ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাংলায় মুসলিম শাসনের ফলে স্থানীয় ভাষার বিকাশ ও সংস্কৃতির উন্নতি


বাংলায় মুসলিম শাসনের ফলে স্থানীয় ভাষার বিকাশ ও সংস্কৃতির উন্নতি

ঘুরি সালতানাতের সেনাপতি ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে নবদ্বীপে লক্ষ্মণ সেনকে পরাজিত করেন এবং সেন রাজাকে বাংলার দক্ষিণে আরো অভ্যন্তরে পালাতে বাধ্য করেন। লক্ষ্মণ সেন ১২০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। আনুমানিক ১২৭২ খ্রিষ্টাব্দে টিকে থাকা সেন বংশের হাত থেকে পূর্ববঙ্গ বিজয় সম্পন্ন করেন সুলতান মুগিসুদ্দিন তুঘরিল। তবে মুসলিম শাসকদের মধ্যে যিনি এই বদ্বীপের সব অঞ্চল—গৌড়, বরেন্দ্র, সাতগাঁও, সমতট, হরিকেল ও বঙ্গ একক প্রশাসনিক কর্তৃত্বের অধীনে আনতে সক্ষম হন, তিনি হলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ১৩৫২ খ্রিষ্টাব্দে সোনারগাঁ দখল করে তিনি বাংলার সব অংশকে একক ও অখণ্ড প্রশাসনিক কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করেন এবং ‘সুলতানে বাঙ্গালা’ উপাধি গ্রহণ করেন। পরবর্তী দুই শতকে বাংলার সুলতানরা নিজেদের ক্ষমতা সুসংহত করেন এবং চীনসহ উপমহাদেশের বাইরের বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত বই ‘ডিসকভারি অব ইন্ডিয়া’তে কিংবদন্তিতুল্য সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের এক উত্তরসূরির চীনা সম্রাটকে উপহার পাঠানোর একটি মজার উপাখ্যান বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলা তখন দিল্লির আধিপত্য ঝেড়ে ফেলে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে চীনের রাজা হু-শিয়েন ও ফিন-শিয়েন নামে দুজন রাজদূতকে বাংলার সুলতানের কাছে পাঠান। এর ফলে সুলতান গিয়াসউদ্দিনের শাসনকালে বাংলা থেকে চীনে একের পর এক রাজদূত প্রেরিত হতে থাকে। তখন ছিল চীনে মিং সম্রাটদের যুগ। পরবর্তী দূতদলগুলোর একটি, ১৪১৪ সালে সাইফুদ্দিনের পাঠানো দলটি, বহু মূল্যবান উপহার নিয়ে চীনে গিয়েছিল। তার মধ্যে ছিল একটি জীবন্ত জিরাফ। জিরাফ কীভাবে ভারতে পৌঁছাল, তা এক রহস্য; সম্ভবত আফ্রিকা থেকে উপহার হিসেবে এসেছিল এবং বিরল বস্তু হিসেবে কদর পাবে ভেবে মিং সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম সুলতানরা পবিত্র মক্কা ও মদিনার অধিবাসীদের কাছে নিয়মিত উপহার পাঠাতেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পবিত্র নগরী দুটিতে দুটি মাদরাসা নির্মাণ করিয়েছিলেন। তৎকালীন বাংলার সুফিদের প্রতিও সুলতানের গভীর শ্রদ্ধা ছিল। বলা হয়, তিনি এবং বিখ্যাত সাধক শায়খ নূর কুতুব আলম আরেক শ্রদ্ধেয় সাধক শায়খ হামিদউদ্দিনের কাছে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। মুসলিম সুলতানরা আরবি, ফারসি, বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী এবং পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজেও একজন খ্যাতিমান কবি ছিলেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী, সুলতান তার রচিত একটি ফারসি দ্বিপদী কবিতা সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানিয়ে বিখ্যাত পারস্য কবি হাফিজের কাছে বার্তা পাঠিয়েছিলেন। তিনি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। হাফিজ কবিতাটি সম্পূর্ণ করে দিলেও পারস্য থেকে এত দূরের দেশে আসতে পারেননি।

বাংলা ভাষার বিকাশও বহুলাংশে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার কাছে ঋণী। মুসলিমদের আগমনের আগে কঠোর ব্রাহ্মণ্য সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অধীনে কথ্য ভাষায় সাহিত্য রচনার কোনো সুযোগ ছিল না। প্রাচীনকালে আর্যরা সাধারণত গঙ্গা নদীর পূর্বতীর ছাড়িয়ে আরো আগে অবস্থিত বদ্বীপের অধিবাসীদের অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখত। ড. নীহাররঞ্জন রায় বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন, আর্যরা বঙ্গ, পুণ্ড্র ও মগধের মানুষকে বর্বর মনে করত। সেন শাসকরা ছিল আর্য ধর্ম ও রীতিনীতির চরমপন্থি অনুসারী। কর্ণাটকের ক্ষত্রিয় সেন রাজারা শুধু সংস্কৃতেরই পৃষ্ঠপোষকতা করেননি, শিক্ষা, ধর্ম ও রাজদরবারে কথ্য ভাষার ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতরা ঘোষণা করেছিলেন, হিন্দু ধর্মীয় ও পৌরাণিক গ্রন্থ বাংলায় লেখা বা পড়া অশালীন। মুসলিম বিজয়ের ফলে স্থানীয় মানুষ জ্ঞানের ওপর ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার থেকে মুক্তি পায়। স্বাধীন বাংলার সুলতানি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেষ পর্যন্ত ব্রাহ্মণদের আরোপিত শৃঙ্খল ভেঙে যায়। বাংলার সুলতানরা বাংলাভাষী না হলেও কথ্যভাষায় সাহিত্যচর্চার সক্রিয় পৃষ্ঠপোষকতা করেছিলেন। বাংলা লোকসাহিত্য গবেষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনেশচন্দ্র সেন ১৮৯৬ সালে লিখেছিলেন, ‘বাংলা ভাষা কীভাবে এমন সমৃদ্ধ রাজদরবারে প্রবেশ করতে পারল? ব্রাহ্মণরা যে এই ভাষাকে সম্পূর্ণ অবজ্ঞার চোখে দেখতেন, তা আগেই বলা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা হঠাৎ এই ভাষার প্রতি সদয় হয়ে উঠলেন কেন? আমরা বিশ্বাস করি, বাংলায় মুসলিম বিজয়ই বাংলা ভাষার সৌভাগ্যের কারণ। মধ্য এশিয়া বা অন্যান্য স্থান থেকে আগত মুসলিমরা এ দেশে আসার পর বাঙালি হয়ে গেলেন। তারা হিন্দু প্রজাদের পাশাপাশি বসবাস করতে শুরু করলেন। মুসলিমদের মসজিদের পাশেই বাজল হিন্দু মন্দিরের ঘণ্টা। পূজা, রাস ও হোলির মতো হিন্দু উৎসবের পাশাপাশি পালিত হলো মহরম ও ঈদ।

আরও পড়ুন: সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের নেপাল বিজয়: বাংলা সালতানাতের সামরিক সাফল্য

আরেকজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী সুকুমার সেন বাংলা ভাষার বর্তমান রূপে বিবর্তনের প্রধান কারণ হিসেবে মুসলিম প্রভাবকে চিহ্নিত করেছেন। গোলাম মুরশিদ তার ‘হাজার বছরের বাংলা সংস্কৃতি’ গ্রন্থে লিখেছেন, ‘যে যুগে রামায়ণ, মহাভারত ও আঠারো পুরাণ কথ্যভাষায় পড়া বা শোনা গুরুতর পাপ বলে গণ্য হতো, সেই যুগে সুলতানদের ‘আশীর্বাদ’ ছাড়া ওই কবিরা সেসব কাহিনি বাংলায় অনুবাদ করার সাহস পেতেন কি না, সন্দেহ। তারা যে তৎকালীন শাসকদের কাছ থেকে প্রবল উৎসাহ পেয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বস্তুত সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৩০ জন মৎস্য চাষী এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরে বলেন,
প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধ জাল বা ক্ষতিকর উপায়ে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত বলেন,
মাছের অবাধ বংশবৃদ্ধির জন্য নদী ও খালের অভয়াশ্রমগুলোতে নির্বিঘ্নে মাছের চলাচল নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে।
আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। পুকুর বা জলাশয়ের পানির গুণগত মান রক্ষা এবং সুষম খাদ্য ব্যবহারের বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%