গ্রাহকদের ৭ দফা দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং এস আলম গ্রুপের সম্পদ বাজেয়াপ্তসহ সাত দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে ব্যাংকের তিন কোটি গ্রাহক ও শেয়ারহোল্ডারদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের তিন কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলো এসব দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকার করলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ধ্বংসের নীলনকশা বাস্তবায়নকারী এস আলমকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। জনস্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেও সরকারের ভেতরের একটি অংশ এস আলম গ্রুপের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করছে।

অধ্যাপক নুর নবী মানিক আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেন ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের নামে ব্যাংকটিকে সরকারের হাতে তুলে দেওয়ার নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন। ইসলামী ব্যাংককে কোনোভাবেই সরকার কিংবা এস আলমের হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যেকোনো ষড়যন্ত্র গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। চলমান ষড়যন্ত্র বন্ধ না হলে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা রাজপথে নামতে বাধ্য হবেন।

সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট আরও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট সমাধানে অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকারের নীরব ভূমিকা দেখে মনে হচ্ছে, শান্তিপূর্ণভাবে দাবিগুলো বাস্তবায়নে সরকার আগ্রহী নয়। ফোরামের নেতৃত্বে হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে তিন কোটি গ্রাহক তাঁদের আমানতের সুরক্ষা ও ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সমাবেশে ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন। সংগঠনটির দাবি, পাঁচ মাসের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে দৃশ্যমান অগ্রগতি নেই।

দ্বিতীয় দাবিতে ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে কেড়ে নেওয়া ব্যাংকের প্রকৃত মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ফোরামের অভিযোগ, এস আলমের অবৈধভাবে দখল করা ৮২ শতাংশ শেয়ার উদ্ধার করে মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধির নামে ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ার সরকারের হাতে তুলে দেওয়ার আয়োজন চলছে।

তৃতীয় দাবিতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পরিবর্তে পূর্ণাঙ্গ এমডি নিয়োগ, ব্যাংকের ভেতরে এস আলমের সহযোগীদের চিহ্নিত করে অপসারণ এবং চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে পাঠানো জ্যেষ্ঠ নির্বাহীদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

চতুর্থ দাবিতে ইসলামী ব্যাংকগুলোকে ঘিরে আতঙ্ক দূর করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পঞ্চম দাবিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে এস আলমের বিরুদ্ধে ব্যাংক থেকে লুণ্ঠিত ৮২ হাজার কোটি টাকা উদ্ধারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধ এবং অর্থঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে ব্যাংকের দেনা পরিশোধের দাবি করা হয়েছে।

ষষ্ঠ দাবিতে এস আলমের পুনর্বাসন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অপতৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। এ ছাড়া ব্যাংকের দায়ের করা মামলার কার্যক্রম দুর্বল করার উদ্দেশ্যে যোগ্য আইনজীবী পরিবর্তনের অভিযোগ তুলে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সংগঠনটি।

সপ্তম দাবিতে ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রং ফরসাকারী ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত ১৭ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রং ফরসাকারী ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত ১৭ বছরের কিশোরী

সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারদের প্রচারণার প্রভাবে অনলাইনে কেনা একটি রং ফরসাকারী ক্রিম ব্যবহারের পর কেরালার ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা শনিবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন।

কেরালার মালাপ্পুরমের 'অ্যাস্টার মিমস মাদার হাসপাতালের' চিকিৎসকদের মতে, ওই কিশোরী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের প্রচারণামূলক ভিডিও দেখে ক্রিমটি অর্ডার করেছিল। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল যে, এই ক্রিম ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে সক্ষম।

কিশোরীটি সাংবাদিকদের জানায়, ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সে পণ্যটি অর্ডার করেছিল। প্রথমদিকে ক্রিমটি ব্যবহার করে ভালো ফল পাওয়ার পর এক বছরের মধ্যে সে আরও কয়েক বোতল ক্রিম কিনে ব্যবহার করে।

কিশোরীটি জানায়, এরপর থেকেই তার শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে শুরু করে। এর মধ্যে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা ছিল। পাশাপাশি তার পা ফুলে যায়, যার ফলে হাঁটাচলা করা এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে সে চিকিৎসার জন্য হাসপাতালে যায়।

কিশোরীর চিকিৎসাধীন নেফ্রোলজিস্ট (কিডনি রোগ বিশেষজ্ঞ) ডা. গৌরী এস সাংবাদিকদের জানান, বিস্তারিত শারীরিক পরীক্ষায় তার রক্তে ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের (মার্কারি) উপস্থিতি পাওয়া গেছে।

ডা. গৌরী বলেন, “পারদ কিডনির ছাঁকনি বা ফিল্টারিং ইউনিটগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।” তিনি আরও জানান, ওই কিশোরী 'মেমব্রেনাস নেফ্রোপ্যাথি' নামক একটি গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে, যা চিকিৎসা না করালে ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি করতে পারে।

চিকিৎসক জানান, ওই ক্রিমটি পরীক্ষা করে তাতে প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে, যেখানে স্বাভাবিক অনুমোদিত মাত্রা ১ পিপিএমেরও কম। পরীক্ষায় এটি স্পষ্ট হয়েছে যে, অতিরিক্ত পারদযুক্ত এই ক্রিম ব্যবহারের ফলেই কিশোরীটির কিডনি বিকল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

রং ফরসাকারী ক্রিমের মাধ্যমে রাতারাতি ফল পাওয়া বা ত্বকের রং দ্রুত উজ্জ্বল করার চটকদার বিজ্ঞাপন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডা. গৌরী। তিনি বলেন, ত্বকের কোনো সমস্যা দেখা দিলে এ ধরনের পণ্যের ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেওয়া উচিত।

ভুক্তভোগী কিশোরী জানায়, শারীরিক সমস্যার বিষয়টি সে সংশ্লিষ্ট কোম্পানিকে জানিয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পায়নি। তার অভিযোগ, কোম্পানিটি শুরুতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দিলেও পরে তার মেসেজের আর কোনো উত্তর দেয়নি।

এ ঘটনায় কিশোরীটির পরিবার সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ভোক্তা আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইনি প্রক্রিয়ার স্বার্থে তারা এখনই ক্রিমটির নাম প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণফোন কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্সে গোল্ড পুরস্কার অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


গ্রামীণফোন কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্সে গোল্ড পুরস্কার অর্জন করেছে

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই সম্মাননা গ্রামীণফোনকে প্রদান করা হয়েছে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উচ্চ মান বজায় রাখার ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ।

গ্রামীণফোন কর্পোরেট সুশাসনের উচ্চ মানদণ্ড বজায় রাখছে কঠোরভাবে সুশাসনের চর্চা, তথ্য প্রকাশে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক আচরণ, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ওপর ধারাবাহিক গুরুত্বারোপের মাধ্যমে। এই পুরস্কার সেই প্রচেষ্টারই প্রতিফলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং কোম্পানি সেক্রেটারি এস.এম. ইমদাদুল হক। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

পুরস্কার গ্রহণের পর গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোনে সুশাসন বিষয়টি শুধু নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা কীভাবে সিদ্ধান্ত নিই, ব্যবসা পরিচালনা করি এবং আমাদের অংশীজনদের প্রতি জবাবদিহি নিশ্চিত করি- এমন প্রতিটি ক্ষেত্রে তা মিশে আছে। আস্থা অর্জন এবং টেকসই ও দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ভিত্তি হিসেবে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং দায়িত্বশীল সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সংহত করলো এই পুরস্কার।”

কর্পোরেট সুশাসনে উৎকর্ষ প্রদর্শনকারী কোম্পানিগুলোকে স্বীকৃতি দিতে এবং কর্পোরেট খাতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতাকে উৎসাহিত করার লক্ষ্যে আইসিএসবি ২০১৪ সালে বাংলাদেশে ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ প্রবর্তন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী: শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


শিক্ষামন্ত্রী: শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ সৃষ্টি করা যাবে না।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা উচিত নয়। তিনি বলেন, "এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যা আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে।" তিনি আরও বলেন, "এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।"

শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগগুলো বিবেচনা করা আবশ্যক। তিনি সতর্ক করেন যে, কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা।" তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে।

পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন।

তবে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি। তিনি বলেন, "বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%