শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪১ পি.এম
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে আজ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
যাত্রার আগে বিমানে বসা অবস্থায় নিজের একটি ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মিরাজ। পোস্টে তিনি লেখেন, ‘নতুন এক চ্যালেঞ্জের লক্ষ্যে সিপিএলের উদ্দেশ্যে রওনা হলাম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান যাত্রাকে বরণ করে নিতে আমি প্রস্তুত।’
আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এর আগে ২০১৭ সালে মিরাজকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে আসরে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে ইমরান তাহির, শিমরন হেটমায়ার, শাই হোপ, গ্লেন ফিলিপস ও রোমারিও শেফার্ডের মতো বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারকে পাবেন মিরাজ। টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাট, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিদ্যালয়ের পাঠদান চলাকালে কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। এ নির্দেশনা অমান্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে কোচিং কার্যক্রম বন্ধ করা হবে।
আজ বিকেলে জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু উল্লেখ করেন, বিদ্যালয়ে যথাযথভাবে পড়াশোনা না করে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিদ্যালয়ে সামান্য বেতন দিতে অক্ষম হলেও কোচিং সেন্টারে কয়েকশ’ টাকা ব্যয় করছে। কোচিংয়ে পড়লেই ভালো ফল করা যায়, এমন ধারণা পরিবর্তন করতে হবে।
তিনি জানান, কোচিং সেন্টারগুলোকে প্রথমে চিঠির মাধ্যমে সতর্ক করা হবে। এরপরও যদি বিদ্যালয়ের পাঠদান চলাকালে কোচিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করা হবে।
শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এছাড়া শিক্ষার্থীদের বিনোদন ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানো এবং বিভিন্ন শিক্ষামূলক স্থানে শিক্ষা সফরের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করতে হবে। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা যেন কোচিংয়ের চেয়ে বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, সে ধরনের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
বিদ্যালয়ে যথাযথভাবে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষকতার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিতভাবে অবহিত করতে হবে। প্রয়োজনে শ্রেণি শিক্ষকরা প্রতিদিন কয়েক মিনিট করে বিষয়টি শিক্ষার্থীদের জানাবেন।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিভাবক তদবির করলেও তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেবেন না।
শিক্ষার্থীদের আগেই বিষয়টি জানানো হয়েছে— এমন প্রমাণ রাখতে প্রয়োজনে সচেতনতামূলক বক্তব্যের ভিডিও ধারণ করে রাখার পরামর্শ দেন তিনি।
এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যালয়গুলোর ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন ত্রাণমন্ত্রী।
শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার কালিয়াকৈর উপজেলায় আজ একযোগে গাজীপুর জেলা পরিষদের ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
এসময় গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের উল্লেখিত উন্নয়ন কাজের মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, ‘এই বাংলাদেশে অনেক রক্ত ও জীবন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেব।’ তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের একজন ওসমান হাদি ছিল, ওসমান হাদির আরেকটা ফটোকপি আপনাদের সামনে হাজির করলাম।’
শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্দেশ্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সরকারের প্রতি মজিবুর রহমান মঞ্জুর বক্তব্য ছিল, কিছু সুনির্দিষ্ট কথা বলার জন্যই তারা সেখানে উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন যে, গণভোটে ভোট দেওয়া হয়েছে এবং বলেন, গণভোটের মাধ্যমে সরকারের কাছে যে দাবি ও ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সরকার নিজেদের স্বার্থের কারণে তা গ্রহণ করছে না। তিনি অভিযোগ করেন, যখনই ম্যান্ডেটের কথা বলা হয়, তখনই সরকার নানা টালবাহানা করে এবং তাদের দাবি শুনতে চায় না।
তিনি আরো বলেন, ‘আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবু সাঈদের নাম লিখব। আমাদের জীবনের প্রত্যেকটি রক্তের ফোঁটাকে শাহাদাতের অমূল্য প্রাণে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করব ইনশাল্লাহ।’ এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, বীর চট্টলার জনগণ তাদের সাথে থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনী তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার পর।
ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও, রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপের কাছে একটি ট্যাংকারে হামলা চালিয়েছে, যা তেল সম্পদ সমৃদ্ধ।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং গাইডাইল-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের উসকানিমূলক একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে। সেন্টকমের মতে, ইরানের এই ব্যর্থ হামলার পর খার্গ দ্বীপের উপকূলের এম/টি ডাউনি এবং জাস্কের নিকটবর্তী এম/টি স্টার্ক ওয়ান নামের ইরানি ক্রুড অয়েল ক্যারিয়ার দুটিকে স্থায়ীভাবে অকার্যকর করে দেওয়া হয়েছে। এছাড়া, ওমান উপসাগরে খালী অবস্থায় থাকা ক্রুড অয়েল ক্যারিয়ার এম/টি কাইলোকেও সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। জাহাজটির ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর, একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়।
সেন্টকম জানিয়েছে, এই তিনটি জাহাজ একটি কয়েক বিলিয়ন ডলারের শ্যাডো নেটওয়ার্কের অংশ, যা আইআরজিসি এবং তাদের আঞ্চলিক প্রক্সিগুলোকে অর্থায়ন করে থাকে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার মন্তব্য করেছেন, আইআরজিসির কাছে বার্তাটি স্পষ্ট হওয়া উচিত: "যদি তোমরা আমাদের দুটি জাহাজে গুলি চালাও, তবে আমরা আরও বেশি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করব এবং তোমাদের তিনটি জাহাজ ধ্বংস করে দেব।"
এর আগে শনিবার, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, খার্গ দ্বীপের কাছাকাছি মার্কিন বাহিনীর মিসাইল হামলায় একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নোঙর এলাকায় থাকা ট্যাংকারটি মার্কিন বাহিনীর ছোঁড়া চারটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্যাংকারের ক্রুরা জাহাজ থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।
সিএনএন-এর হাতে আসা অডিও রেকর্ডিংয়ে শোনা গেছে, মার্কিন সামরিক বিমান একটি জরুরি চ্যানেলের মাধ্যমে জাহাজটিকে সতর্কবার্তা পাঠাচ্ছে। একটি রেকর্ডিংয়ে আমেরিকান উচ্চারণে বলা হয়েছে, "মোটর ট্যাংকার স্টার্ক ওয়ান, এটি মার্কিন সামরিক বিমান। আমি আপনার জাহাজের পেছনের অংশে গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছি। জাহাজের পেছনের অংশ থেকে ক্রুদের সরিয়ে নিতে আপনাদের ১০ মিনিট সময় দেওয়া হলো। অভার।" পরবর্তী আরেকটি কথোপকথনে জাহাজটিকে শেষ সতর্কবার্তা দিয়ে বলা হয়, "এটি আপনার শেষ সতর্কবার্তা... অবিলম্বে লাইফবোটে উঠুন এবং জাহাজ ত্যাগ করুন।" এর মাঝখানে সিএনএন-এর শোনা একটি অডিওতে জাহাজের কেউ একজন বিমানটিকে গুলি বন্ধ করার অনুরোধ করে বলেন, "আমরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছি।"
মেরিটাইম ট্রাফিকের শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী, স্টার্ক ওয়ান নামের এই ট্যাংকারটি গত সপ্তাহে খার্গ দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত বর্তমানে অনিশ্চিত ও অস্থির অবস্থার মধ্যে রয়েছে, যেখানে উভয় পক্ষই বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
প্রবালসমৃদ্ধ খার্গ দ্বীপ ইরানের উপকূলের কাছে অবস্থিত এবং এটি দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে থাকে। এই সংঘাত চলাকালীন দ্বীপটিতে একাধিকবার হামলা চালানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে দ্বীপটি দখলের হুমকিও দিয়েছিলেন।
এদিকে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও সেখানে কোনো ‘সক্রিয় গোলাগুলি’ চলছে না। তিনি এই সংঘাতের অবসানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতেও রাজি হননি। বরং তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল, তার সমাপ্তি ঘটানোর দায়িত্ব একমাত্র ইরানেরই।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ