ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে


ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

শমিত সোম এবং হামজা চৌধুরীর পর ফারহানের অবিশ্বাস্য গোলের মাধ্যমে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলংকার বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে।

প্রথমার্ধের বিরতির পর ৫৩ মিনিটে ফারহান দুর্দান্ত একটি গোল করেন। প্রথমার্ধের বিরতির আগে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। শমিত সোমের গোলের পর অধিনায়ক হামজা চৌধুরী দলের জন্য দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৮ মিনিটে শমিত গোল করেন এবং ৪৩ মিনিটে হামজা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাদের কল্যাণে স্বাগতিকরা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।

আরও পড়ুন: জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত

৪৩ মিনিটে হামজা ইব্রাহিমের পাস বক্সের বাইরেই পেয়েছিলেন। তিনি দৌড়ে শ্রীলংকার এক ডিফেন্ডারকে পিছনে ফেলেন। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর ফারহান আলী অবিশ্বাস্য একটি গোল করেন। বক্সের সামান্য বাইরে বল পেয়ে তিনি বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটিয়ে ফিনিশিং টাচটি তার পা থেকেই আসে। শ্রীলংকার ফুটবলরা কেবল অসহায়ের মতো ফারহানের দিকে তাকিয়ে ছিল। হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

৫৩ মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্যান্য ফুটবলাররা।

এর আগে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা ভুল করেন। এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে প্রবেশ করে। ৮ম মিনিটে গোল করে শমিত দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে

খেলার শুরু থেকেই বাংলাদেশ উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারিতে গোলের আনন্দে উল্লাস শুরু হয়।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ৬১ বছর বয়সেও শরীরচর্চা ও ফিটনেস ধরে রেখে ভক্তদের চমকে দিচ্ছেন। পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্য, পেশিবহুল শরীর এবং দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও তিনি কীভাবে নিজেকে ফিট রাখেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই।

এই অভিনেতা ২ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসা ফিটনেসের অভ্যাসগুলো নতুন করে আলোচনায় এসেছে।

দিনে একবেলা খাবার

শাহরুখের খাদ্যাভ্যাসের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো দিনে একবার খাবার খাওয়ার অভ্যাস। ২০২৪ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাধারণত দিনে একবারই খাবার খান। তবে এটি কোনো বিশেষ ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি অনুসরণের জন্য নয়; বরং এটি তার ব্যক্তিগত অভ্যাস।

তার খাদ্য তালিকায় অঙ্কুরিত শস্য, গ্রিলড চিকেন, ব্রকলি এবং সামান্য ডাল রয়েছে। সাধারণ ও পরিচিত খাবারই তার পছন্দ। তবে এর মানে এই নয় যে তিনি পছন্দের খাবার থেকে নিজেকে দূরে রাখেন। অন্যের বাড়িতে গেলে বিরিয়ানি, রুটি, পরোটা, ঘি দিয়ে তৈরি খাবার এবং লাচ্ছিও তিনি উপভোগ করেন।

জিমে মাত্র ৩০ মিনিট

শরীরচর্চার জন্য শাহরুখ দীর্ঘ সময় ব্যয় করেন না। ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিদিন প্রায় ৩০ মিনিট ব্যায়াম করেন। এমনকি গভীর রাতে শুটিং শেষে বাড়ি ফিরেও ব্যায়ামের জন্য সময় বের করেন।

তার ব্যক্তিগত প্রশিক্ষক প্রশান্ত সাওয়ান্ত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, সাধারণত তাদের ব্যায়ামের সেশন ৪৫ মিনিটের মতো হয়। সপ্তাহে চার থেকে পাঁচ দিন শরীরের বিভিন্ন অংশের পেশি লক্ষ্য করে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যায়ামের পাশাপাশি শাহরুখ খেলাধুলাও উপভোগ করেন।

মহামারির সময় ফিটনেসে মনোযোগ

করোনাকালে কাজের ব্যস্ততা কমে যাওয়ায় শাহরুখ শরীরচর্চায় বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পান। সে সময় নিয়মিত ব্যায়াম শুরু করেন এবং শরীর গঠনে মনোযোগী হন। পরবর্তী সময়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় তার পেশিবহুল শরীর ও অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কাড়ে।

ঘুমের অভ্যাসেও পরিবর্তন

২০২৪ সালে শাহরুখ জানিয়েছিলেন, সাধারণত ভোর ৫টার দিকে ঘুমাতে যেতেন। শুটিং শেষে রাত ২টার দিকে বাড়ি ফিরে ব্যায়াম করেও ঘুমাতে যেতেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে দুবাইয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, এখন পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন। শরীরচর্চার পর পেশির পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন বলে ঘুমের সময় বাড়াতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। তাই শাহরুখের ব্যস্ত সময়সূচি বা কম ঘুমের অভ্যাস অনুসরণ করা উচিত নয়।

ফিটনেসের সঙ্গে অভিনয়ের যোগ

অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন থেকেই শাহরুখ শরীর গঠনে আগ্রহী হন। তার বিভিন্ন সিনেমার চরিত্র অনুযায়ী ব্যায়ামের ধরনেও পরিবর্তন আসে। প্রশিক্ষক সাওয়ান্তের মতে, প্রায় দুই দশক ধরে শৃঙ্খলার সঙ্গে শরীরচর্চা করে আসছেন এই অভিনেতা। চোটের বিষয়টি বিবেচনায় রেখে ব্যায়াম ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া হয়।

সব মিলিয়ে শাহরুখের ফিটনেসের মূলমন্ত্র হলো ধারাবাহিকতা। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করা, নিয়মিত ব্যায়াম এবং খাবারের বিষয়ে সচেতন থাকাই দীর্ঘদিন ধরে তার ফিট থাকার অভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে তার ব্যক্তিগত খাদ্যাভ্যাস সবার জন্য উপযোগী নাও হতে পারে।

সূত্র: নিউজ ১৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনতালিয়া (তুরস্ক), ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) এর বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

এই পরিদর্শনের সময়, তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও লক্ষ্য করেন।

আজ বুধবার, স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।

তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে আলাপ করেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে সাদিয়া আক্তার মীমের অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে সাদিয়া আক্তার মীমের অনশন

কুড়িগ্রামের রাজারহাটে স্বীকৃতি ও অধিকার আদায়ের উদ্দেশ্যে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তিনি অভিযোগ করেছেন যে, অনশনের খবর পেয়ে তার স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে ইউসুফ আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার কন্যা। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) একই উপজেলার পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর পুত্র।

সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা বিয়ে করেন। কিন্তু রিয়াদের পরিবার ওই বিয়েকে মেনে নেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে আবারও বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।

সাদিয়া অভিযোগ করেছেন যে, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন। তরুণীটি জানান যে, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে তিনি আত্মহত্যা করবেন।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে আসেন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম জানান, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। তিনি বলেন, ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও সঙ্গে নিয়ে এসেছেন। তার ধারণা, ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপের কারণে বাড়ি ছেড়ে চলে গেছেন।

স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করা প্রয়োজন, যাতে তরুণীটির জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, তিনি অনশনের ঘটনা সম্পর্কে অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে নতুন বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে নতুন বিল উত্থাপন

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদে ‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ এবং উন্মুক্ত প্রতিযোগিতা বৃদ্ধি করা।

বিলটি উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়, যাতে দুই কার্যদিবসের মধ্যে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করা হয়।

মন্ত্রী উত্থাপনের সময় বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে স্থানীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রয়চুক্তির প্রশাসন ও ব্যবস্থাপনার বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনে টেকসই ক্রয় কার্যক্রম উৎসাহিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা আন্তর্জাতিকভাবে পরিচিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ ধারণা অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।

এছাড়া, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ সম্পর্কিত বিধান স্পষ্ট করা এবং দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশ জারির বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান প্রশ্ন করেন, সংসদ কার্যকর থাকা অবস্থায় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছেন।

এ বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই বিলটি পাস হবে। অধ্যাদেশ জারি সংবিধানের একটি অংশ।

‘সরকারি ক্রয় আইন, ২০০৬’ সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে বিবেচিত, যা এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটি সংশোধন করা হয়।

স্থানীয় শিল্প সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে হালনাগাদ বিধান প্রবর্তনের জন্য অধ্যাদেশটি জারি করা হয়েছিল।

প্রস্তাবিত সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সম্পদের আরও সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

পেশাগত অসদাচরণ সম্পর্কিত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর বিষয়টিও খসড়া আইনে অন্তর্ভুক্ত রয়েছে।

‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

এর আগে, ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদে উপস্থাপন করা হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয়।

২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%