০১:১৯ পি.এম
বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যে একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। ম্যাচ শেষে সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। শনিবার কলম্বিয়ার বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনার ক্লাবটি।
৩২ বছর বয়সী পারেদেস খেলার শেষে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। বোকা জুনিয়র্সের হয়ে মহাদেশীয় খেতাব জয় সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে তিনি হঠাৎ ভারসাম্য হারান। ক্যামেরার সামনে লুটিয়ে পড়ার সময় সাংবাদিক পারেদেসকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। দ্রুত মেডিকেল স্টাফ ও কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হয়। পরে চিকিৎসা পাওয়ার পর পারেদেসের জ্ঞান ফিরে আসে এবং একপর্যায়ে নিজে হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়।
আরও পড়ুন: ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ১৮ বছর পর কোপা সুদামেরিকানা জিতল বোকা
ফাইনাল ম্যাচে পারেদেস শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। বারাঙ্কিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তিনি সমস্যায় পড়েন। শারীরিক দুর্বলতার কারণে ম্যাচের ৫৮ মিনিটে কোচ তাঁকে তুলে নেন। বেঞ্চে বসে থাকা অবস্থায় সতীর্থরা তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন।
পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা মন্তব্য করেন। কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে পারেদেসের মাথা ঘুরছিল। বিরতির পর কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরেই বোঝা যাচ্ছিল, সে শারীরিকভাবে লড়াই করতে পারছে না।’
নিজের শৈশবের ক্লাবে ফিরে দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পারেদেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। তবে ম্যাচ শেষে আকস্মিকভাবে জ্ঞান হারানোর ঘটনা আনন্দের রাতটিকে কিছুক্ষণের জন্য উদ্বেগে পরিণত করে।
আরও পড়ুন: ভারতের বড় লিড, কনওয়ে-রাচিনের ব্যাটে নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর লড়াই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন