ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি


ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

‎সুনামগঞ্জে ব্যবসায়িক লেনদেনের কথা বলে নগদ চার লাখ টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে মো. মোশাহিদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশের ডিএসও মোহাম্মদ রেজাউল করিম বুলবুল তাঁর পাওনা টাকা উদ্ধারে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রেজাউল করিম বুলবুল।
‎
‎লিখিত বক্তব্যে তিনি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারের মোশাহিদ টেলিকমের মালিক মো. মোশাহিদের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে নিয়মিত ব্যবসায়িক লেনদেন ছিল। প্রতিদিন তাঁদের মধ্যে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার লেনদেন হতো। দীর্ঘদিনের এই ব্যবসায়িক সম্পর্কের কারণে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছিল।
‎
‎তিনি বলেন, গত ১ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টসংলগ্ন টাউন হল এলাকায় মোশাহিদের সঙ্গে তাঁর দেখা হয়। দোকানে গিয়ে বিটুবি (B2B) লেনদেনের মাধ্যমে টাকা পরিশোধ করবেন—এমন আশ্বাসে তাঁর কাছ থেকে নগদ চার লাখ টাকা নেন।
‎
‎কিন্তু টাকা নেওয়ার পর থেকে মোশাহিদ আর বিটুবির মাধ্যমে টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করেন বুলবুল। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মোশাহিদ টেলিকমে গিয়ে দোকান বন্ধ দেখতে পান।
‎
‎বুলবুল আরও জানান, মোশাহিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও ওই দিন থেকে মোশাহিদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানান। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান কিংবা টাকা ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
‎
‎সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, একজন সাধারণ চাকরিজীবী হিসেবে তাঁর কাছে চার লাখ টাকা অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তিনি ওই টাকা দিয়েছিলেন। বর্তমানে টাকা ফেরত না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
‎
‎তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সুনামগঞ্জ সদর থানার পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন। আগামীকাল লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
‎
‎একই সঙ্গে আদার বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি মোশাহিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে অনুরোধও করেন তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে রেজাউল করিম বুলবুল বলেন, তিনি কাউকে হয়রানি বা অপপ্রচার করতে চান না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর কষ্টার্জিত চার লাখ টাকা ফেরত পাওয়াই তাঁর মূল প্রত্যাশা। এ জন্য তিনি প্রশাসন, পুলিশ, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত মোশাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর মোবাইল বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

রাজশাহী কালেক্টরেট মাঠে বিভাগীয় বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। তবে সেই তুলনায় বই বিক্রি কম। শুরুর দুই দিনের বৃষ্টিতে ক্ষতির পাশাপাশি পরবর্তী দিনগুলোতেও বিক্রি আশানুরূপ না হওয়ায় হতাশ প্রকাশক ও বিক্রেতারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে গত ২৯ অক্টোবর শুরু হয়েছে বিভাগীয় গ্রন্থমেলা-২০২৬। ৮০টি স্টলের এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। তবে প্রথম দুই দিন টানা বৃষ্টিতে মেলার কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
জাতীয় সাহিত্য প্রকাশের ব্যবস্থাপক কাব্য রাসেল বলেন, গত চার দিনে তাঁদের স্টলে মাত্র সাড়ে তিন হাজার টাকার বই বিক্রি হয়েছে। হাওলাদার প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি সেলিম হাওলাদারও জানান, দর্শনার্থী বেশি হলেও বই কেনার আগ্রহ কম। তবে অনন্যা প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মোঃ কামাল হাসান বলেন, তাঁদের স্টলে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বই বিক্রি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর মেলায় ৩ লাখ ৪৩ হাজার ৮৪২ টাকার বই বিক্রি হয়। ১ নভেম্বর তা কমে ২ লাখ ৭০ হাজার ৭৫০ টাকায় দাঁড়ায়। ২ নভেম্বর বিক্রি বেড়ে হয় ৪ লাখ ৩ হাজার টাকা।
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। স্টল মালিকেরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তা বাস্তবায়নের সম্ভাবনা কম।
শুক্রবার সকালে মেলায় আসা অগ্রণী স্কুল এন্ড কলেজের প্রিন্সিসিপাল মোঃ সাইফুল ইসলাম চাঁদ বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন মেলার স্থান নির্বাচন ও প্রচার-প্রচারণা নিয়ে অসন্তোষ জানান। তাঁর মতে, উপযুক্ত স্থান নির্বাচন ও প্রচার বাড়ালে আরও বেশি পাঠক আসবেন।
এদিকে কয়েকজন দর্শনার্থী বইয়ের দাম বেশি বলেও অভিযোগ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১
রাজশাহী নগরীতে একই পরিবারের দুই ভাইকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে মোঃ হামিদুর রহিম পাপ্পু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার পাঁচটি অ্যাপ এবং জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার এমডিসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার পাপ্পু রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর এলাকার গ্রীন সিটি হাসপাতালের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে থেকে মোঃ ওমর ফারুক ও তার ভাই মোঃ মেহেদী হাসানকে পাপ্পুসহ তিনজন জোরপূর্বক একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মেহেদীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯০ টাকা স্থানান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। একপর্যায়ে মেহেদীর হাতে দুটি ইয়াবা দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ভিডিও ধারণ করে ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেওয়া হয়। পরে ১২ হাজার টাকা নিয়ে একটি ফোন ফেরত দেওয়া হলেও বাকি ৮ হাজার টাকা দিলে অন্য ফোনটি ফেরত দেওয়ার কথা জানানো হয়।
এ ঘটনায় ওমর ফারুক রাজপাড়া থানায় পাপ্পুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার পাঁচটি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে একটি এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যও মিলেছে। জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাপ্পুর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণে নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণে নাবিক নিহত

উপসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণে এক নাবিকের মৃত্যু হয়েছে, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিসভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স শুক্রবার এক বিবৃতিতে উল্লেখ করে, বৃহস্পতিবার এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাত্রা করছিল। এ সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না এবং পথে এটি বিস্ফোরণের শিকার হয়।

প্রতিষ্ঠানটি জানায়, বিস্ফোরণের পর এক নাবিক নিখোঁজ ছিল। তবে পরে জাহাজে তল্লাশি চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।

বিবৃতিতে ভেলোস ট্যাংকার্স জানায়, ‘বিস্ফোরণের পর নিখোঁজ বলে জানানো আমাদের একজন নাবিককে পরে জাহাজে প্রাণঘাতী আঘাতসহ পাওয়া যায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ট্যাংকারটিতে বিস্ফোরণের কারণ ছিল ক্ষেপণাস্ত্র হামলা।

সূত্র: আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


জামায়াতের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ হিসেবে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। দলটি মন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিকভাবে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে দলটি জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তবে, অত্যন্ত দুঃখজনকভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য ও বিষোদ্গার সম্পূর্ণ অনভিপ্রেত।

এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিটি বিষয় অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী বর্তমান সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন, যা মূলত তাঁর নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা মাত্র। তিনি কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা একপ্রকার লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন বিষোদ্গার পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের অর্পিত দায়িত্ব পালনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%