ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির অবস্থান ধর্মঘট শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি


দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির অবস্থান ধর্মঘট শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলে অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটেই দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে এবার অবস্থান ধর্মঘট শুরু করেছে জেন-জি প্রজন্মের তরুণদের রাজনৈতিক আন্দোলন 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) সমর্থকরা।

গত শনিবার (২০ জুন) তীব্র গরম ও পুলিশের বিভিন্ন বাধা উপেক্ষা করে শত শত শিক্ষার্থী ও তরুণ দিল্লির নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর মন্তরে অবস্থান নিয়েছেন। গত রোববার (২১ জুন) দ্বিতীয় দিনেও নতুন নতুন বিক্ষোভকারী যোগ দেওয়ায় আন্দোলনের পরিধি আরও বড় হয়েছে। দিন-রাত সেখানেই কাটাচ্ছেন আন্দোলনকারীরা।

কর্মী-সমর্থকদের সঙ্গে এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দিপকে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা এই তরুণ চলতি মাসে ভারতে ফিরে এসে অনলাইনভিত্তিক এই আন্দোলনকে রাজপথে নিয়ে আসেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ভারতের ১৪০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই ২৫ বছরের কম বয়সী। ঘন ঘন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নম্বরের গরমিলের কারণে পড়াশোনা ও চাকরি খোঁজার চাপে আগে থেকেই মানসিক চাপের মধ্য দিয়ে যাওয়া তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দীপকের দল 'ককরোচ জনতা পার্টি' (ককরোচ পিপলস পার্টি বা সিজেপি) সেই ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে।

মূলত গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে 'ককরোচ জনতা পার্টি'র ধারণার জন্ম হয়। ভারতের প্রধান বিচারপতি বেকার যুবকদের একটি অংশকে 'ককরোচ' ও 'পরজীবী' বলে মন্তব্য করেন।

যুবসমাজকে তেলাপোকার সঙ্গে তুলনা করে দেওয়া ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিজিৎ দিপকে লেখেন, 'সব তেলাপোকা যদি একত্রিত হয়, তাহলে কী হবে?' এরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়। বর্তমানে সিজেপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, যা ভারতের ক্ষমতাসীন দলের অনুসারীর সংখ্যার চেয়েও বেশি।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

দল হিসেবে প্রতিষ্ঠার পর গত ৬ জুন নয়াদিল্লিতে দলের প্রথম প্রতিবাদ সমাবেশ করে ককরোচ জনতা পার্টি। সেই সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। এরপর থেকে সেই বিক্ষোভ ভারতজুড়ে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে মুম্বাই, বেঙ্গালুরু ও নাগপুরসহ বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হলো অবস্থান ধর্মঘট। ধর্মঘটে অংশগ্রহণ করা ১৮ বছর বয়সী শিক্ষার্থী শচীন কুমার বলেন, 'এক বছর কঠোর পরিশ্রমের পর পরীক্ষাটি বাতিল হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।' তার ভাষায়, 'শিক্ষার্থীরা হতাশায় ডুবে যাচ্ছে, কিন্তু কেউ তাদের কথা শুনছে না।' এরপর থেকে তিনি আর বই হাতে নেননি।

ভারতের বিভিন্ন অঞ্চলে দুই দফা পরীক্ষার মধ্যবর্তী সময়ে অন্তত ১৫ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে এসেছে। এসব ঘটনা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার ওপর তাদের আস্থা প্রায় হারিয়ে গেছে।

শনিবার সন্ধ্যা থেকে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভস্থলে সাময়িকভাবে পানি ও খাবারের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে এসব বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেউ গান গেয়ে, কেউ রাজনৈতিক আলোচনা করে রাত কাটাচ্ছেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

অভিজিৎ দিপকে ও তার সমর্থকদের দাবি, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। তাদের মতে, এটি কেবল একজন মন্ত্রীর পদত্যাগের দাবি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলন।

বিশ্লেষকদের মতে, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে তরুণদের নেতৃত্বে এত বড়, সংগঠিত এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রতিবাদ খুব কমই দেখা গেছে। ফলে 'ককরোচ জনতা পার্টি'র এই আন্দোলন ভারতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার রঙের কেক ও লুঙ্গি বিক্রির ধুম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:২০ পি.এম


ফেনীতে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার রঙের কেক ও লুঙ্গি বিক্রির ধুম

বিশ্বকাপ ফুটবল মানেই পুরো বাংলাদেশজুড়ে এক ভিন্ন ধরনের উন্মাদনা ছড়িয়ে পড়ে। প্রিয় দলের পতাকা উড়িয়ে দেওয়া, জার্সি পরে ফেলা এবং কে কার চেয়ে বড় পতাকা তৈরি করবেন, তা নিয়ে চলে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এবার ফেনী শহরের ফুটবলপ্রেমীদের উন্মাদনায় একটি নতুন দিক যুক্ত হয়েছে। ফেনীর মানুষ এখন নিজেদের প্রিয় দলের পতাকার রঙে তৈরি থিম কেক কাটায় মজে উঠেছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে একটি অভিনব ও ব্যতিক্রমী ক্রেজ দেখা যাচ্ছে। জার্সি-পতাকার গণ্ডি পেরিয়ে, এখন ফেনীর বাজারে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ ‘লুঙ্গি’ বিক্রির ধুম পড়েছে।

ফেনী শহরের বিভিন্ন বেকারিতে গিয়েও দেখা গেছে যে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের পতাকার আদলে তৈরি করা হচ্ছে কাস্টমাইজড থিম কেক। শুধু সেটাই নয়, মিষ্টির দোকানগুলোতে ফুটবলপ্রেমীদের পছন্দের জার্সি অথবা প্রিয় খেলোয়াড়ের ছবি সম্বলিত কেকও তৈরি করা হচ্ছে।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ঐতিহ্যবাহী ‘দিলদার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ এই ট্রেন্ডে নেতৃত্ব দিয়ে চলেছে। তারা অগ্রিম বুকিং গ্রহণের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য প্রতিদিন দোকানে এসব থিম কেক সাজিয়ে রেখে দিচ্ছে। ইতিমধ্যে, তাদের তৈরি ২২টিরও বেশি বিশেষ কেক বিক্রি হয়ে গেছে।

দিলদার ব্রেডের ম্যানেজার মো. মোশারফ হোসেন জানাচ্ছেন, এ বছর বিশ্বকাপ উপলক্ষে ফুটবল থিম কেকের প্রচলন শুরু করার পর থেকেই দারুণ সাড়া মিলেছে। তবে পূর্বের মতোই ব্রাজিল ও আর্জেন্টিনার কেকের চাহিদাই বেশি।

ফুটবলপ্রেমীদের এই চাহিদাকে সাধ ও সাধ্যের মধ্যে রাখতে দামও রাখা হয়েছে বেশ সুলভ।

দিলদার ব্রেডের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম মাহমুদ জানান, ক্রেতাদের সাড়া মাথায় রেখে ২ পাউন্ড কেক ৬০০ টাকা এবং ৩ পাউন্ড কেক ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, এখানেও ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে একটি নীরব প্রতিযোগিতা চলছে। বিশ্বকাপে যতদিন এই দুই দল জয়ী হবে, ততদিন পতাকার রঙের কেকের এই চাহিদা থাকবে।

শহরের অন্যান্য নামী কনফেকশনারি যেমন ‘ফেনী বেকারস’ এবং ‘সুইট বাস্কেট’ও পিছিয়ে নেই। ফেনী বেকারস ক্রেতাদের চাহিদা অনুযায়ী জার্সি ও থিমের কাস্টমাইজড কেক বানিয়ে ফেনী সদর এলাকায় হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে। অন্যদিকে, সুইট বাস্কেটে দেখা যাচ্ছে, তারা তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত দৃষ্টিনন্দন কেক বিক্রি করছে।

স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমীর সাথে কথা বললে জানা যায়, তারা প্রিয় দলের খেলার দিন উদযাপন করতে কিংবা এই ফুটবল মৌসুমের মধ্যেই প্রিয়জনের জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখার জন্য এই পতাকার রঙের কেকগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মাঠে প্রিয় দলের জয়ের লড়াই যেমনই হোক, কেক কাটার এই মিষ্টি লড়াইয়ে ফেনীর ফুটবল ভক্তরা বেশ উপভোগ করছেন।

এদিকে, বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দলের জার্সি পরা এবং বাড়ির ছাদে কিংবা গাছে পতাকা ওড়ানোর প্রতিযোগিতা তো নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এবার ফেনীর ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গেছে একটি অভিনব ও ব্যতিক্রমী ক্রেজ। জার্সি-পতাকার গণ্ডি পেরিয়ে, এখন ফেনীর বাজারে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ ‘লুঙ্গি’ বিক্রির ধুম পড়েছে। মাঠের ফুটবল খেলাকে দৈনন্দিন যাপনে রূপ দিতে বাঙালি ফুটবল ভক্তদের এই নতুন ট্রেন্ড এখন পুরো জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ফেনী শহরের বড় বাজারের বিভিন্ন বিপণিবিতান ও কাপড়ের দোকান ঘুরলে দেখা যায়, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যবসায়ীরা থরে থরে সাজিয়ে রেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙের শতভাগ সুতি লুঙ্গি। আর্জেন্টিনার আকাশী-সাদা এবং ব্রাজিলের সবুজ-হলুদ রঙের এই লুঙ্গিগুলো লুফে নিচ্ছেন সব বয়সী মানুষ।

ফেনী বড় বাজারের ভগবতী বস্ত্রালয়ের মালিক মিম্মণ বণিক জানাচ্ছেন, বাঙালির অত্যন্ত আরামদায়ক ও চিরপরিচিত পোশাক লুঙ্গির সঙ্গে ফুটবল থিম যোগ হওয়ায় বিক্রিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ফুটবলপ্রেমীদের মধ্যে এই লুঙ্গি কেনার দারুণ হিড়িক দেখা যাচ্ছে। অনেকে দল বেঁধে এক রঙের লুঙ্গি কিনে ছবি তুলছেন এবং প্রিয় দলের খেলার দিন তা পরে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।

কাপড় ব্যবসায়ী শহীদুল ইসলাম বলছেন, আমরা সাধারণত বিভিন্ন ডিজাইনের চেক বা একরঙা লুঙ্গি বিক্রি করি। কিন্তু এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে পাইকারি বাজার থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার থিমের লুঙ্গি এনেছি। দোকানে তোলার পর থেকেই বিক্রির গতি আশাতীত। এখানে সমর্থকরা কেউ কারও চেয়ে পিছিয়ে নেই; এক পক্ষ আর্জেন্টিনার আকাশী-সাদা লুঙ্গি নিলে অন্য পক্ষ এসে ব্রাজিলের সবুজ-হলুদ লুঙ্গি খুঁজছেন।

লুঙ্গি কিনতে আসা কলেজ পড়ুয়া ফুটবল ভক্ত ফারহান মাহাতাব জানান, জার্সি তো সবাই পরে, এবার ভিন্ন কিছু করার জন্য আমরা বন্ধুরা মিলে আমাদের প্রিয় দলের রঙের লুঙ্গি কিনেছি। খেলার দিন সবাই একসাথে এই লুঙ্গি পরে খেলা দেখার একটি আলাদা আনন্দ থাকে। এটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে ফুটবল প্রেমের একটি অসাধারণ মেলবন্ধন।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, সাধারণ ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে এসব থিম লুঙ্গির দামও রাখা হচ্ছে বেশ সাশ্রয়ী। কাপড়ের মান ও সুতার উপর ভিত্তি করে প্রতিটি লুঙ্গির দাম ৪৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই কেমন হবে তা সময়ই বলে দেবে, কিন্তু ফেনীর বাজারে এই দুই দলের পতাকার রঙের লুঙ্গি বিক্রির যে 'মিষ্টি যুদ্ধ' শুরু হয়েছে, তা এই ফুটবল মৌসুমের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করছাড়েও কমছে না স্মার্টফোনের দাম, উল্টো মডেলভেদে বেড়েছে ৩-১৫ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:২১ পি.এম


করছাড়েও কমছে না স্মার্টফোনের দাম, উল্টো মডেলভেদে বেড়েছে ৩-১৫ হাজার টাকা

বাজেটে করছাড় দেয়া হলেও দেশের বাজারে স্মার্টফোনের দাম কমছে না। বরং বিশ্ববাজারে চিপসেটের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মডেলভেদে উৎপাদকরা ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে। অন্যদিকে সিম কর প্রত্যাহারের ফলে ভর্তুকির চাপ কিছুটা কমলেও মোবাইল অপারেটরদের মতে, এটি ডাটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয়।

যোগাযোগ, কেনাকাটা, তথ্য-প্রযুক্তি ও বিনোদন থেকে শুরু করে মোবাইল ফোন ছাড়া এখন প্রায় অপূর্ণ জীবন। অপারেটররা প্রায় সাড়ে ১১ কোটি গ্রাহককে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের ডাটা প্যাকেজ অফার করলেও দাম নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।

গ্রাহকরা বলছেন, আগে ৩০ দিনের একটি ইন্টারনেট প্যাকেজ ৩৫০ টাকায় পাওয়া যেত, কিন্তু এখন তা ৩৯৯ টাকায় কিনতে হচ্ছে। বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য দাম কিছুটা কমানো হলে ভালো হতো।

এদিকে নতুন বাজেটে টেলিকম খাতে করের চাপ কিছুটা কমানো হয়েছে। ৩০০ টাকার সিম কর তুলে নেয়ায় সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস পাবে, তবে এটি অপারেটরদের ওপর ভর্তুকির চাপ কিছুটা কমিয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দীর্ঘদিন পর টেলিকম খাতের জন্য এ ধরনের বাজেট দেখা গেছে। এখানে পাওয়া সুবিধা মার্কেটে বিনিয়োগে ব্যবহার করা যেতে পারে।

তবে বেসরকারি অপারেটরদের দাবি, রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি হিসেবে বছরে প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব দিতে হয়। এর মধ্যে উৎসে কর হিসেবে ৮০০ কোটি টাকা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাকি অংশ পায় বিটিআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরো রাজস্ব বিটিআরসি পাবে, ফলে অপারেটরদের আর্থিকভাবে সরাসরি তেমন লাভ হচ্ছে না।

রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ট্যাক্স কমানো বা সমন্বয় করা হলেও সরাসরি পণ্যের দামের সঙ্গে এর সম্পর্ক নেই। এখনো প্রায় ৩৯ শতাংশ কনজ্যুমার ট্যাক্স বহাল রয়েছে।

স্মার্টফোনের দাম কমানোর জন্য ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। সেইসাথে ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।

৩০ হাজার টাকার মধ্যে থাকা স্মার্টফোনে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে। আবার লাখ টাকার ফোনে দাম বেড়েছে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত। ক্রেতা-বিক্রেতারা বলছেন, যেসব ফোন আগে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে ৫৫ থেকে ৬০ হাজার টাকা লাগছে। ৩০ হাজার টাকার মধ্যে থাকা ফোনগুলোর দামেও ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

উৎপাদকদের দাবি, বিশ্ববাজারে চিপসেটসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় করছাড়ের পরও হ্যান্ডসেটের দাম কমানো সম্ভব হচ্ছে না। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমওআইবি) এর সভাপতি জাকারিয়া শহীদ বলেন, আগে যেখানে একটি ফোন ৩৫ ডলারে পাওয়া যেত, এখন তা ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত বেড়ে গেছে। ফলে সামগ্রিক খরচের চাপ কমানো যাচ্ছে না।

বর্তমানে দেশে বছরে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে প্রায় চার কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। দেশে ১৭টি প্রতিষ্ঠান এসব হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ক্যালোনি মনে করেন, হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:২২ পি.এম


স্ক্যালোনি মনে করেন, হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়

ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে প্লেয়ারদের সুরক্ষার জন্য অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ফিফা দুটি পানীয় বিরতির নিয়ম করেছে। প্রথমার্ধে ২২ মিনিটের পরে ও দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের পরে ওই দুটি বিরতিতে বিজ্ঞাপন দেখানো হয়।

এই নিয়মে অনেকেই সমালোচনা করেছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এবার এই কাতারে যোগ দিয়েছেন। তিনি বলেন, এই বিরতি দুটি ম্যাচের ছন্দ বা ধারাবাহিকতা নষ্ট করে দেয়। তবে তিনি মনে করেন, নিয়মটির সমালোচনা করলেও ভবিষ্যতে দলগুলো অবশ্যই এটার সঙ্গে মানিয়ে নেবে।

অস্ট্রিয়া ম্যাচের সংবাদ সম্মেলনে স্ক্যালোনি এ বিষয়ে বক্তব্য রাখেন। তার মন্তব্য, ‘এটি করা হয়েছে খেলোয়াড়দের আরও সময় ও সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ধারাবাহিকতা কিছুটা ভেঙে যায়। খেলা চার ভাগে বিভক্ত হওয়ার বিষয়টি এখন প্রায় বাস্তব্যতায় পরিণত হয়েছে। निर्णय নেওয়া হয়েছে, আর এখন আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় দেখা যায়, শুধুমাত্র এই বিরতিগুলোর কারণেই একই ম্যাচের দৃশ্য একদম বদলে যায়। কারণ এই সময়ে কোচ ও খেলোয়াড়রা ভুলগুলো ঠিক করার সুযোগ পায়। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আরও উন্নত হবে। কেউ কেউ কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করে বিশ্লেষণ দেন। আর আমরা মুখোমুখি আলোচনা ও কথাবার্তায় বেশি গুরুত্ব দিই। প্রত্যেকেরই নিজস্ব কাজের ধরন বা ‘‘প্লেবুক’’ রয়েছে।’

স্ক্যালোনি প্রশ্ন করেন, হাইড্রেশন ব্রেকের কারণে কি কোনো নির্দিষ্ট দল সুবিধা পায়? শুরুতে দুর্বল দলের প্রতি তিনি সায় দিলেও পরে তিনি মত বদলেছেন। তিনি উল্লেখ করেন, ‘মাঝেমাঝে আমি এটা বলে বিভ্রান্ত হয়ে যাই যে, শুধু দুর্বল দলই লাভবান হয়। যে দল আক্রমণাত্মক খেলতে চায়, তারা নিজেদের কৌশল নতুন করে সাজানোর সুযোগ পায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলকে আইআরজিসির কুদস ফোর্সের প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ইসরাইলকে আইআরজিসির কুদস ফোর্সের প্রধানের হুঁশিয়ারি

ইসরাইলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বলেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। তিনি উল্লেখ করেছেন, যদি তাঁরা প্রত্যাহার না করে, তাহলে তাঁদের ২০০০ সালের মতো অপমানজনক অবস্থায় পালাতে হবে।

আজ সোমবার, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এক পোস্টে তিনি জানান, ইসরাইল যদি ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তখন তাদেরকে ‘অপমান ও পরাজয়ের’ মধ্যে দিয়ে বিতাড়িত করা হবে।

তিনি আরও স্পষ্ট করেন, ‘তোমরা যদি নিজের পায়ে দক্ষিণ লেবানন থেকে না সরে যাও, তাহলে ২০০০ সালের মহাকাব্য আবারও পুনরাবৃত্তি হবে। সেই সময়ে তোমরা এই ভূমি থেকে লজ্জাজনকভাবে পালিয়ে গিয়েছিলে। সিদ্ধান্ত এখন তোমাদের হাতে।’

লেবাননে প্রতি বছর ২৫ মে ‘মুক্তি দিবস’ পালন করা হয়। ২২ বছরের দখলদারিত্বের পর ২০০০ সালের এই দিনে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছিল।

লেবানন সীমান্তে সাময়িক যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক তোড়জোড়ের মাঝেও বৈরুত-তেল আবিব পরিস্থিতি আবার রক্তক্ষয়ী হয়ে উঠেছে। যুদ্ধবিরতির খসড়া চুক্তিকে উপেক্ষা করে ইসরাইলের বিমান হামলা লেবাননে অব্যাহত রয়েছে।

গত চব্বিশ ঘণ্টায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে, দখলকৃত লেবাননের মাটি ছাড়তে সাফ মানা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুশিয়ারিতে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমও জানিয়েছেন, ইসরাইল সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ থামবে না।

কাগজে-কলমে যুদ্ধবিরতি এবং কূটনীতির টেবিলে শান্তির সুবাতাস থাকা সত্ত্বেও, লেবাননের মাঠপর্যায়ের পরিস্থিতি এখনও পুরোপুরি বিপরীত। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক চললেও সাময়িক স্বস্তির আশা করা হয়েছিল।

কিন্তু সব সমঝোতা ভেস্তে দিয়ে দক্ষিণ লেবানন, নাবাতিয়াহ এবং বেকা উপত্যকায় ইসরাইলি ডিফেন্স ফোর্স, আইডিএফ কাছে মুহুর্মুহু বোমাবর্ষণ চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় নারী ও শিশু সহ নতুন করে আরও বেশ কয়েকজন লেবানিজ প্রাণ হারিয়েছেন।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে দেশে এখন পর্যন্ত নিহতের সংখ্যা চার হাজার একশ ছাড়িয়েছে, যেখানে আহতের সংখ্যা ১২ হাজারের বেশি।

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার পর বাস্তুচ্যুত লাখো মানুষ নিজেদের ঘরবাড়িতে ফেরার চেষ্টা করলেও, নতুন করে বিমান হামলাগুলোর কারণে তাঁদের আবারও আশ্রয়কেন্দ্রে ছুটতে হচ্ছে।

এভাবে উত্তেজনাকর পরিস্থিতির ভেতরে আরেকবার আগুনে ঘি ঢেলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর চাপ সত্ত্বেও নেতানিয়াহু পরিষ্কার জানিয়েছেন, উত্তর ইসরাইলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের প্রায় ৫৭০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ‘সিকিউরিটি জোন’ থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না।

অন্যদিকে, হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম এক ভিডিও বার্তায় সংঘাতকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে হুশিয়ারি দিয়েছেন যে, লেবাননের মাটিতে ইসরাইলি সেনা উপস্থিতির কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং চুক্তি লঙ্ঘন করলে হিজবুল্লাহ তাদের দাঁতভাঙা জবাব দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%