প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রশংসাপত্র (Appreciation Letter) প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA) থেকে। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলার, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শদানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই প্রশংসাপত্র বিতরণ করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮১ জন শিক্ষার্থী এই স্বীকৃতি লাভ করেছেন।
অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরবর্তীতে ৮১-তে পৌঁছায়।
সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কিছু শিক্ষার্থী শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।
তাদের উচ্চশিক্ষার অর্থায়নের উৎস হিসেবে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। এছাড়াও Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
উদ্যোগটির বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান মন্তব্য করেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য আগে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাদের কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। তিনি উল্লেখ করেন যে, এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিসরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন।
তিনি আরও বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এই গ্র্যাজুয়েটরা ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন এবং তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এই উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্যাপন করা এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন প্রশংসাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন