ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?’


‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?’

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ কথা তুলে ধরেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

আরও পড়ুন: বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে

পোস্টে তিনি নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবি যুক্ত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠে।

এই ঘটনার ফলে আগুন লেগে ঘর পুড়ে গেছে এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরালায় হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় মসজিদ কর্তৃপক্ষের দরজা খুলে দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


কেরালায় হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় মসজিদ কর্তৃপক্ষের দরজা খুলে দিল

ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার একটি অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে। এক হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য মসজিদ কর্তৃপক্ষ তাদের দরজা খুলে দিয়েছে।

মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সি হিন্দু নারী প্রেমলতা মারা যান। তার শেষকৃত্যের আয়োজন পাল্লিক্কারা খাদিজা মসজিদে করা হয়।

ভাড়া বাড়িতে জায়গার অভাবে তার লাশ গোসল করানোর ক্ষেত্রে স্বজনদের সমস্যা সৃষ্টি হয়। তখন মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা মসজিদের ভেতরেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন।

এতে স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেন। পরে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহ সম্পন্ন হয়।

কেরালার মুখ্যমন্ত্রী সতীশন এই ঘটনা প্রসঙ্গে বলেন, "ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিকতার এই চেতনাই কেরালার বিশেষত্ব। ভারতের সর্বত্র এই সম্প্রীতির চর্চা ছড়িয়ে পড়ুক।"

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতাকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতাকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেত্রী শারমিন আক্তার রিতা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে ৩৫ বছর বয়সী মেহেদী হাসান নামে এক যুবকের মৃত্যু ঘটে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার সুলতান শিকদার ও মমতাজ বেগমের সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত যুবককে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজামামের তালিকায় বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ইনজামামের তালিকায় বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন, তা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক ভালোভাবেই জানেন। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি রয়েছেন, যারা নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও ক্যারিয়ারে কখনো বিশ্বকাপের ট্রফি হাতে তুলতে পারেননি। ইনজামাম সেই আক্ষেপের গল্প তুলে ধরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে প্রকাশিত নিজের কলামে বিশ্বকাপ না-জেতা ১২ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটার। তার মতে, এই ক্রিকেটারদের প্রত্যেকের অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা ছিল।

কলামে ইনজামাম ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণা করে জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা জয়ের রাতটি তার ক্রিকেটজীবনের অন্যতম সেরা মুহূর্ত। বিশ্বকাপ জয়ের আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিচিতি খুব বেশি ছিল না। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। কিন্তু বিশ্বকাপের ট্রফি ছুয়ে দেখার সৌভাগ্য যাদের হয়নি, তাদের কথা ভাবলে এখনো তার খারাপ লাগে।

এ প্রসঙ্গে স্যার রিচার্ড হ্যাডলি, জহির আব্বাস, আবদুল কাদির ও ডেনিস লিলির নামও উল্লেখ করেছেন তিনি। এরপর নিজের পছন্দের ১২ ক্রিকেটারের কথা তুলে ধরেছেন।

সাঈদ আনোয়ার, পাকিস্তান

পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারকে ইনজামাম নিজের পছন্দের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটার মনে করেন। তার মতে, ব্যাটিংয়ে সৌন্দর্য ও শক্তির অসাধারণ সমন্বয় ছিল সাঈদের খেলায়। ৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেও তার শটের মধ্যে ছিল দারুণ মাধুর্য।

১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাঈদের দুর্দান্ত সেঞ্চুরির কথাও স্মরণ করেছেন ইনজামাম। ফাইনালেও তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল। তবে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের।

এ ছাড়া ১৯৯৭ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সাঈদের ১৯৪ রানের ইনিংস এবং ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে করা শতকের কথাও উল্লেখ করেছেন তিনি। ইনজামামের মতে, এমন একজন ব্যাটারের হাতে বিশ্বকাপের ট্রফি উঠলে সেটি দারুণ হতো।

সৌরভ গাঙ্গুলী, ভারত

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিশ্বকাপ না জেতাকে দুর্ভাগ্যজনক মনে করেন ইনজামাম। তার মতে, সৌরভের নেতৃত্বেই ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়ে গিয়েছিল।

সৌরভের ব্যাটিংয়ের বিশেষত্ব ছিল অফ সাইডে তার অসাধারণ দক্ষতা। ওই অঞ্চলে তার শট খেলার ধরন ছিল দৃষ্টিনন্দন। ইনজামামের পর্যবেক্ষণ, সৌরভ ভালো রান পেলেই বেশির ভাগ সময় ভারত জয়ের পথে এগিয়ে যেত।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের প্রসঙ্গ টেনে ইনজামাম বলেন, প্রতিভাবান এই অধিনায়কের হাতে বিশ্বকাপের ট্রফি না ওঠাটা সত্যিই হতাশার।

ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ

ব্রায়ান লারাকে ইনজামাম নিজের দেখা সেরা বাঁহাতি ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করেন। টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট—যেকোনো সংস্করণের বিশ্ব একাদশ গড়লেও লারা থাকতেন তার পছন্দের তালিকার প্রথম দিকে।

ইনজামামের মতে, লারা ছিলেন অসাধারণ ম্যাচজয়ী ক্রিকেটার। বিশেষ করে রান তাড়ার সময় তার সামর্থ্য ছিল অসাধারণ। প্রতিপক্ষের বোলিং আক্রমণ যত শক্তিশালীই হোক, ওভারপ্রতি সাত-আট রান তোলার সক্ষমতা ছিল তার। মাঠের চারপাশে শট খেলার দক্ষতাও তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল।

১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের একপর্যায়ে ক্যারিবীয়দের জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় তারা। ফলে লারার বিশ্বকাপ জয়ের স্বপ্নও অপূর্ণ থেকে যায়।

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

ইনজামামের চোখে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সমান কার্যকর হওয়ায় যেকোনো দলে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল তার।

ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরই ক্যালিসকে নিজের পছন্দের তালিকায় রাখেন ইনজামাম। তার মতে, স্যার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করার মতো সামর্থ্য ছিল দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের।

ক্যালিসের বোলিং দক্ষতার কথাও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি। পুরোনো বলে রিভার্স সুইং করানোর পাশাপাশি নতুন বলে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করার সামর্থ্য ছিল তার। ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের ভালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকে যায় ক্যালিসের।

মার্টিন ক্রো, নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোকে ইনজামাম নিজের সর্বকালের প্রিয় ক্রিকেটারদের একজন হিসেবে উল্লেখ করেছেন। স্পিন ও পেস—দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই তার ব্যাটিং দক্ষতা ছিল অসাধারণ।

ইনজামামের মতে, অনেক বড় ব্যাটার দেখলেও কৌশলগত দিক থেকে ক্রোর ব্যাটিং তাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল।

১৯৯২ বিশ্বকাপে ক্রোর দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দল হিসেবেও বেশ শক্তিশালী ছিল তারা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় কিউইদের। ইনজামামের মতে, বিশ্বকাপ জয়ের যোগ্যতা ক্রোর ছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের সেরা ক্রিকেট খেলেই নিউজিল্যান্ডের যাত্রা থামিয়ে দেয়।

রাহুল দ্রাবিড়, ভারত

ভারতের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ ছিলেন রাহুল দ্রাবিড়। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণে পরিচিতি পেয়েছিলেন ‘দ্য ওয়াল’ নামে। বিভিন্ন ধরনের শট খেলার দক্ষতায় বহু ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন প্রায় ১১ হাজার রান নিয়ে।

সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের সঙ্গে মিলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়ে তুলেছিলেন দ্রাবিড়। তবে এত তারকা ক্রিকেটার একসঙ্গে খেলেও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি।

ইনজামামের মতে, সৌরভের মতো দ্রাবিড়েরও বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ২০০৩ সালে। কিন্তু ফাইনালে রিকি পন্টিংয়ের অসাধারণ ইনিংসে ভারতের স্বপ্ন ভেঙে যায়।

ইয়ান বোথাম, ইংল্যান্ড

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামকে ইনজামাম নিজের দেখা অন্যতম আক্রমণাত্মক ক্রিকেটার মনে করেন। এমন এক সময়ে তিনি খেলেছেন, যখন ওয়ানডে ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রচলন আজকের মতো ছিল না। তবু ব্যাট ও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বোথাম।

ইনজামামের মতে, জ্যাক ক্যালিসের আগে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সমান দক্ষ একজন অলরাউন্ডার ছিলেন বোথাম। স্লিপে তার ক্যাচ ধরার দক্ষতাও ছিল অসাধারণ।

১৯৯২ বিশ্বকাপ ফাইনালে দ্রুত বোথামকে আউট করতে পেরে পাকিস্তান ভাগ্যবান ছিল বলে মনে করেন ইনজামাম। কারণ, উইকেটে টিকে থাকলে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন তিনি। তবে বোথামের বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ১৯৮৩ সালে বলে মনে করেন ইনজামাম।

অনিল কুম্বলে, ভারত

ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল নিয়ন্ত্রণ। বল খুব বেশি ঘোরাতে না পারলেও নিখুঁত লাইন ও লেংথ দিয়ে ব্যাটারদের চাপে রাখতেন তিনি।

ইনজামামের মতে, সহায়ক উইকেট পেলে কুম্বলে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে পারতেন। তার আগ্রাসী মানসিকতাও মুগ্ধ করত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে। পেসারদের মতোই আক্রমণাত্মক মনোভাব নিয়ে বোলিং করতেন কুম্বলে।

২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের স্বপ্নভঙ্গের মধ্য দিয়েই কুম্বলের বিশ্বকাপ জয়ের আশাও শেষ হয়ে যায় বলে মনে করেন ইনজামাম।

ওয়াকার ইউনিস, পাকিস্তান

পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসের বিশ্বকাপ না জেতার গল্পটি ইনজামামের কাছে বিশেষভাবে কষ্টের। ১৯৯২ বিশ্বকাপে পিঠের চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে হয়েছিল ওয়াকারকে।

ইনজামাম স্মরণ করেছেন, বিশ্বকাপ জয়ের পর পাকিস্তান দল ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে কাঁদছিলেন ওয়াকার। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে না পারার কষ্ট তার চোখেমুখে স্পষ্ট ছিল।

ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকারের বোলিং জুটিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর জুটি হিসেবে উল্লেখ করেছেন ইনজামাম। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের নাজেহাল করতেন তারা।

১৯৯৯ বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের হার এবং ২০১১ সালে মোহালিতে ভারতের কাছে পরাজয়ের সময়ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি ওয়াকারের। দ্বিতীয় ঘটনাটির সময় তিনি ছিলেন পাকিস্তান দলের কোচ।

অ্যালান ডোনাল্ড, দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডের গতি প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলেন ইনজামাম। ১৯৯২ সালে তার বিপক্ষে ব্যাট করার অভিজ্ঞতা তুলে ধরে ইনজামাম জানান, তখন ডোনাল্ড রিভার্স সুইংয়ে খুব একটা দক্ষ ছিলেন না। তবে অল্প সময়ের মধ্যেই এই কৌশল আয়ত্ত করে নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের শুরুর দিকের সাফল্যে ডোনাল্ডের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাতেন এই পেসার। কিন্তু ক্যারিয়ারে একবারও বিশ্বকাপ জেতা হয়নি তাঁর।

১৯৯২ বিশ্বকাপে বৃষ্টির কারণে বদলে যাওয়া সমীকরণ, ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর ক্যাচ হাতছাড়া করা এবং সেমিফাইনালের সেই নাটকীয় টাই—একের পর এক ঘটনা ডোনাল্ডকে বিশ্বকাপের ট্রফি থেকে দূরে সরিয়ে রেখেছিল।

কার্টলি অ্যামব্রোস, ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টলি অ্যামব্রোসের উচ্চতা ও বোলিং দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। ইনজামামের মতে, এত দীর্ঘদেহী একজন বোলারের দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া নিজেই বড় অর্জন।

অ্যামব্রোসের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল নিখুঁত লাইন ও লেংথ। দুই দিকেই বল সুইং করাতে পারতেন তিনি। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে ব্যাটারদের জন্য তাকে সামলানো কঠিন ছিল।

মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল ও অ্যান্ডি রবার্টসের মতো কিংবদন্তি পেসাররা বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি বেঁধে তা অনেকটাই পূরণ করেছিলেন অ্যামব্রোস।

ব্রায়ান লারা ও কোর্টনি ওয়ালশের মতো অ্যামব্রোসেরও ১৯৯৬ বিশ্বকাপে শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।

জন্টি রোডস, দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসকে তালিকার শেষ ক্রিকেটার হিসেবে রেখেছেন ইনজামাম। তার মতে, শুধু ফিল্ডিং দক্ষতার কারণেই যেকোনো দলের একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল জন্টির।

জন্টির বিপক্ষে খেলতে নামলে ব্যাটারদের রান হিসাব করার সময় তার ফিল্ডিংয়ের কারণে ৩০-৪০ রান কম ধরে রাখতে হতো বলে জানিয়েছেন ইনজামাম। ১৯৯২ বিশ্বকাপে তাকে রানআউট করার সেই স্মৃতিও এখনো মনে আছে পাকিস্তানের সাবেক এই ব্যাটারের।

ইনজামামের মতে, জন্টির অসাধারণ অ্যাথলেটিক দক্ষতা শুধু তার নিজের পারফরম্যান্সেই প্রভাব ফেলেনি, পুরো দলের ফিল্ডিংয়ের মানসিকতা বদলে দিয়েছিল। সতীর্থদেরও ভালো ফিল্ডিং করতে অনুপ্রাণিত করতেন তিনি।

ক্রিকেটে ফিল্ডিংয়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার পেছনে জন্টি রোডসের বড় অবদান রয়েছে বলেও মনে করেন ইনজামাম।

সবশেষে ইনজামাম মনে করিয়ে দিয়েছেন, এই ১২ ক্রিকেটার নিজেদের সময়ে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং দিয়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। তাদের প্রত্যেকেরই বিশ্বকাপ জয়ের সামর্থ্য ছিল। কিন্তু সব সময় যোগ্যতার ভিত্তিতে ক্রিকেটে সাফল্য আসে না।

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন ইনজামাম। মেলবোর্নের সেই ট্রফি জয়ের স্মৃতি আজও তার কাছে অমূল্য। তবে ইসলামাবাদ বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলের বাইরে থাকা ওয়াকার ইউনিসের কান্নার দৃশ্য তাকে মনে করিয়ে দেয়, শিরোপা জয়ের আনন্দ যেমন অসাধারণ, তেমনি সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্টও অনেক গভীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%