০৪:৫৪ পি.এম
চরম রুদ্ধশ্বাস একটি ফাইনালে মাত্র ১ রানের ব্যবধানে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেট (এমএলসি) শিরোপা অর্জন করেছে শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এলএকেআর)। ফাইনালটি অনুষ্ঠিত হয় ওকল্যান্ড শহরে, যেখানে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এলএ নাইট রাইডার্স। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। এছাড়া কলিন মুনরো ৪০ এবং ম্যাথিউ ট্রম্প ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল ও সুনীল নারিন শূন্য রানেই আউট হন, জেসন হোল্ডার ৮, রোভম্যান পাওয়েল ৪ এবং হ্যামিলটন ১০ রান করে আউট হন।
ওয়াশিংটন ফ্রিডমের পক্ষে বেন ডারউইস ৩১ রানে ৩ উইকেট নেন। এছাড়া মাইকেল ওয়েন, নিখিল চৌধুরী ও রাচীন রবীন্দ্র প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন শুরু থেকেই লড়াই চালাতে থাকে। আন্দ্রিস গাউস ৪০ এবং ওবাস পিনার ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ওভারের দিকে।
শেষ ৬ বলে জয়ের জন্য ওয়াশিংটনের দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই ওয়াইড লং-অন দিয়ে ছক্কা হাঁকিয়ে তারা ম্যাচকে নিজেদের নাগালে নিয়ে আসেন পিনার। কিন্তু এরপর নাটকীয়ভাবে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। পেসার ভ্যান শাল্কউইক পরের দুই বলেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর পর ফার্গুসন একটি চার মারেন।
শেষ দুই বলে ওয়াশিংটনের দরকার ছিল ৪ রান। পঞ্চম বলে আসে ১ রান। ফলে শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন হয় ৩ রান, আর ম্যাচ টাই করতে দরকার ছিল ২ রান। ব্যাটার মিলান্থা দুই রানের চেষ্টা করলেও রানআউট হন। তাতেই ১৬৩ রানে থামে ওয়াশিংটনের ইনিংস এবং মাত্র ১ রানের রোমাঞ্চকর জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন। ফাইনালে তিনি ব্যক্তিগতভাবে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। পুরো আসরে তিনি ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে ১৮ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান
এর আগে মেজর লিগ ক্রিকেটের প্রথম ও তৃতীয় আসরের শিরোপা জিতেছিল এমআই নিউইয়র্ক। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম। এবার চতুর্থ আসরে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন