০৬:২৫ এম
আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টায় অভিযুক্ত এবং হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ গ্রুপের একজন সক্রিয় সদস্য। এবার তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে আবেগাপ্লুত হয়ে নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায়, তিনি ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি এবং কাজের সংকটের কারণে ভীষণভাবে বিপর্যস্ত রয়েছেন। এক পর্যায়ে আখ্যায়িত করেন, "আমি আর পারছি না।"
জ্যোতিকা উল্লেখ করেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো তার কাছে কোনো বন্ধু নেই। তিনি আরও বলেন, "কোনো দুর্ঘটনার পর আমরা অনেক কথা বলি। কিন্তু যে ব্যক্তি এমন পরিস্থিতিতে থাকে, তার কষ্টের মাত্রা শুধু তিনি নিজেই জানেন। আমি সবসময় নিজেকে শক্ত রাখতে চেষ্টা করেছি, কিন্তু এখন তা আর পারছি না।"
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তার দাবি, গত দুই বছর ধরে তার কোনো কাজ নেই। তবে এই সময়ের মধ্যে তিনি নিয়মিত অনলাইন হেনস্থা, কটূক্তি এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কথাও উল্লেখ করেন এবং বলেন, "অনেক সময় মা-বাবার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।"
জ্যোতিকা অভিযোগ করেন যে, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও হয়রানি বেড়ে গেছে। তিনি জানান, রাজনৈতিক এবং আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের সম্মুখীন হতে হয়েছে তাকে। এমনকি, তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও দাবি করেছেন।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। নানা সময় তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা তার জন্য খুবই কষ্টের। এসব ঘটনার প্রভাব তার পেশাগত জীবনে পড়ছে বলেও তিনি জানান।
জ্যোতিকা দাবি করেন, এখন তাকে নিয়ে কাজ করতে অনেকেই ভয় পান। এর কারণে তার পেশাগত জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, "আমি কারো কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আবার আপস করেও কাজ করতে পারি না। আমার জীবন একদম নরকের মতো হয়ে গেছে।"
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
লাইভের শেষ দিকে, জ্যোতিকা বলেন, "আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন