ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৬:৫৮ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু সাইদুল ইসলামের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী রকেটঘাট সংলগ্ন কঁচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখালী রকেটঘাট এলাকায় গোসল করতে নেমে সাইদুল ইসলাম (৮) নিখোঁজ হয়। সে হাফিজুর রহমানের ছেলে। সাইদুলের বাবা-মা গার্মেন্টসে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় সে তার দাদা মাহবুব গাজীর সঙ্গে গ্রামের বাড়িতে থাকত।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে বরিশাল রিভার ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলের কাছেই নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল হুদা নয়ন জানান, খবর পেয়ে শুক্রবারই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। শনিবার সকালে বরিশাল রিভার ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেয়। অভিযান চলাকালে নদীতে মরদেহটি ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বকশীগঞ্জ উপজেলার জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ আন্তর্জাতিক পিলারের কাছাকাছি শুন্য রেখা থেকে গত তিন দিন ধরে ভারতীয়রা মাটি কেটে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বিজিবির সহায়তা চেয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শুন্য রেখা থেকে গত তিন দিন ধরে মাহিন্দ্র গাড়িতে করে মাটি নিচ্ছেন ভারতীয় নাগরিকরা। শুন্য রেখা থেকে মাটি কেটে নেওয়ার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলাদেশি নাগরিকদের সীমান্তের কাছে যেতে নিষেধ করা হলেও ভারতীয়রা অবাধে মাটি কেটে মাহিন্দ্র গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
শনিবার (২৭ জুন) দুপুরে ধানুয়া গ্রামের কয়েকজন কৃষক বলেছেন, বিজিবি মাইকিং করে সীমান্তের কাছে যেতে নিষেধ করেছে, ফলে আমরা সেখানে যেতে পারছি না। তবে ভারতীয়রা শুন্য রেখার মাটি অবাধে নিয়ে যাচ্ছে। শুন্য রেখা থেকে মাটি কেটে নেওয়াটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে তারা মন্তব্য করেছেন। তাই তারা এ বিষয়ে বিজিবির হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানিয়েছেন, ভারতীয়রা যদি সীমান্তঘেষা তাদের জমিতে মাটি কাটতে আসে, তবে বিজিবি এতে বাধা প্রদান করবে। বর্তমানে মাটি কাটার কাজ বন্ধ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছররা গুলিতে ৬ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিল। এ সময় এলাকার কয়েকজন মুরব্বি তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাহিদ ও নাঈমসহ অন্তত ৬ জন ছররা গুলিতে আহত হন। আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধুমপান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে পরদিন রাতে এসে তারা গুলি চালায়। গুলিবিদ্ধদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের পেট ও উরুতে গুলি লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আবাসিক ভবনটির ১২ তলায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের চেম্বারে এই আগুন লেগেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চেম্বারটি অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে ব্যারিস্টার মোয়াজের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সেখানে অফিস করতেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায়। পরে তাদের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ফলে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামের দুজন যুবকের মৃত্যু হয়।
আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের ক্লার্ক এবং জনি ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন বলে জানিয়েছেন তাঁদের হাসপাতালে পৌঁছানোর দায়িত্বে থাকা আইনজীবী সরোয়ার।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, ভবনটি থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
আইনজীবী সরোয়ার বলেন, ভেতরে থাকা দুজন হয়তো বাঁচার জন্য বাথরুমে গিয়েছিলেন। ধোঁয়ায় অক্সিজেনের ঘাটতি হওয়ায় তাঁদের শ্বাসরোধ হতে পারে এবং এ কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই মো. শাহিন হোসেন। তিনি বলেছেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানানো যাবে।
প্রসঙ্গত, এ এফ হাসান আরিফ ছিলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা। তিনি গত বছরের ১৯ ডিসেম্বর মারা গিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিগত বছরগুলোর মতো এবার বাজেট উপস্থাপনের পর ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি, এ বিষয়ে মন্তব্য করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি আরো বলেন, সমালোচনা অবশ্যই হবে, তবে তা হতে হবে গঠনমূলক। অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে।
শনিবার (২৭ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে জয়নুল আবেদীন ফারুক একটি ‘সুন্দর বাজেট’ উপস্থাপনের জন্য অর্থমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।
বাজেট নিয়ে বিরোধীদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে ফারুক বলেন, বহু বাজেট দেখেছি, কিন্তু এবার আমার একটা বিষয় ভালো লেগেছে যে, বাজেট উপস্থাপনের পর ‘মানি না, মানবো না’ আওয়াজটা আসেনি। তিনি মন্তব্য করেন, সমালোচনা আপনারা করুন, জবাব আমরা দেব। তবে সমালোচনা গঠনমূলক হতে হবে।
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের সাম্প্রতিক আত্মত্যাগ যেমন স্মরণ রাখতে হবে, তেমনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসও কখনো ভোলা যাবে না। এ সময়ে তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বললেন, ‘অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দিন, যাতে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকে।’
বাজেটে স্বাস্থ্য খাতে নেওয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, বিদ্যুৎ ও গ্যাস সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর মতে, এ উদ্যোগ শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
নারীর ক্ষমতায়ন ও তরুণদের বেকারত্ব দূরীকরণে বাজেটে গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংসদের সব রাজনৈতিক দলের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।
দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে ফারুক বলেন, ‘বিগত ১৬ বছর যারা দেশ শাসন করেছে তারা গণতন্ত্রকে নস্যাৎ করেছে, মানুষকে নিষ্পেষিত করেছে। গত ১৭ বছরে ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন। আসুন সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে দেশ গড়ি। বাংলাদেশ সবার আগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ