ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসিরুদ্দিন পাটোয়ারী


রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না। তাই এই দাবিতে আমরা মাঠে নেমেছি। সংস্কার প্রশ্নে এই সরকারকে আমরা এক একবিন্দুও ছাড় দেব না। বিএনপি সরকার যদি ৭৫ভাগ মানুষকে ডিনাই করে, তবে তাদের পতন হতেও সময় লাগবে না।

শুক্রবার (১৯জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারতের পূর্বে সাংবাদিকদের সাথে তিনি এই বিস্তারিত মন্তব্য করেন।

মাজার জিয়ারত সম্পন্ন করার পর, ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে তিনি দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায়ও করেন।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

বাগেরহাট প্রশ্নে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি আরও বলেন, বাগেরহাটে শেখ পরিবারের বক্তব্য অনুসারে একটা রাজত্ব ছিল। কিন্তু তারা কোন কাজ করেনি, শুধু অর্থ ভাগিয়ে নিয়েছে।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে, নাসির উদ্দিন পাটোয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। এর পাশাপাশি সংস্কারের ব্যাপারে তার দলের অভিমতও ব্যক্ত করেন। তিনি এসব বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে সরকারের কার্যক্রম ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল।

সফর শেষে, তিনি বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। এছাড়াও, তিনি এ সকল ঐতিহাসিক স্থাপনা কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে সকলকে সহযোগিতা করার জন্য বলেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের বিভিন্ন সেশনের ফাঁকে দেখা গেছে বিশ্বনেতাদের বেশ খোশমেজাজে সময় কাটাতে। রাজনৈতিক আলোচনা তো ছিলই, তবে এর বাইরে বিশ্বনেতাদের পারস্পরিক রসিকতা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মূল আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষভাবে লক্ষণীয় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কিছু হাস্যকর মুহূর্ত, যা সম্মেলনজুড়ে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।

সম্মেলনের গ্রুপ ছবি তোলার সময় সবচেয়ে বেশি নজর কাড়ে নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির মধ্যকার সংক্ষিপ্ত এক আলাপচারিতা। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুইজনের বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে, মেলোনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’

এর আগে ২০২৩ সালে বালির জি২০ সম্মেলন এবং পরবর্তীতে দুবাইয়ের কপ২৮ সম্মেলনে মেলোনির পোস্ট করা সেলফি ও ‘মেলোডি’ ক্যাপশনকে ঘিরে দুই নেতার রসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ভিডিও আকারে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি মোদির রোম সফরে মেলোনিকে ভারতের বিখ্যাত ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার ঘটনা সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

এদিকে সম্মেলনের তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার(১৭ জুন) সকালের অধিবেশনে যোগ দিয়েই তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চোট রসিকতা করে নেন। আয়োজক দেশ হিসেবে ম্যাখোঁ এই সম্মেলনের সভাপতিত্ব করলেও ট্রাম্প কক্ষে ঢুকেই উচ্চস্বরে বলে ওঠেন, ‘আমিই বস।’

সাবেক এই রিয়েলিটি শো উপস্থাপকের এমন চটজলদি মন্তব্যে উপস্থিত অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁও বিষয়টিকে বেশ ইতিবাচক ও রসিকতা হিসেবেই গ্রহণ করেন। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তি চূড়ান্ত করার পর নিজের ৮০তম জন্মদিন উদযাপন করা ট্রাম্পের এমন চেনা মেজাজই ফ্রান্সের অবকাশ শহর এভিয়ঁ লে বেঁ-তে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনটিকে প্রথাগত গাম্ভীর্য পেরিয়ে বেশ উৎসবমুখর ও হালকা মেজাজে রূপ দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, ইসলামী ব্যাংক কেবলমাত্র একটি গতানুগতিক ধারার ব্যাংক নয়; বরং ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে টিকে রয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক যেই অবদান রেখেছে, সেই ধারা অব্যাহত রাখতে হলে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এছাড়া, পতিত এস আলম গ্রুপের মাধ্যমে পাচারের অর্থ ফিরিয়ে আনতে হবে এবং ইসলামী ব্যাংকের ভেতরে থাকা এস আলমের দোসরদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার জামায়াতে ইসলামী শ্যামপুর জোনের বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরো বলেন, জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করার জন্য সৎ ও যোগ্য আদর্শিক লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন। দেশের অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রায় সরকার দল ও বিরোধীদলকে সমান ভূমিকা রাখতে হয়। জামায়াতে ইসলামী সেই ভূমিকা রেখেই এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশের জন্য এবং জাতির যেকোনো প্রয়োজনে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

আরো বক্তব্য রাখেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন, যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদিক বিল্লাহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাধ্যতামূলক অবসরে যাওয়া সাকলায়েনের বিষয়ে মুখ খুললেন পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বাধ্যতামূলক অবসরে যাওয়া সাকলায়েনের বিষয়ে মুখ খুললেন পরীমনি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম সাকলায়েন, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক এডিসি ডিবি গুলশান বিভাগে কর্মকালীন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে প্রস্তুত করা প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। পরবর্তী ধাপে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২১ সালের ৯ জুন রাতে সাভার এলাকার ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৪ জুন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলাটির তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন।

তবে পরবর্তীতে পরীমনির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে এলে তাকে তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।

এদিকে, সম্পর্কের অভিযোগ নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে সে সময় এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন।

তার দাবি, এটি ব্যক্তিগত আক্রোশের ফল হতে পারে।

তিনি বলেন, এটা প্রেম-ভালোবাসার সম্পর্কের কারণে হয়েছে—আমি তা বিশ্বাস করি না। সাধারণত কেউ সফল হলে তাকে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়। সাকলায়েন একজন দক্ষ ও সফল কর্মকর্তা। তার বিরুদ্ধেও এমন কিছু হতে পারে।

তিনি আরও বলেন, সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাটি তার কাছে অস্বাভাবিক ও অন্যায্য মনে হয়েছে। সাকলায়েনের জন্য খারাপ লাগছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ।

তিনি বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এই ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে হবে। আমার বিশ্বাস, এর ফলে মাদকাসক্তি, মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা রুখে দিতে সহায়ক হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী, এ টুর্নামেন্টে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন বালক ও বালিকা (বালক-৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন, বালিকা-৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন) উভয় খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, এ টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করেছে। এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কলেবর বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত।

বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে গুরুত্বারোপ করছে। এর ফলে দেশে ও আন্তর্জাতিক আয়ozনে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায়, বিশেষ করে ফুটবলে, সাফল্য অর্জন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা হবে আমাদের আগামীর উজ্জ্বল মুখ, যারা দেশকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে আলোকিত করবে। আমি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%