০১:১৮ এম
মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম এবং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের কার্যক্রম শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা এবং মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করা হবে। পাশাপাশি, তাঁদের দাওয়াতি কাজে দক্ষ করে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য বিশেষ দাওয়াহ কর্মশালার অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ এই উদ্যোগের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছিল। এরই অংশ হিসেবে মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর মূল্যায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা অনলাইন এবং সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম এবং প্রশিক্ষকদের সহযোগিতায় ধারাবাহিক জ্ঞানচর্চার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইসলাম অস্বীকার করলেন হেফাজতের আমির বাবুনগরী
অনুষ্ঠানে তিনি আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজও চলমান রয়েছে।
দাওয়াতি কার্যক্রম পরিচালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইখলাস, নিজের জ্ঞানের সীমার মধ্যে থাকা, উম্মাহর ঐক্য, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, ধারাবাহিক জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ আটটি বিষয়ে গুরুত্ব দেন। একই সঙ্গে নারীদের দ্বীনি কাজে এগিয়ে আসতে পরিবারের সদস্যদের সহযোগিতা এবং নিজেদের সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন