০৪:৫৮ পি.এম
সিলেটের ঐতিহ্যবাহী দুটি মাজারের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনার উদ্যোগের প্রেক্ষাপটে জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমের বদলির আদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের একটি অংশের দাবি, মাজারের দান ও অন্যান্য আয়-ব্যয়ের ক্ষেত্রে অধিকতর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক সারোয়ার আলম বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর অংশ হিসেবে তিনি মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবক্স স্থাপনের উদ্যোগ নেন বলে জানা যায়।
এরপরই তাঁর বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চেয়েছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাজারে আগত দর্শনার্থীদের ওয়াশরুম ব্যবহার, গোসল ও অন্যান্য সেবার জন্য নির্ধারিত অর্থ নেওয়া হয়। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে জনপ্রিয় ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত সারোয়ার আলমকে সিলেটে বহাল রাখার দাবি জানানো হয়েছে। তাঁদের মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাঁর উদ্যোগগুলো অব্যাহত থাকা প্রয়োজন।
তবে ডিসি সারোয়ার আলমের বদলির বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন