ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙামাটির বরকলে বন্যাদুর্গতদের সহায়তায় বিজিবি


রাঙামাটির বরকলে বন্যাদুর্গতদের সহায়তায় বিজিবি

রাঙামাটির সীমান্তবর্তী অঞ্চলে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে জেলার বরকল উপজেলার ছোট হরিণা সীমান্তের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন।

ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্ত নিয়ন্ত্রীত এ্যারাবুনিয়া ও আমতলা এলাকার ৬০টি বন্যাকবলিত পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল চাল, আটা, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাইসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকা বিজিবির দায়িত্বের অংশ। তিনি জানান, টানা ভারী বর্ষণে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরসহ কয়েকটি বিজিবি ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেও সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্গত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অটোরিকশার গ্যারেজে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ভৈরবে অটোরিকশার গ্যারেজে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মিয়া (৩০) নামে এক যুবক জীবন হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে ঘটে। নিহত যুবক ইমন মিয়া মধ্যেরচর গ্রামের ব্যাপারী বাড়ির মেরাজ মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টার দিকে ইমন মিয়া জাহিদ মিয়ার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে। তিনি দ্রুত গ্যারেজ মালিককে এই ব্যাপারে জানান। গ্যারেজ মালিক তখন দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং ইমনও তাকে সহায়তা করতে গ্যারেজে ঢোকেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এই দেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এই দেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে এবং আমাদের দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। সুতরাং, সবাই যদি মিলে চেষ্টা করি এবং সচেতন হই, তাহলে আমরা পরিবেশকে সুন্দর করতে পারবো। যদি আমাদের পরিবেশটা সুন্দর হয়, তাহলে ভবিষ্যতের বংশধররা একটি সুন্দর ও স্বাস্থ্যকর জায়গায় থাকতে পারবে।

সোমবার (১৩ জুলাই) সকালে, বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে বরিশালের গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণের একটি অনুষ্ঠানে আড়াই হাজার গাছের চারা রোপণে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, আপনারা জনগণ এই দেশের মালিক। সুতরাং, এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে ঘরের যত্ন আমাদের সবারই নিতে হবে।

বক্তব্য চলাকালে, সামনের খালে ভাসতে থাকা প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব জায়গায় ময়লা-আবর্জনা ফেললে খাল-বিল সব বন্ধ হয়ে যাবে। আর খাল-বিল যদি সচল থাকে ও পানি প্রবাহিত হয়, তাহলে এলাকার মানুষের উপকার হবে।

অর্থাৎ, যদি সারা দেশের খাল-বিল ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় ক্ষতি কম হবে বলে তিনি উল্লেখ করেন। রাস্তা দিয়ে আসার সময় তিনি দেখলেন, যেখানে যেখানে বাজার আছে, সেখানকার আশপাশে বিভিন্ন ধরনের কাগজ, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ এবং বোতল ফেলা হয়ে পরিবেশকে নষ্ট করা হচ্ছে। তিনি বললেন, পরিবেশ যদি নষ্ট হয়, তাহলে ক্ষতি আমাদেরই হবে। ঢাকা শহরে গাড়ির ধোঁয়া ও ময়লার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু গ্রামে আসলে কিছুটা ভালো লাগে এবং বুক ভরে শ্বাস নেওয়া যায়। তবে যদি আবর্জনা দিয়ে সব জায়গা ভরে যায়, তাহলে গোটা দেশের পরিবেশ নষ্ট হবে।

তখন ছোট-বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, এবং বিভিন্ন অসুখ-বিসুখ হবে। প্রধানমন্ত্রী মিডিয়ার ভাই-বোনদের মাধ্যমে দেশের সমগ্র মানুষকে অনুরোধ করেন—আসুন, আমরা চেষ্টা করি যেখানে-সেখানে আবর্জনা না ফেলতে। আমাদের ব্যবহার্য যেকোনো জিনিসের ব্যবহার শেষ হলে, অর্থাৎ পানি খেয়ে বোতল কিংবা প্যাকেট ফেলে দিতে হলে সেটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরিবেশ নষ্ট হচ্ছে, এবং পরিবেশ নষ্ট হলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সন্তানেরা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী বলেন, যদি আমরা নিজেদের ঘরকে পরিষ্কার না রাখি, এবং নিজ দেশের যত্ন না নিই, তাহলে বাইরের দেশ থেকে কেউ এসে আমাদের ঠিক করে দেবে না।

তিনি বলেন, আমাদের দেশকে সুন্দর করতে হলে সকলকে চেষ্টা করতে হবে। একটি ঘর যদি ৪/৫ জন মানুষ অপরিষ্কার রাখে, তবে একজন মানুষের জন্য তা পরিষ্কার রাখা অসম্ভব। দেশের ক্ষেত্রেও একইভাবে। তিনি সকলকে আহ্বান জানান, আসুন, আজ থেকে আমরা চেষ্টা করি যত্রতত্র ময়লা ফেলবো না। প্রয়োজন হলে একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতেও হবে। এই প্রতিজ্ঞা ও চেষ্টা আমাদের করতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী উপজেলা পরিষদে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তারা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


কাউখালী উপজেলা পরিষদে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তারা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনই সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সপ্তাহে মাত্র এক বা দুই দিন অফিসে আসায় কাজের পাহাড় জমছে কাউখালীতে।

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে উপজেলার হিসাবরক্ষণ অফিসার, ভেটেরিনারি সার্জন, সমাজসেবা অফিসার, সমবায় অফিসার, মহিলা বিষয়ক অফিসার, খাদ্য নিয়ন্ত্রক অফিসার, পরিসংখ্যান অফিসার, যুব উন্নয়ন অফিসার এবং পোস্টমাস্টারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

শুধু প্রশাসনিক দপ্তরই নয়, উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিভাবক পদও ফাঁকা। কাউখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান शिक्षक এবং সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এখন, এক কর্মকর্তা তিন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তালাবদ্ধ অবস্থায় থাকছেন পরিসংখ্যান অফিসে। সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হয়েছে উপজেলা হিসাবরক্ষণ অফিসে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সিরাজী কাউখালীসহ তিনটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার কাউখালী অফিসে আসেন। ফলে উপজেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের বিল-ভাউচার নিষ্পত্তি, সরকারি অর্থ উত্তোলন এবং আর্থিক কার্যক্রমে দেখা দিয়েছে দীর্ঘসূত্রতা।

একইভাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তামান্না খুরশিদ জাহান তিনটি উপজেলার দায়িত্ব পালন করছেন এবং সপ্তাহে মাত্র একদিন কাউখালীতে অফিস করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত জিয়ান জিয়ানগর উপজেলার মূল দায়িত্বে থেকেই এবং যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেবনাথ নেছারাবাদ উপজেলার মূল দায়িত্বে থেকে সপ্তাহে এক-দুই দিন কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান পিরোজপুর সদর উপজেলায় কর্মরত থেকে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে, উপজেলা সমবায় কর্মকর্তা মানসী ইসলাম কাউখালীর পদে থাকলেও বর্তমানে ঢাকার অধিদপ্তরে সংযুক্ত আছেন। ফলে স্থানীয় সমবায় সমিতিগুলো কোনো সেবা পাচ্ছে না।

অন্যদিকে, উপজেলা পরিসংখ্যান অফিসের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা নেই। অফিসের একমাত্র কর্মচারী মোঃ আসাদুজ্জামান দাপ্তরিক কার্যক্রম চালিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রায়ই উপজেলার বাইরে দায়িত্ব পালন করতে হয়। ফলে অধিকাংশ সময়ই অফিসটি তালাবদ্ধ থাকে। এ ছাড়া পোস্টমাস্টারের পদ শূন্য থাকায় ডাক বিভাগের কার্যক্রমে চরম ধীরগতি নেমে এসেছে।

উপজেলা সদরের বাসিন্দা ভুক্তভোগী মাহফুজুর রহমান তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি জরুরি বিলের কাজ করাতে এসে প্রায় দুই সপ্তাহ ধরে কাউখালী অফিসে ঘুরছি। হিসাবরক্ষণ কর্মকর্তা সপ্তাহে মাত্র একদিন আসেন, তাও আবার কাজের এত চাপ থাকে যে সাধারণ মানুষের সিরিয়াল পাওয়াই কঠিন। কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরেও কাজ শেষ করা যাচ্ছে না। আমাদের মতো সাধারণ মানুষের সময় ও অর্থ—দুইই নষ্ট হচ্ছে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।"

সার্বিক এই সংকটের বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, "কাউখালী উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কাজে কিছুটা গতিহীনতা তৈরি হয়েছে, এটি সত্য। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজ উপজেলার কাজ শেষ করে এখানে সময় দেন, যার ফলে সাধারণ মানুষকে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। পরিসংখ্যান অফিসসহ যেসব দপ্তর তালাবদ্ধ বা জনবল সংকটে রয়েছে, সেগুলোর বিষয়ে আমরা অবগত আছি।"

তিনি বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে শূন্য পদগুলোতে দ্রুত স্থায়ী কর্মকর্তা পদায়নের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি এবং নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো থেকে স্থায়ী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

‎রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার সম্পর্কিত অপপ্রচার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. নায়েব আলী।

সংবাদ সম্মেলনের সময় লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। তার নিজস্ব বাড়ি বালিয়াকান্দি-আমতলা সড়কের পাশে অবস্থিত। তিনি বিভিন্ন মুরগির খামার থেকে বড় মুরগি ক্রয় করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করেন। বিক্রির আগে কিছু মুরগি বিভিন্ন সময়ে তার বাড়ির সংলগ্ন স্থানে এক বা দুই দিনের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে।

তিনি অভিযোগ করেছেন, তার ব্যবসা গড়ে ওঠার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল তাকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছে। এসব অভিযোগের কারণে তার ব্যবসা এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। নায়েব আলী আরও জানান, তিনি কখনোই ছোট মুরগি লালন-পালন করে বড় করেন না। শুধুমাত্র বাজারজাত করার উদ্দেশ্যে বড় মুরগি ক্রয় করে তা অল্প সময়ের জন্য সংরক্ষণ করেন। সেই কারণে, তার কার্যক্রমে আশেপাশের মানুষের ক্ষতি বা কোন রকম পরিবেশ দূষণের সৃষ্টি হয় না।

তিনি দাবি করেছেন, তার সংরক্ষণস্থল সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়, এবং সেখান থেকে কোন ধরনের দুর্গন্ধ বের হয় না। তাই, প্রকৃত তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবসায়ী মো. নায়েব আলী। তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%