ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান


হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান

হরমুজ প্রণালির নিকটবর্তী অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা এবং পাল্টা হামলার কারণে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে যে, ইরান মার্কিন জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। উভয় পক্ষই একে অপরকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ইরান, হরমুজ দিয়ে যাতায়াতকারী অন্যান্য দেশগুলিকেও সতর্ক করেছে।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের নৌসেনার দু’টি জাহাজকে নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর জবাবে, আমেরিকা তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা করেছে। এর মধ্যে একটি হামলা খার্গ দ্বীপের উপকূলে, যা ইরানের তেল রফতানির একটি প্রধান কেন্দ্র।

সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার সতর্ক করে বলেন, “আইআরজিসি-র উদ্দেশে আমাদের বার্তা খুব স্পষ্ট। তোমরা যদি আমাদের দুটো জাহাজে গুলি করো, আমরা আরও বড় হামলা করব, তোমাদের তিনটে নিয়ে উড়িয়ে দেব।”

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির পর, ইরানও প্রতিক্রিয়া জানাতে পিছপা হয়নি। তাদের দাবি, তিনটি মার্কিন ট্যাঙ্কার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি-র নৌবাহিনী একটি বিবৃতিতে অন্যান্য দেশের উদ্দেশে বলেছে, “যুক্তরাষ্ট্রের জঙ্গি সেনার কথায় কেউ বিভ্রান্ত হবেন না। অনুমোদিত জলপথ দিয়ে চলাচল করুন। কোনও সন্দেহজনক তৎপরতা দেখাবেন না। না-হলে এর পরের হামলা আপনাদের উপর হবে।”

তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা এবং পাল্টা হামলার ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি দীর্ঘকাল ধরে দুই দেশের বিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এরপর থেকেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে ধারাবাহিকভাবে নিশানা করেছে ইরান। হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়ে তারা শুল্ক দাবি করেছে। একাধিক বাণিজ্যিক পণ্যবাহী জাহাজও হরমুজে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে আর্থিক এবং সামরিকভাবে এতটাই দুর্বল করে দেওয়া, যাতে তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেইসঙ্গে, ইরানের নেতৃত্ব পরিবর্তনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক স্তরে দুই দেশের সংঘর্ষ থামাতে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। কিন্তু গত কয়েক দিনে হরমুজের তীরে উত্তাপ আবার বেড়ে গেছে।

সূত্র:

আনন্দবাজার

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ব্যবসায়ী অস্ত্রবাজদের আতংক ওসি সাজেদু্ল ২ মাসে সোয়া লাখ ইয়াবাসহ ২৮৬ জন অপরাধী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন প্রতিবেদক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


মাদক ব্যবসায়ী অস্ত্রবাজদের আতংক ওসি সাজেদু্ল ২ মাসে সোয়া লাখ ইয়াবাসহ ২৮৬ জন অপরাধী গ্রেফতার

মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ডাকাত দলের আতংক হয়ে উঠেছেন কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

সাহসিকতার সাথে তিনি মাত্র ২ মাসের মধ্যে মাদক পাচারকারী এবং চোর ডাকাতসহ ২৮৬ জন অপরাধীকে আটক করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন, যা থানার আইনশৃঙ্খলার স্বাভাবিকতা বজায় রাখতে সহায়তা করেছে।

অনুসন্ধান থেকে জানা যায়, চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখে দাউদকান্দি থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।

থানা এলাকার মহাসড়কে টহল দেওয়ার মাধ্যমে গত চলতি মাসের ০৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত, ১ লক্ষ ২৪ হাজার ৯শত ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭শত ২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫শত ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২শত ১ বোতল স্কাফ সিরাপ, ৬ বোতল বোটকা মদ, ২ টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলিসহ মাদক মামলার ৫৮ জন, গ্রেফতারী পরোয়ানার ৯৪ জন, ডাকাতির সাথে জড়িত ৫৬ জন, চুরি ও ছিনতাইকারী ২৮ জনসহ মোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি থানার পুলিশের অব্যাহত অভিযানের ফলে থানা এলাকার সাধারণ নাগরিকদের জীবনযাত্রা শান্তিপূর্ণ রয়েছে, যা নাগরিক সমাজে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহায়তা করছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, "কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ স্থান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় আওয়ামী লীগ পতনের পরও থামেনি দুই ভাইয়ের সন্ত্রাসী তাণ্ডব: আতঙ্কে পাতাকাটা গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


বরগুনায় আওয়ামী লীগ পতনের পরও থামেনি দুই ভাইয়ের সন্ত্রাসী তাণ্ডব: আতঙ্কে পাতাকাটা গ্রাম

বরগুনার উপকূলীয় এলাকায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও বরগুনা সদর উপজেলার ৯ নম্বর বালিয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামে কমেনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসরদের প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড। অভিযোগ উঠেছে, এলাকার বাসিন্দা নাসিম সিকদার ও তার ভাই রিয়াজ সিকদারের গড়ে তোলা সশস্ত্র বাহিনীর চাঁদাবাজি, ভূমি দখল এবং লাগাতার হুমকিতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নাসিম সিকদার ও রিয়াজ সিকদার সাবেক বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিকের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে অপকর্ম চালিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বরগুনা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বাসাবাড়িতে হামলার পেছনে এই দুই ভাইয়ের সরাসরি ইন্ধন ও নেতৃত্ব ছিল।

এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হলেও পাতাকাটা গ্রামে দুই ভাইয়ের দাপট কমেনি। তারা জোরপূর্বক মানুষের বসতবাড়ি ও জমি দখল, চাঁদাবাজি এবং পুকুর থেকে মাছ ধরে বিক্রির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এমনকি প্রতিবাদ করতে গেলে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালানো এবং সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রিয়াজ সিকদার বর্তমানে বিদেশে অবস্থান করলেও সেখান থেকে কলকাঠির মাধ্যমে দেশে থাকা ক্যাডার বাহিনীকে বিভিন্ন অপকর্মের দিকনির্দেশনা দিচ্ছেন। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও অপমান-অপদস্থ হচ্ছেন, ফলে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক সামাজিক পরিবেশ।

ভুক্তভোগী পাতাকাটা গ্রামের বাসিন্দা ইউনুস মৃধা বলেন, সরকারের পতন হলেও এই দুই ভাইয়ের অত্যাচার থামেনি। আমার পৈতৃক ভিটেমাটি এবং আদালতের রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও তারা স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মানুষকে প্রকাশ্যে লাঞ্ছিত করা এবং মিথ্যা অপবাদ ছড়ানোর কাজেও তারা জড়িত। আমরা অবিলম্বে এই দুই ভাইয়ের বিচার চাই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন—আইনশৃঙ্খলা বাহিনী যেন এই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করে। অন্যথায় ভবিষ্যতে গ্রামে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত নাসিম সিকদারের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, সার্বিক বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তাকেও ফোনে পাওয়া যায়নি।

(প্রতিবেদনে উল্লিখিত বিষয়াবলি স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পুরো ঘটনার সত্যতা যাচাই এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত কাম্য।)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল, যারা টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে দুর্গাপুর উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করেছে।

শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেন, "রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।" তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, "খেলায় হার-জিত থাকবেই। তবে শেষ পর্যন্ত জয় হবে রাজশিয়ার এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।" তিনি সরকারের লক্ষ্য হিসেবে নতুন প্রজন্মকে মাঠমুখী করে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, রাজশাহীর ঐতিহ্যবাহী বড় স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের জাতীয় ক্রিকেট দলগুলোর অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী রাজশাহী মহানগরীর ১৬টি ছোট-বড় মাঠ বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এসব মাঠ দ্রুত সংস্কার করে খেলার উপযোগী ও সবুজ মাঠ হিসেবে গড়ে তোলা হবে।

ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহীর স্কুল-কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। তিনি ভবিষ্যতে "প্রাইম মিনিস্টার গোল্ড কাপ" সহ আরও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর ও পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুর্গাপুর দলের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন দুর্গাপুরের জুবায়ের। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুরের বাদল এবং সেরা গোলকিপার হয়েছেন একই দলের আবু রায়হান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। নায়িকা দীপিকা পাড়ুকোন যখন নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার দাবি তুলেছিলেন, তখন ইন্ডাস্ট্রিতে এ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। এমনকি, এই অবস্থানের কারণে সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টিও সামনে এসেছিল। এই বিতর্কের প্রেক্ষাপটে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি টানা ১৮ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন সিনেমা ‘ভাইব’-এর শুটিং দ্রুত শেষ করার জন্য দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত সেটে ছিলেন প্রীতি। তবে, বিষয়টি যে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তা তিনি স্পষ্ট করেছেন। বরং, সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ থেকেই তিনি নিজের ইচ্ছায় এত দীর্ঘ সময় কাজ করেছেন। ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রীতি জানান, সিনেমাটির কাজ শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন।

অভিনেত্রীর ভাষায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।”

তবে, টানা এত দীর্ঘ সময় কাজ করা সহজ ছিল না বলেও জানান প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা কুণাল খেমু। ‘ভাইব’-এর আগে ২০২৪ সালে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন প্রীতি জিনতা। এর আগে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর তিনি অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন।

ব্যক্তিজীবনে এই সময়টায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন প্রীতি। ২০১৫ সালের শেষ দিকে তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরের বছর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে জিন গুডএনাফকে বিয়ে করেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রীতির স্বামী জিন গুডএনাফ সেখানে ব্যবসা করেন।

পরে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন প্রীতি। বর্তমানে তিনি সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে ভারত এসে অভিনয়ের কাজে ব্যস্ত রয়েছেন। আর সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদই তাকে ‘ভাইব’-এর শুটিংয়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে অনুপ্রাণিত করেছে বলে জানান অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%