বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৭:০৪ পি.এম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একটি বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটরসহ সংশ্লিষ্ট জিনিসপত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবির সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীন প্রধান অভিযানিক দলের একটি দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের তথ্য পাওয়ার পর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যা অধিনায়কের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানের সময় বাজাতে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত তিন কেজি ‘পাওয়ারজেল-৯০’ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম তাদের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমের সময় শক্তিশালী আফটারশকের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ভূকম্পবিদরা।
তারা বলছেন, এই সময়টি উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক পর্যায়গুলোর একটি।
অস্ট্রেলিয়ার সিসমোলজি রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী অ্যাডাম পাসকালে আল জাজিরাকে বলেন, ভেনেজুয়ায় শক্তিশালী আফটারশকের সম্ভাবনা সম্পর্কে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে, বিশেষ করে যখন উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে।
তিনি বলেন, “উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়।”
পাসকালে জানান, আফটারশকের পাশাপাশি আগের ভূমিকম্পগুলোর সমান কিংবা আরও বড় মাত্রার আরেকটি ভূমিকম্পের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
তবে কয়েক দিন পেরিয়ে গেলে এমন সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে আসে।
বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে।
ফলে পরবর্তী কম্পনে সেগুলো আরও ধসে পড়তে পারে, যা উদ্ধারকাজকে জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।
দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোর্স: আল জাজিরা, বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের তৈরি পোশাক খাতে জলবায়ু পরিবর্তন, সবুজ শিল্পায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা। আজ বৃহস্পতিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিতকরণ : সরকারি-বেসরকারি উদ্যোগ ও শ্রমিকদের বাস্তবতা’ শীর্ষক জাতীয় সংলাপে এই আহ্বান করা হয়। সংলাপের আয়োজন করে কর্মজীবী নারী ও ক্রিশ্চিয়ান এইড-বাংলাদেশ। কর্মজীবী নারীর উপদেষ্টা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব উন্মে কুলসুম ফেরদৌসী। সংলাপে অংশ নেওয়া নারী শ্রমিক প্রতিনিধিরা বলেন, ‘অটোমেশনের ফলে একদিকে কর্মসংস্থান কমছে, অন্যদিকে উৎপাদনের চাপ বাড়ছে। তারা অভিযোগ করেন, ৩৫ বছর বয়স অতিক্রম করলেই অনেক কারখানায় ছাঁটাইয়ের শিকার হতে হয়। ’ ন্যায্য রূপান্তর প্রক্রিয়ায় কোনো নারী শ্রমিক যেন বাদ না পড়েন, সে দাবি জানান তারা। ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা বলেন, ‘শ্রমিকের অংশগ্রহণ ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। এজন্য শ্রমিক কল্যাণ ও পুনর্বাসন তহবিল গঠন এবং ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা বলেন, এ ধরনের রূপান্তরে যৌথ উদ্যোগ ও ‘শেয়ারড রেসপনসিবিলিটি’ ভিত্তিক অর্থায়ন প্রয়োজন। ’ কারখানা ব্যবস্থাপনা প্রতিনিধিরা জানান, কিছু খাতে অটোমেশন এলেও এখনো অনেক ক্ষেত্রে মানবশ্রমের প্রয়োজন রয়েছে। তবে কর্মহীন শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগ জরুরি। বিজিএমইএ প্রতিনিধি শ্রমিকদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও পুনঃদক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘জাস্ট ট্রানজিশন মানেই ন্যায়সংগত, ভারসাম্যপূর্ণ ও অংশীদারিমূলক রূপান্তর। এ প্রক্রিয়ায় শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নদী মাতৃক দেশ বাংলাদেশ। এই নদী নিয়ে ভাবনার আদান প্রদান বিষয়ে স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ভয়েস অব রিভার ভিউ মনুর আয়োজনে, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার মনুনদীর তীর চাঁদনী ঘাট এলাকা এবং শিশুকানন কে জি অ্যান্ড হাইস্কুলে মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সভায় স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশের নদী বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশে এক হাজার ৪শো ১৫টি নদী রয়েছে, তবে পরিবেশ দূষণসহ নানা কারণে প্রায় ৫শো নদীর অস্তিত্ব বর্তমানে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ২৪০টি নদী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। পরিবেশ রক্ষার জন্য নদী সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
পরে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক খরস্রোতা মনুনদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে এ নদী নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন ভয়েস অব রিভার ভিউ মনুর নির্বাহী প্রধান আ স ম সালেহ সোহেল, অধ্যাপক মো. সেলিম, শিশু কানন কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মুহিবুর রহমান, বাপার সাধারণ সম্পাদক শীবপ্রসন্ন ভট্টাচার্য, সাংবাদিক নুরুল ইসলাম, এবং বাপা জেলা কমিটির সদস্য আজিজুর রহমান খান সালেহ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে সিএনজিচালিত রিকশার সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন চালকও রয়েছেন। আহতদের মধ্যে নারীদের পাশাপাশি শিশুরাও রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কুমারপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি যাত্রীবাহী ইজি বাইক আখাউড়া থেকে চিনাইরের দিকে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যুক্ত হয়ে যায়। এই ঘটনার ফলে দুই যানবাহনের নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। তখন অটোরিকশার সামনের গ্লাসও ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যাত্রী কাজী সাইফ বলেন, "আমি আখাউড়া থেকে বাড়িতে যাচ্ছিলাম। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত রিকশা ধাক্কা দিলে আমি পায়ে আঘাত পাই। আমাদের চালকের মাথাতেও গুরুতর আঘাত লাগে।"
দুর্ঘটনার সময় আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তাদের মধ্যে নারী ও পুরুষ যাত্রী রয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ