১০:২৭ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সুবিধাজনক অবস্থানে আসা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের চেতনাকে অবহেলা করছে, এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি উল্লেখ করেন, ‘জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না; এ কারণেই জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখাটা তাদের জন্য একধরনের হুমকি।’
মঙ্গলবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা প্রভাব বিস্তার করছে, তারাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলার জায়গায় ঠেলে দিয়েছে।’
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
এ সময় তিনি জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য সরকারের ৮৪ হাজার কোটি টাকা বরাদ্দের সুযোগ থাকে, কিন্তু জুলাইয়ের চেতনা ও শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে নাকি অর্থ নেই! কারণ, ৮৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হলে আমলাদের বেগমপাড়ায় বাড়ি কেনার কিংবা স্বজনদের বিদেশে পড়াশোনা করানোর সুযোগ তৈরি হয়। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখলে তো আর টেন্ডারবাজি-চাঁদাবাজি করা যাবে না।’
গণঅভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, "যখন সাধারণ মানুষ রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করছিল, তখন একশ্রেণির রাজনৈতিক নেতা সচিবালয় ও দূতাবাসে বসে পরবর্তী নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পাবে, তা নিয়ে দর-কষাকষিতে ব্যস্ত ছিলেন।"
শহীদ ওসমান হাদির স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘৩২ বছরের যুবক ওসমান হাদি বলে গেছেন—জুলাইয়ের রক্ত ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, এটি আগামী বাংলাদেশ বিনির্মাণের শপথ। তিনি যে লড়াইয়ের মশাল মানুষের মনে জ্বালিয়ে দিয়ে গেছেন, তা আর নেভানো সম্ভব নয়। সর্বাত্মক প্রতিকূলতার মধ্যেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবে।’
বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং জুলাই গণহত্যার বিচার ও 'জুলাই সনদ' বাস্তবায়নে দলগুলোর দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
এ ছাড়া শাকিল ইসলাম হত্যার বিচার দাবি করে জাবের ঘোষণা দেন, ইনকিলাব মঞ্চ এ হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে গণ-অর্থায়নের মাধ্যমে ৪০ লাখ টাকা সহায়তা দেবে।
উল্লেখ্য, শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ৩১ দিনব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।
এমএইচ
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন