০৩:৩১ পি.এম
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উল্লেখ করেছে যে, ভারত কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা দাবি করছে, ভারতের এই আচরণ মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
মঙ্গলবার (১৬ জুন) এইচআরডব্লিউ এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর দাবি করেছেন যে, তার সরকারের ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতির আওতায় শত শত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীকে’ আটক করা হয়েছে এবং প্রায় ৫ হাজার মানুষকে ভারত থেকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তথ্যানুযায়ী, গত ১ জুন থেকে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অন্তত ২১টি চেষ্টা বাতিল করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, একদিকে বিএসএফের পক্ষ থেকে বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বিজিবি অনুপ্রবেশে বাধা দেওয়ার ফলে দুই দেশের শূন্যরেখায় বেশ কিছু পরিবার আটকে রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় কর্তৃপক্ষ নিষ্ঠুরভাবে পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে অথবা সীমান্তে আটক রেখে তাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি উল্লেখ করেন যে, ভারত সরকারের উচিত বেআইনিভাবে মানুষকে বহিষ্কার বন্ধ করা, পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা, নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা এবং মুসলমানদের প্রতি এই হতাশাজনক বিদ্বেষের অবসান ঘটানো।
তিনি আরও বলেন, জাতীয়তা যাই হোক না কেন, সশস্ত্র সীমান্তরক্ষীদের দুইটি লাইনের মাঝে কাউকে খোলা মাঠে রাত কাটাতে বাধ্য করা উচিত নয়।
আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী
পশ্চিমবঙ্গে গত মার্চের নির্বাচনের ঠিক আগে ভারতের নির্বাচন কমিশন তাড়াতাড়ি ভোটার তালিকা সংশোধন করেছে। সেখানে প্রায় ৯০ লাখের বেশি মানুষকে সেই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে আসাম রাজ্যে নাগরিকত্ব যাচাইয়ের একটি ত্রুটিপূর্ণ এবং বৈষম্যমূলক প্রক্রিয়া (এনআরসি) চালানোর ফলে ১৯ লাখের বেশি মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়েছে। এর মধ্যে হাজার হাজার বাসিন্দা ডিটেনশন সেন্টারে আটক রয়েছে। আবার অনেককে বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ ইতোমধ্যে শত শত কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ডিটেনশন সেন্টারে আটক রেখেছে। প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের বেশিরভাগ মুসলিম হলেও কিছু হিন্দুও রয়েছেন।
সংস্থাটি আরও দাবি করেছে যে, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী ভারতকে সবার অধিকার রক্ষা করতে হবে এবং বর্ণ বা জাতিগত উৎপত্তির ভিত্তিতে নাগরিকত্ব হরণ প্রতিরোধ করতে বাধ্য। যথাযথ প্রক্রিয়া ছাড়া যেকোনো নাগরিককে আটক বা বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবেচিত। মানুষকে খাবার-পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ছাড়া সীমান্তে ফেলে রাখা একটি অমানবিক আচরণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন