ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চার বছর পর বিদায়ী ম্যাচে ফিরছেন তেভেজ, খেলবেন মেসি


চার বছর পর বিদায়ী ম্যাচে ফিরছেন তেভেজ, খেলবেন মেসি

আর্জেন্টাইন ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও কার্লোস তেভেজ আবারও একসঙ্গে উপস্থিত হবেন। ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া তেভেজের বিদায়ী ম্যাচে মেসি অংশগ্রহণ করবেন। এই তথ্যটি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মাধ্যমে জানানো হয়েছে ডেইলি স্পোর্টস।

তেভেজের বিদায়ী অনুষ্ঠানে আর্জেন্টাইন ফুটবলের আরও কিছু পরিচিত মুখের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মেসির পাশাপাশি সেখানে থাকবেন দেশের সাবেক তারকা ও বোকা জুনিয়র্সের কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। গত অক্টোবরের শেষের দিকে রিও ফার্দিনান্দের সঙ্গে একটি সাক্ষাৎকারে রিকেলমের অংশগ্রহণের বিষয়টি তেভেজ নিজেই উল্লেখ করেছিলেন।

আয়োজনের ম্যাচটি হবে বোকা জুনিয়র্সের বিপক্ষে, যেখানে তেভেজের বন্ধুদের নিয়ে গড়া একটি দল অংশ নেবে। লা বোম্বোনেরা ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনে বিশেষ আবেগ রয়েছে। পেশাদার ফুটবলে তেভেজের যাত্রা শুরু হয়েছিল বোকা জুনিয়র্সের হয়ে এবং ক্যারিয়ারের শেষটাও একই ক্লাবে হয়েছে। তাই তাঁর ফুটবলজীবনের বিদায়ী আয়োজনের জন্য এই স্টেডিয়ামটি বিশেষ তাৎপর্য বহন করে।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে নেই জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা

২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তেভেজ। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং ১৩টি গোল করেছেন। দীর্ঘদিনের সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতিতে ২০ ডিসেম্বরের আয়োজনটি কেবল তেভেজের বিদায় নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের পরিচিত কিছু মুখের পুনর্মিলনও হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জ আদালত চত্বরে ভুয়া কাজী সন্দেহে এক ব্যক্তিকে আটক, পরে পালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


মানিকগঞ্জ আদালত চত্বরে ভুয়া কাজী সন্দেহে এক ব্যক্তিকে আটক, পরে পালানোর অভিযোগ

মানিকগঞ্জ আদালত চত্বরে আইনজীবীদের দ্বারা আহসান লিটন নামের একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি ভুয়া কাজী হিসেবে সন্দেহভাজন। আটককৃত ব্যক্তির কাছ থেকে একাধিক বিয়ের রেজিস্টার বই এবং ২১টি সিল উদ্ধার করার দাবি করা হয়েছে। তবে, আটক হওয়ার পর ওই ব্যক্তি কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।

এই ঘটনা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে ঘটে।

অ্যাডভোকেট হাফিজুর রহমান হীরা জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা রেজিস্টার বই ও সিলগুলো নিয়ে তদন্ত চলছে। আইনজীবীদের দাবি, আটক হওয়ার পর একপর্যায়ে তিনি পালিয়ে যান।

সংশ্লিষ্টদের অভিযোগ, আদালত চত্বরে বিয়ে নিবন্ধনের নামে ভূয়া রেজিস্টার বই ব্যবহার করে অনিয়ম করা হচ্ছে। অভিযোগ রয়েছে যে, এসব রেজিস্টার বইয়ে বর-কনের নাম ও ঠিকানা উল্লেখ না করে শুধুমাত্র টিপসই নেওয়া হচ্ছে। এছাড়া, কাবিননামায় দেনমোহরের পরিমাণ পরিবর্তন করেও প্রতারণার ঘটনা ঘটছে।

অবশ্য অভিযুক্ত আহসান লিটন তাঁর কাছ থেকে রেজিস্টার বই ও সিল উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছেন এবং নিজেকে আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী বলে দাবি করেছেন।

অন্যদিকে, কৃষ্ণপুর ইউনিয়নের কাজী নুরুল ইসলাম জানিয়েছেন, আদালত এলাকায় বিয়ে পড়ানো বা নিবন্ধনের জন্য তাঁর কোনো প্রতিনিধি নেই। তিনি অভিযোগ করেছেন, কিছু আইনজীবীর সহকারী ও মুহুরি কাবিননামায় দেনমোহরের পরিমাণ পরিবর্তন করে প্রতারণা করছেন। তিনি দাবি করেন যে, এক লাখ টাকার দেনমোহরকে ১০ লাখ টাকা এবং ১০ লাখ টাকার দেনমোহরকে এক লাখ টাকা উল্লেখ করে প্রতারণার ঘটনা ঘটছে।

আদালত চত্বরে বিয়ে নিবন্ধনের নামে অনিয়ম ও প্রতারণার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ‘স্ক্রিপ্টেড’ ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা, আগে থেকেই প্রস্তুত ছিল ট্রফি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ‘স্ক্রিপ্টেড’ ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা, আগে থেকেই প্রস্তুত ছিল ট্রফি

খেলার মাঠে গড়ানোর পূর্বেই দুই দলের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নির্ধারিত হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়েছিল। এর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল।

৮০ মিনিট খেলার কথা থাকলেও দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। কোনো দল গোল করতে না পারায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। পুরো ঘটনাকে ‘স্ক্রিপ্টেড’ বা পাতানো বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। অনুসন্ধানে খেলোয়াড়দের বক্তব্য, ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অর্ধেক, অর্থাৎ ৪০ মিনিটেই খেলা শেষ করা হয়। গোলশূন্য ড্রয়ের পর বাইলজের নিয়ম দেখিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

তবে ফাইনালকে ঘিরে পাতানো ম্যাচের অভিযোগ খেলোয়াড়দের ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে আসে। পরে খেলোয়াড় কমিটি ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিষয়টি আরও পরিষ্কার হয়। অনুসন্ধানে জানা যায়, ফাইনালের আগেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়েছিল।

বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেমিফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠার পরই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা শুরুর আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সূত্রের দাবি, মূলত দুটি আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে চ্যাম্পিয়ন হলে রাবি স্টেডিয়ামে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, স্টেডিয়ামে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক খেলা উপভোগ করবেন। তার উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে—এমন বিবেচনা থেকেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, খেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাইলজ অনুযায়ী ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা থাকলেও গোলশূন্য ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম রয়েছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল পরিচালনা কমিটি, দুই দলের কোচ-অধিনায়ক ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, খেলা শুরুর অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু, সহকারী কোচ মোহাম্মদ তারিকুল আনাম, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিক, পরিচালক রোকসানা বেগম (টুকটুকি) এবং দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদ। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান কোচ মো. তাজুল ইসলাম ও অধিনায়ক মো. রোকনুজ্জামান রোকন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্ধারিত সময়ে কোনো দলই গোল করবে না। মাঝমাঠে ‘অভিনয়ের’ মাধ্যমে খেলা চালিয়ে নেওয়া হবে। পরে বাইলজের নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র দেখিয়ে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এদিকে, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার জন্য আগে থেকেই দুটি ট্রফি প্রস্তুত রাখা হয়েছিল বলেও নিশ্চিত হওয়া গেছে।

যা বলছেন খেলোয়াড়রা

রাবি ফুটবল টিমের ডিফেন্ডার (স্টপার) আকিস মার্ডী জানান, নাটকের শুরুটা হয় ওয়ার্মআপের পর, যখন তারা সেরা একাদশ নিয়ে মাঠে নামেন। মাঠের ভেতরে প্রেয়ার শেষ হওয়ার পর ক্যাপ্টেন সতীর্থদের উদ্দেশে বলেন, তারা কোনো গোল করবেন না এবং সেভাবে আক্রমণেও যাবেন না। অন্যদিকে, প্রতিপক্ষ দলও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামে। উদ্দেশ্য ছিল, গোলশূন্য অবস্থায় খেলা শেষ করে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা।

আকিস মার্ডী আরও বলেন, কিন্তু তারা যে শুধুই দাবার গুটি, সেই বিষয়টি তখনো বুঝতে পারেননি। আসলে সেই মুহূর্তে কী করা উচিত, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। না কেউ মাঠ থেকে উঠতে পারছিলেন, না কাউকে কিছু বলতে পারছিলেন। কারণ সবাই মুখোশ পরা ব্যক্তি। অবশেষে ম্যাচ শেষে বিতর্কিত যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা। মাঝে মাঝে মন চাইছে বিষ খেয়ে মরে যাই এই কলঙ্কের বোঝা নিতে না পেরে, যে কলঙ্কের দাগ পড়ছে আদৌ কি মরে গিয়েও শান্তি মিলবে?

ঠিক একই কথা স্বীকার করে এক ফেসবুক পোস্টে রাবি ফুটবল টিমের মিডফিল্ডার (মধ্যমাঠ) মো. মখলেসুর রহমান আকাশ বলেন, জানি না, ক্যাপ্টেনকে কখন, কারা, কী বলেছে। তবে তার কাছে মনে হয়, এই বিষয়ে ক্যাপ্টেনের উচিত ছিল তাদের সঙ্গে আলোচনা করা। কিন্তু জানি না কেন ক্যাপ্টেন মাঠে নামার আগে উক্ত বিষয় নিয়ে আলোচনা করলেন না। তারপর ক্যাপ্টেন মাঠে প্রবেশের পরই তাদের বিষয়টি জানিয়েছেন।

এদিকে, ফেসবুকে এসব বিষয় উল্লেখ করে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর দুজনই তাদের পোস্টগুলো মুছে দেন। তবে কোনো চাপের মুখে পড়ে, নাকি অন্য কোনো কারণে তারা পোস্টগুলো ডিলিট করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ কথা স্বীকার করে রাবি ফুটবল টিমের আরেক মিডফিল্ডার মেহেদী হাসান জানিয়েছেন, ‘আপনারা যা দেখেছেন, এর সাথে আমার ন্যূনতম জানাশোনা ছিল না। মাঠে নেমে বিষয়টি জেনেছিলাম। এর প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন ও ব্যক্তিগত মেডেল না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রুমে চলে আসছি। চ্যাম্পিয়ন উপলক্ষে খেলোয়াড়দের যত সুযোগ-সুবিধা দিবে সেগুলোও নিব না। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের হয়ে আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে রাবি ফুটবল দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না। বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং কোনো আক্রমণে না গিয়ে গোলশূন্য ড্র করতে খেলোয়াড়দের চাপ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি অনেক বড় বিষয়। তিনি বাইরে আছেন, এখানকার কিছু বুঝতে পারছেন না। নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান রোকন বলেন, তারা পরিস্থিতির শিকার, তাদের কিছু করার ছিল না। অধিনায়ক হিসেবে কিছু করতে না পারায় তিনি ক্ষমাপ্রার্থী।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে দুই দলের ছয়জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না খেলোয়াড়েরা। তবে ওয়ার্মআপ শেষে দুই দলের অধিনায়ক তাদের এভাবে খেলতে নির্দেশ দেন। খেলোয়াড়েরা নিজেদের ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেছেন। অধিনায়করাও বিষয়টিকে ‘পরিস্থিতির শিকার’ ও ‘ওপরের চাপ’ হিসেবে উল্লেখ করে দায় এড়িয়ে গেছেন।

যা বলছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাবির শিক্ষার্থী ও মাঠে উপস্থিত দর্শকেরা। শিক্ষার্থীদের অভিযোগ, খেলা শুরুর আগেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়। তাদের মতে, এমন ‘পাতানো’ ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করাও ক্রীড়াসুলভ আচরণ নয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের বহিষ্কারের দাবিও জানান তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিশকাত আহমেদ শাকিল বলেন, দুই দলকেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে বহিষ্কার করতে হবে।

আরেক শিক্ষার্থী রাজ্জাকুল ইসলাম তারিক বলেন, স্বাগতিকদের ধিক্কার জানাই। এমন একটি খেলা দেখার জন্য অনেকে নিজেদের প্রয়োজনীয় কাজ ফেলে মাঠে এসেছিলেন। বিশ্ববিদ্যালয়জীবনে মাঠে এত দর্শক তিনি আগে দেখেননি। অথচ শেষ পর্যন্ত সবাইকে ধোঁকা দেওয়া হলো। সবার প্রতি অনুরোধ, রাবি দলের খেলা বর্জন করুন। তারা নিজেরাই খেলুক আর এমন লজ্জাজনক চ্যাম্পিয়নত্ব নিয়ে নিজেরাই উল্লাস করুক।

রাজশাহী কলেজ থেকে খেলা দেখতে আসা এক দর্শক বলেন, খেলা দেখতে অনেক আগ্রহ নিয়ে মাঠে এসেছিলাম। কিন্তু এমন একটি ফাইনাল দেখে হতাশ হয়েছি। হাজারো দর্শকের আবেগ ও সময়ের কোনো মূল্য দেওয়া হয়নি। খেলার নামে এমন সমঝোতা মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আয়োজক কমিটি, কোচ, পরিচালকরা কী বলছেন

এ বিষয়ে কথা হয় রাবি শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিকের সঙ্গে। তিনি বলেন, তিনি খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য দায়িত্বে ছিলেন। এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

ফাইনাল ম্যাচ পাতানো ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, তবে তার কাছে মনে হয়, স্বাগতিক মাঠে কোনো ধরনের ঝামেলা এড়াতেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়ে থাকতে পারে, যাতে কোনো সমস্যা না হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বাইলজ অনুযায়ীই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং খেলোয়াড়দের আক্রমণে না গিয়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। আপনি সহকারী কোচ তারেকের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বিষয়টি আপার (রোকসানা বেগম) সঙ্গে কথা বলেন, তার কিছু জানা নেই।

এ বিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগমের সঙ্গে। খেলাটি আগে থেকেই পাতানো ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোনো পাতানো খেলা ছিল না। এটা কি সম্ভব? মাঠে কী হয়েছিল, সেটা খেলোয়াড়রাই বলতে পারবে। আমি বলতে পারব না, এটা আমার বলার কথাও নয়। খেলাটা সুন্দর সুশৃঙ্খল কোনো ঝামেলা ছাড়া শেষ করেছি, এটাই কি আমার অপরাধ?

খেলোয়াড়দের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, যারা ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে, তারা হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটি করছে। তা না হলে মাঠের মধ্যে বিষয়টি শোনার পর সে বের হয়ে চলে আসেনি কেন? পরে স্ট্যাটাস দিয়ে জানাবে কেন? তার মনে হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। একটি সুন্দর খেলাকে বিতর্কিত করার জন্যই এমনটি করা হচ্ছে।

এ বিষয়ে জানতে রাবি ফুটবল দলের সহকারী কোচ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের প্রধান কোচের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

আইন কী বলছে?

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২১ ধারা অনুযায়ী ম্যাচ ফিক্সিংয়ের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংয়ে অনধিক ৭ বছর কারাদণ্ড, বা অনূর্ধ্ব ১ কোটি টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ড হতে পারে। এ ছাড়া আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে সংশ্লিষ্ট ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, খেলাটা যখন আনপ্রেডিক্টেবল হবে, তখনই সবাই খেলাকে উপভোগ করবে। কিন্তু এটা যদি আগে থেকেই পূর্বপরিকল্পিত থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। এবং ফিক্সিংয়ের মতো কাজের সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক, অবশ্যই তারা অন্যায় কাজ করেছে।

ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা এবং ভবিষ্যতে আয়োজিত কোনো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

জানতে চাইলে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইন রয়েছে। সেখানে মামলা হতে পারে, অর্থদণ্ড ছাড়াও খেলা থেকে বহিষ্কারও হতে পারে।

যা বলছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও রাবি প্রশাসন

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, তিনি এমনিতেই প্রতিদিন খেলা দেখতে যেতেন। কিন্তু ফাইনাল খেলায় তিনি বারবার বলছিলেন যে মেহেদী বল পাস দিচ্ছে না কেন? তারা এসব বিষয়ে ন্যূনতম অবগত ছিলেন না এবং অবগত থাকার প্রশ্নই আসে না। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণ হলে অবশ্যই শাস্তি পাবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে রাবি প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি ও মন্ত্রী মহোদয় একসঙ্গে খেলার দ্বিতীয়ার্ধ গ্যালারিতে বসে দেখেছেন। সময় যত গড়াচ্ছিল, খেলা দেখে তার সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল, শুধু মাঝমাঠেই খেলা হচ্ছে, কোনো দলই আক্রমণে যাচ্ছে না। এতে তারা খেলাটি উপভোগও করতে পারছিলেন না। তবে তখন কাউকে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। খেলা এত দ্রুত শেষ হওয়া এবং দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করায় তিনি ও মন্ত্রী মহোদয় দুজনেই বিস্মিত হয়েছিলেন।

তিনি আরও বলেন, পরে জানতে পেরেছেন, বাইলজ অনুযায়ী খেলা ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম ছিল। এ ধরনের নিয়ম স্পোর্টসম্যানশিপের সঙ্গে যায় না। বিষয়টি আগে তার নজরে আসেনি। হাজারো শিক্ষক-শিক্ষার্থীর সামনে এমন সমাপ্তি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অথচ খেলা চলাকালে এমন কিছু ঘটছে, তা তারা বুঝতেই পারেননি।

অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে উপাচার্য বলেন, রাবি স্টেডিয়ামে তাদের সামনেই এমন ঘটনা ঘটবে, আর তিনি তা মেনে নেবেন, এমন মানসিকতার উপাচার্য তিনি নন। এ বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রুয়েটের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছেন। কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সত্য সামনে আনার এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। জড়িত যে-ই হোক, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিএমইএ সহ-সভাপতি: বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহনের সক্ষমতা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


বিজিএমইএ সহ-সভাপতি: বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহনের সক্ষমতা নেই

বর্তমান ব্যয় কাঠামোর কারণে দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানা নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধের সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী মন্তব্য করেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ানোর ফলে উৎপাদনকারীদের মুনাফার হার কমে যাচ্ছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।

পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ-র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।

এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।

বহুমুখী চাপের মধ্যে পোশাক খাতের অবস্থান নিয়ে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাক শিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে।

মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই।

কারখানা বন্ধ হওয়া ও বেকারত্বের শঙ্কা নিয়ে আলোচনা সভায় বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোর মধ্যে এই ব্যবসা লাভজনক নয়।

আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ, উৎপাদক এবং শ্রম অধিকার কর্মীরা একমত হন যে, মজুরি সংকটকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার বিরোধ হিসেবে দেখা উচিত নয়। টেকসই সমাধানের জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বৈশ্বিক রপ্তানি চাহিদা, পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন খরচ এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রশংসাপত্র (Appreciation Letter) প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA) থেকে। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলার, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শদানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই প্রশংসাপত্র বিতরণ করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮১ জন শিক্ষার্থী এই স্বীকৃতি লাভ করেছেন।

অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরবর্তীতে ৮১-তে পৌঁছায়।

সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কিছু শিক্ষার্থী শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।

তাদের উচ্চশিক্ষার অর্থায়নের উৎস হিসেবে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। এছাড়াও Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

উদ্যোগটির বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান মন্তব্য করেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য আগে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাদের কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। তিনি উল্লেখ করেন যে, এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিসরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন।

তিনি আরও বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এই গ্র্যাজুয়েটরা ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন এবং তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এই উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন করা এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন প্রশংসাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%