প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবক এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ঐ নারীর মৃত্যু হয়েছে। তবে ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নাগোয়া শহরের ১২ তলা একটি ভবনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ বছর। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার নাম হোরা ইনাবা বলা হয়েছে।
পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে ইনাবা তার এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের যুবক ভবনের উপর থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আঘাত করেন। নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের অফিস ও আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু দ্রুত পুলিশকে খবর দেন। তার বন্ধু জানান, ওপর থেকে একজন পড়ে গিয়ে তার বন্ধুকে গুরুতর আহত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
চিকিৎসকরা জানান, ইনাবা রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে নিচে ঝাঁপ দিয়েছিলেন। এই বিষয়টি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের কাছে একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারীর মৃত্যু ঘটে।
অন্যদিকে, ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী তার আঘাতে নিহত হন। ওই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ জাপানি শহরগুলোতে বহুতল ভবনের সংখ্যা বেশি থাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে জননিরাপত্তার উদ্বেগ নতুন করে সামনে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন