০৯:২১ পি.এম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাঁচ ব্যাংকের আমানতকারীদের প্রসঙ্গে বলেছেন, "নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদসহ ফেরত পাবে। এটি নিশ্চিতভাবে বলা যাবে। তবে এজন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। একটু সময় লাগবে।"
বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলি বলেন।
রেহানা আক্তার রানু এমপি মন্তব্য করেন, "পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে।" তিনি আরও বলেন, "পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার প্রায় আট মাস পার হলেও গ্রাহকদের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি।" তিনি উল্লেখ করেন, "সীমিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হলেও বিপুল অঙ্কের আমানত কবে পুরোপুরি ফেরত দেওয়া সম্ভব হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। ফলে প্রায় ৭৫ লাখ গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।"
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
এরপর অর্থমন্ত্রী বলেন, "স্পিকার আমি আগেই বলেছি এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এটার সঠিক সমাধান দেওয়া। এরই মধ্যে আমি আগেও সংসদে বলেছি যারা আমানতকারী, তাদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এই ব্যাংকগুলো সবগুলোই লোকসানের মধ্যে আছে এবং লোকসান কিন্তু প্রতিদিন বাড়ছে।"
তিনি আরও বলেন, "লোকসানি একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানত ফিরিয়ে দিতে পারছে না। এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনার বুঝতে হবে। তারপরও একটা নির্বাচিত সরকার হিসেবে জনগণের স্বার্থ সংরক্ষণে নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে। কিন্তু এজন্য একটা সময়ের প্রয়োজন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন