০৩:২৯ এম
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক পুলিশ কর্তৃক জব্দ করা হয়েছে। এই ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমন (২৫) আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সারগুলো উদ্ধার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছে। তল্লাশির সময় ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এসব সার বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুইটি ট্রাকও জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন