১২:৪৭ পি.এম
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বাগেরহাটের চিতলমারীতে একটি আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।
গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে স্থানীয় মৎস্য চাষি, মৎস্যজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সভাটি সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী।
আরও পড়ুন: নান্দনিক উপস্থাপনায় সারি সারি প্রাণীর কঙ্কাল চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে
আলোচনায় শংকর পাত্র, গৌরাঙ্গ মণ্ডল, সাকিব শেখ এবং সফল মৎস্য চাষি মহিউদ্দিন মোল্লা বক্তৃতা করেন। তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পদ্ধতিতে মাছের খাবার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধের বিষয়ে মৎস্য চাষিদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি নিশ্চিত করতে মৎস্য খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।
এই কর্মসূচিতে বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মুনিরুজ্জামান গাজী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন শেখ এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় চিতলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সিয়ামত আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন