হুমায়ুন কবির ;বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে ১৩ বছর বয়সী এক নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত নিজেই থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছে ওই কিশোরী।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, মাছরং গ্রামের ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের আয়োজনের চেষ্টা করছিল পরিবারের কয়েকজন সদস্য। তবে কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে পরিবারের চাপ থেকে রক্ষা পেতে এবং বিয়ে বন্ধের সহযোগিতা চাইতে নিজেই বানারীপাড়া থানায় উপস্থিত হয় কিশোরীটি। সেখানে সে পুলিশকে বিষয়টি জানিয়ে বিয়ে করতে রাজি নয় বলে জানায় এবং নিরাপত্তা ও সহযোগিতা চায়।
কিশোরীর অভিযোগ, তার মা, নানী ও খালাদের পক্ষ থেকে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কী বক্তব্য রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ১৩ বছর বয়সী কোনো কিশোরীর বিয়ে আইনত বাল্যবিবাহের আওতাভুক্ত। তাই অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, কিশোরীর বক্তব্য ও অভিযোগ যাচাই করে বিষয়টি আইন অনুযায়ী দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে ‘পর্যটনের শেরপুর’ বিষয়ক এই প্রতিযোগিতা সোমবা (২৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, এডিসি (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা পর্যায়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলা হলরুমে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, রচনা লেখা, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, সংগীত, ইসলামি সংগীত/গজল, হামদ-নাত, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রতিযোগিতা পরিচালনা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে, যার নাম হাফিজুর রহমান রাসেল (৩০)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে, উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলার পাথারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি অটোরিকশাচালক হিসেবে কাজ করতেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা এবং বিএনপি নেতা আব্দুল আওয়াল।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার বিষয়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ