ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১২.৫% নয়, বাংলাদেশ-ভারতের জন্য মার্কিন শুল্ক ১০ শতাংশ


১২.৫% নয়, বাংলাদেশ-ভারতের জন্য মার্কিন শুল্ক ১০ শতাংশ

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের প্রায় ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন ব্যবস্থায় দেশভেদে ১০ শতাংশ অথবা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হবে। আজ শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হবে।

জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

যুক্তরাষ্ট্রের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর কার্যকর নিষেধাজ্ঞা দিতে সক্ষম নয় বা সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে এই শুল্ক আরোপ করা হচ্ছে।

নতুন সিদ্ধান্তে ভারতের শুল্কের হার ১০ শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে। শুরুর দিকে ভারতের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক পরিকল্পনা করা হয়েছিল। তবে কর্মকর্তারা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, শ্রমনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গঠনমূলক আলোচনা এবং অগ্রগতির কারণে দেশটিকে কম হারের শুল্কের আওতায় আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী, ১৭টি দেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, অথবা যারা এমন নিষেধাজ্ঞা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে, অথবা আংশিকভাবে ব্যবস্থা নিয়ে কিছু পণ্যের আমদানি বন্ধ করেছে, তাদের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

১০ শতাংশ শুল্কের এই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগো। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের যেসব পণ্য আগে থেকেই অন্য কারণে শুল্কমুক্ত নয়, সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান শুল্কের পাশাপাশি ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। এছাড়া অন্য দেশগুলোর জন্য শুল্কের হার ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

নতুন শুল্ক শুক্রবার থেকে কার্যকর হবে। এটি ভারত, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপানসহ যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রযোজ্য হবে। বৃহস্পতিবারের ঘোষণায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বলেছে, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে বা তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারেনি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী, অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে কোনো দেশের বিরুদ্ধে শুল্ক বা অন্য বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস, শুধু নৈতিক আহ্বান জানিয়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রমের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় একশ বছর ধরে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং দেশটি কঠোরভাবে সেই আইন বাস্তবায়ন করে। এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদেরও একই ধরনের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। গ্রিয়ার আরো বলেন, অনেক দেশ দ্রুত জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা চালু করেছে, যা ইতিবাচক। তবে সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্তের আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(খ) ধারায় ৬০টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তের উদ্দেশ্য ছিল, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিয়েছে কি না, তা যাচাই করা। তদন্ত চলাকালে ৪৫টির বেশি দেশের সরকারের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি একাধিক গণশুনানির আয়োজন করা হয় এবং ১ হাজার ৬০০টির বেশি লিখিত মতামত পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাণিজ্য নীতির অন্যতম বড় পদক্ষেপ।

উল্লেখ্য যে, গত বছর ক্ষমতায় ফিরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই শুল্কের বড় অংশ বাতিল করে দেয়। আদালতের মতে, জরুরি ক্ষমতা ব্যবহার করে ওই শুল্ক আরোপ আইনসম্মত ছিল না। এরপর ট্রাম্প প্রশাসন নতুন আইনি ভিত্তিতে শুল্ক আরোপের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করে নতুন শুল্ক কার্যকর করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ধারা ব্যবহার করায় নতুন শুল্ক আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়লেও টিকে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি। কারণ অতীতেও ৩০১ ধারার আওতায় নেওয়া পদক্ষেপ আদালতে বহাল ছিল। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের ৬০টি অর্থনীতির পণ্যের ওপর নতুন এই শুল্ক কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন ১৫০ দিনের জন্য সব আমদানির ওপর অস্থায়ী ১০ শতাংশ শুল্ক চালু করেছিল। সেই মেয়াদ আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক এরপরই নতুন ১০ ও ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে ইতোমধ্যে পথে থাকা বা পরিবহনে থাকা পণ্য ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত নতুন শুল্ক থেকে ছাড় পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

কায়কোবাদ কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।

এছাড়া, তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর জন্য দোয়া করছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ান সীমান্তে চীনের তৎপরতা বৃদ্ধি, সতর্ক তাইপেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৪ এম


তাইওয়ান সীমান্তে চীনের তৎপরতা বৃদ্ধি, সতর্ক তাইপেই

তাইওয়ান এবং তার আশপাশের অঞ্চলে চীনের সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশের ভূখণ্ডের চারপাশে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৮টি যুদ্ধবিমান, নৌবাহিনীর ৬টি জাহাজ এবং ৪টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে।

এসবের মধ্যে ৮টি যুদ্ধবিমান, ৬টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে চীনের এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

তাইওয়ানকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। গত ৩ জুলাই চীন আশা প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো বিচক্ষণতার সাথে সামলাবে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং জানান, চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথোপকথনে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করে সঠিক পথে অবিচল থাকার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ১৬৮৩ সালে চিং রাজবংশের দ্বীপটি দখলের পর থেকেই মূলত তাইওয়ানের ওপর চীনের দাবির সূত্রপাত। বেইজিং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করলেও, তাইওয়ান স্বশাসিত সরকার, নিজস্ব সামরিক বাহিনী এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে নিজেদের বজায় রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ এম


ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, তেহরানে যে সকল দূতাবাসকর্মী ছিলেন, তাদের সবকিছুকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

সঙ্গে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা ইস্যুতে সতর্ক করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ যুক্তরাজ্যের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেই জানা গেছে।

তবে, অবস্থিত ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। কর্মকর্তারা দূরবর্তী স্থান থেকে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি বিবৃতিতে উল্লেখ করেছেন।

এছাড়া, ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা আটক, গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

“ব্রিটিশ পাসপোর্ট থাকা বা ব্রিটিশ সংযোগ রয়েছে এমন ধারণাও গ্রেফতারের জন্য যথেষ্ট হতে পারে। ইরানে গ্রেফতার হলে আপনাকে কয়েক মাস, এমনকি কয়েক বছরেরও কারাদণ্ড ভোগ করতে হতে পারে,” ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মাসখানেক আগে যুক্তরাজ্য জানিয়েছিল যে, তারা ইরান থেকে তাদের দূতাবাসের 'বেশ কিছু কর্মীকে' প্রত্যাহার করে নিয়েছে। এবার অবশিষ্ট সবাইকে সরিয়ে দিল দেশটি।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ এম


সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

 

ভোরে বিএসএফ আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এ আটজনের অবৈধ পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (২৪ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে, বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা এ আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়। এর ফলে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে, অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%