ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
বাড়ছে রাজস্ব আদায়

কাস্টমসের তৎপরতা বেড়েছে বিমানবন্দরে


কাস্টমসের তৎপরতা বেড়েছে বিমানবন্দরে

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে চোরাচালান প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি রুখতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তৎপরতা বেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেনাপোল সীমান্তসহ বিভিন্ন কাস্টমস স্টেশনে আগস্ট মাসের প্রথম তিন সপ্তাহে বড় অভিযান পরিচালনা করা হয়। এসব সাঁড়াশি অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সোনা, বিদেশি সিগারেট, আইফোন, মূল্যবান প্রসাধনী ও মদ। যাত্রী প্রোফাইলিং, গোপন গোয়েন্দা তথ্য এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারির মাধ্যমে এসব নিত্যনতুন ও অভিনব কৌশল নস্যাৎ করে দিচ্ছেন রাজস্ব কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দাদের এ অভিযানের প্রভাব সরাসরি পড়ছে জাতীয় অর্থনীতিতে। এতে বৈধ পথে ব্যবসাবাণিজ্য ও প্রবাসী আয় আনায় উৎসাহিত হচ্ছেন দেশের নাগরিকরা। 

এনবিআরের তথ্য অনুসারে আগস্টের প্রথম তিন সপ্তাহে দেখা যায়, প্রায় ১৫ কোটিরও বেশি টাকার পণ্য জব্দ করা হয়। এর মধ্যে বড় একক অভিযান হয় চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত ফ্লাইট থেকে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। এ ছাড়া যাত্রীর অন্তর্বাসে লুকানো পেস্ট ও বারসহ বিভিন্ন অভিযানে কয়েক কেজি সোনা আটক করা হয়। চট্টগ্রাম ও ঢাকায় মিথ্যা ঘোষণার পণ্যে অতিরিক্ত শুল্ক ও জরিমানা আদায়ও বেড়েছে।

অন্তর্বাসে সোনা ও ট্রলিতে গোপন পকেট, অভিনব কৌশলেও রেহাই নেই : কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি চোরাচালানকারীরা সোনা ও মূল্যবান পণ্য বহনে অত্যন্ত জটিল পদ্ধতি ব্যবহার করছে। তবে গোয়েন্দা তথ্যের জোরদার উপস্থিতিতে ব্যর্থ হচ্ছে তাদের সব অপচেষ্টা। গত ১৭ আগস্ট শাহজালালে দুবাইফেরত যাত্রী থেকে ৮৮১ গ্রাম সোনা পেস্ট জব্দ করা হয়। এর আগে ৩ আগস্ট চট্টগ্রাম শাহ আমানতে ভারতীয় ও বাংলাদেশি যাত্রীর অন্তর্বাস থেকে মোট ১৫০০ গ্রাম সোনা পেস্ট উদ্ধার করা হয়, যার মূল্য ৩ কোটি টাকা। গত ১৫ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের যাত্রীর ব্যবহৃত ট্রলির গোপন চেম্বার থেকে ১৩৩ গ্রাম সোনা ও লুকানো ২,৫৮৯ পিস ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া গত ৫ আগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্যান্টের পকেটে লুকানো ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়।

আরও পড়ুন: মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

ইতিহাস গড়া চট্টগ্রাম অভিযান : গত ১৭ আগস্ট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের বড় সিগারেটের চালান আটক করে সিআইআইডি। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ১৪৮ ফ্লাইটে নজরদারি চালানো হয়। ফ্লাইটে তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন প্ল্যাটিনাম ও মন্ড সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার হয়। একই ফ্লাইটের ২ নম্বর ব্যাগেজ বেল্টের একটি পরিত্যক্ত ব্যাগেজে মেলে আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট। শুধু এই একক চালানেই শুল্ক-করসহ আটক পণ্যের মূল্য দাঁড়ায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

বিউটি ক্রিম, বিদেশি মদ ও প্রসাধনীর লাগাতার চালান জব্দ : আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা ও উচ্চ কর এড়াতে বিভিন্ন ফ্লাইটে নিষিদ্ধ ক্ষতিকর বিউটি ক্রিম, প্রসাধন সামগ্রী ও মদ আনার প্রবণতা দেখা গেছে। গত ১৭ আগস্ট বিমানবন্দরে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। গত ২০ ও ২১ আগস্ট পৃথক অভিযানে শত শত কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম, ভ্যাপ লিকুইড, মিল্ক পাউডার ও একাধিক আইফোন উদ্ধার হয়। গত ১২ ও ১৫ আগস্ট এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগত একাধিক যাত্রীর লাগেজ থেকে দামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ আটক হয়।

মিথ্যা ঘোষণার আড়ালে রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ : গত ৪ আগস্টে চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) আমদানিকারক প্রতিষ্ঠান সুলতানা করপোরেশনের একটি চালানে বড় ধরনের মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করা হয়। এতে ৭১ লাখ ৭২ হাজার ৬০৬ টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা চূড়ান্ত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব জানান, শুল্ক খাতে যথাযথ শুল্কায়ন ও পণ্য দ্রুত খালাস, বকেয়া আদায় ও মামলা নিষ্পত্তি, বন্ডের অপব্যবহার রোধ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি নিলাম কার্যক্রমের গতি বাড়ানো হবে।

সাড়ে ৫ হাজার ডলারের ঘোষণায় মিলল পৌনে ২ কোটি টাকার পণ্য : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কর ফাঁকি দেওয়ার উদ্দেশে নামমাত্র মূল্য ঘোষণা করে আনা দুটি পৃথক চালানে কায়িক পরীক্ষা চালিয়ে প্রায় ২ কোটি ৭ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড ও গাড়ির যন্ত্রাংশ আটক করা হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি-টেন্ডারবাজি করা যাবে না: আব্দুল্লাহ আল জাবের

বলা হয়, সরদার গ্লোবাল ট্রেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এবং তাদের খালাসকারী প্রতিনিধি প্রতিষ্ঠান ফাহিম ফাইভ স্টার লিমিটেডের মাধ্যমে এসব পণ্য দেশে আনা হয়। গোপন খবরের ভিত্তিতে ১৩ আগস্ট চালান দুটির খালাস কার্যক্রম স্থগিত করে গোয়েন্দা সংস্থাটি। পরবর্তীতে ২৩ আগস্ট প্রতিনিধিদলের উপস্থিতিতে পণ্যগুলোর কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। চালান দুটিতে আমদানিকারক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে পণ্যের আমদানি মূল্য মাত্র সাড়ে ৫ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ভোটকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ এম


চট্টগ্রামে ভোটকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে নগরীর হালিশহর বউবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ইলিয়াস হোসেন ও সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংগঠনটির নির্বাচনে ভোটার ৩ হাজার ৫৬১ জন। সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুরে ভোটকেন্দ্রে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ভোটার কার্ড ও নম্বর যথাযথভাবে যাচাই না করেই দ্রুত ভোট নেওয়া হয়েছে। অনেক বৈধ ভোটারকে ব্যালট দেওয়া হয়নি। আবার বহিরাগত ও ভুল ভোটার নম্বরের ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিকেলে অনেক শ্রমিক ভোট দিতে গিয়ে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা শুনেছেন। এতে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভোট দিতে পারেননি বলে দাবি করেন তারা।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০২ এম


নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, র‍্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল।

এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, জেলা পুলিশ স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত গড়ে তুলব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ এম


আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে। প্রসিদ্ধ মতানুসারে, এই বিশেষ দিনে মহানবী (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন এবং একই দিনে নবুয়তের মহান দায়িত্ব শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।

মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন ছিল মানবজাতির জন্য আল্লাহর অপার অনুগ্রহ। তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। তাঁর প্রচেষ্টা, সংগ্রাম ও সান্নিধ্যে ‘জাহেলি’ যুগ পরিণত হয় শ্রেষ্ঠ সময়ে।

মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর অভিজাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন।

তিনি জন্মের পূর্বে পিতৃহীন হন এবং অল্প বয়সে মা ও দাদাকে হারান। প্রকৃতপক্ষে, তিনি জগত্সংসারের আশ্রয়ের পরিবর্তে মহান আল্লাহর আশ্রয়ে লালিত-পালিত হন। ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন। এরপর দীর্ঘ ২৩ বছর তিনি আল্লাহর বাণী প্রচারে নিজের সবকিছু উৎসর্গ করেন।

মহানবী (সা.) এমন এক জীবনদর্শন রেখে যান, যা মুসলমানদের বিজয়ী জাতিতে পরিণত করে। তাঁর শিক্ষা ও অনুপ্রেরণায় মুসলিম জাতি নীতি-নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও রাজনীতিতে শ্রেষ্ঠত্ব লাভ করে। আবার, তাঁর আদর্শ থেকে বিচ্যুতির কারণে মুসলিম জাতি বৈশ্বিক নেতৃত্ব থেকে ছিটকে পড়ে।

১২ রবিউল আউয়াল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন। এই উপলক্ষে বাংলাদেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার জন্য তাঁর অবদান তুলে ধরা হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার করবে। তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করবে।

রাষ্ট্রপতির বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেছেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ এম


সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে গ্রামের বাইরে থেকে লোক আনার অভিযোগকে কেন্দ্র করে একটি পরিবারকে সমাজচ্যুত (একঘরে) করা এবং মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী খালিদ হাসান বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগটি জমা দেন।
অভিযোগে আবুল সরকার (৮৫), তাজ মোহাম্মাদ (৫৪) ও শেখ সাদী (৩৫)-সহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী ওসমান গণির দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত ২৪ ও ৩০ জুলাই দুই দফায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জমি পরিমাপের মাধ্যমে বিরোধের সমাধান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে সালিশ বৈঠকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গ্রামের বাইরে থাকা কয়েকজন আত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত করায় স্থানীয় কয়েকজন মাতুব্বর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই ও ২১ আগস্ট সন্ধ্যায় চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা ডেকে আব্দুর রফিক শেখের পুরো পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের স্থানীয় মসজিদে নামাজ আদায়েও নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

বাদী খালিদ হাসান অভিযোগে উল্লেখ করেন, মাতুব্বরদের এমন সিদ্ধান্তের কথা জানার পর তিনি আবুল সরকার ও স্থানীয় সেলিম মিয়ার কাছে গিয়ে ক্ষমা চান। তবে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেননি। বরং কেউ ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে তাকেও একঘরে করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ‘চর নওয়াপাড়া একতা যুব সমাজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে সমাজচ্যুতির সভার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে পরিবারটির সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় হওয়া ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা এবং আইনগত প্রতিকার দাবি করেছেন।

আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%