ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নীলফামারীর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার


নীলফামারীর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার

নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। 

জুলাই গণঅভ্যূত্থানে রাজধানীর নিউমার্কেট থানায় মুহাম্মদ শামীমকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

১৫ জুলাই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা মো. ওমর ফারুক। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত বুধবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসামিকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। আর অন্যদিকে আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক এমপিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ২০ বছরের যুবক মুহাম্মদ শামীম আন্দোলনে অংশ নেন। এক পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায়।

এ হামলায় মুহাম্মদ শামীম গুরুতর আহত হন। ভুক্তভোগী নিজে বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পুলিশ তার গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ তলা থেকে পড়ে পথচারীর ওপর যুবক, বাঁচলেন তিনি, প্রাণ গেল এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


১২ তলা থেকে পড়ে পথচারীর ওপর যুবক, বাঁচলেন তিনি, প্রাণ গেল এক নারীর

জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবক এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ঐ নারীর মৃত্যু হয়েছে। তবে ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নাগোয়া শহরের ১২ তলা একটি ভবনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ বছর। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার নাম হোরা ইনাবা বলা হয়েছে।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে ইনাবা তার এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের যুবক ভবনের উপর থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আঘাত করেন। নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের অফিস ও আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু দ্রুত পুলিশকে খবর দেন। তার বন্ধু জানান, ওপর থেকে একজন পড়ে গিয়ে তার বন্ধুকে গুরুতর আহত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

চিকিৎসকরা জানান, ইনাবা রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে নিচে ঝাঁপ দিয়েছিলেন। এই বিষয়টি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের কাছে একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারীর মৃত্যু ঘটে।

অন্যদিকে, ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী তার আঘাতে নিহত হন। ওই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ জাপানি শহরগুলোতে বহুতল ভবনের সংখ্যা বেশি থাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে জননিরাপত্তার উদ্বেগ নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর বাংলাদেশে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এই আগ্রহের কথা জানান।

বুধবার প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা এবং দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মিচেল লি।

এ সময় তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকীকরণ, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর এবং সুদৃঢ় করতে ভবিষ্যতেও কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ গত বুধবার সকালে হয়ে থাকে।

সাক্ষাৎকালে, দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়টি জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে, টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতির উন্নয়নে বস্ত্রশিল্পের অবদানের ব্যাপারে আলোচনা করেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চাইলে। নেতৃবৃন্দ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তার উপর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানকে প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন। বৈঠকে জানানো হয়, বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে।

এ সময়ে অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ২৭ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ২৭ আগস্ট

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এটি ১২৮ বার বারের মতো তদন্ত সংস্থার জন্য প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হলো।

আজ, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া করা বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হাইকোর্ট ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে তদন্তে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

এদিকে, তদন্ত শেষ করে সংশ্লিষ্ট ছয় মাসের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি উল্লেখ করে নয় মাস সময়ের আবেদন জানিয়েছে।

শুনানি শেষে ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের পরবর্তী দিন নির্ধারণ করেন। এর পর উচ্চ আদালতের সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সটিও প্রতিবেদন দাখিল করতে পারেনি।

পরে ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%