০৬:০১ পি.এম
শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭-এর তরফ থেকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান উত্তর কোরিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, এ আহ্বানের তীব্র সমালোচনা করেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেন, এটি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও সাংবিধানিক ব্যবস্থার ওপর হস্তক্ষেপের বোঝায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং জানান, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত ও অপরিবর্তনীয়। কোনো পরিস্থিতিতেই সেই অবস্থানের পরিবর্তন হবে না।
তিনি আরও দাবি করেন যে, দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার উত্তর কোরিয়ার মৌলিক জাতীয় স্বার্থের অবিচ্ছেদ্য অংশ। বৈরী শক্তির হুমকির বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করে। কিম ইয়ো জং সতর্ক করে বলেন, এই অবস্থান দুর্বল করার যেকোনো প্রচেষ্টা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত
এবারের জি–৭ শীর্ষ সম্মেলন ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি, উত্তর কোরিয়ার সাইবার অপরাধ ও ক্রিপ্টো মুদ্রা চুরির বিরুদ্ধে সহযোগিতা জোরদারের অঙ্গীকারও ব্যক্ত করেন জি–৭ নেতারা।
তবে এসব আহ্বানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে উড়িয়ে দেন কিম ইয়ো জং। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ বা বাহ্যিক কোনো উদ্যোগ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে না।
আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন