০৯:৫৬ পি.এম
কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় একদিনের মধ্যে পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশে অবস্থিত পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সী মেয়ে আলিফা এবং খোকনের ৪ বছর বয়সী মেয়ে রাইসা মনি। দীর্ঘ সময় ধরে খোঁজার পর পুকুর থেকে তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা
রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে তার খালা ও ভাগ্নি আলিফা এবং রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সী মেয়ে ফাইজার মৃত্যু ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
একদিনে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে মনা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সৃষ্টি হয় দীর্ঘ যানজট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন