ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা


রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ  ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি-ভীমনগর থেকে কামারখালী (এনএইচডব্লিউ) সংযোগ সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক চিঠি দিয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। সম্প্রতি নির্মাণকাজে ব্যবহৃত ইট ও অন্যান্য সামগ্রীর মান নিয়ে স্থানীয়দের মধ্যে অভিযোগ ওঠে। অভিযোগের পর এলজিইডির কর্মকর্তারা নির্মাণস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনে ব্যবহৃত কিছু ইট ও নির্মাণসামগ্রীর মান নিয়ে আপত্তি পাওয়া গেলে গত ৭ জুন উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন এন্টারপ্রাইজকে একটি সতর্কতামূলক চিঠি প্রদান করা হয়। চিঠিতে নিম্নমানের সামগ্রী অপসারণ করে প্রকল্পের নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহারের জন্যও সতর্ক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সড়কের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হবে এবং জনদুর্ভোগ বাড়বে। তারা নির্মাণকাজের সুষ্ঠু তদারকি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, নির্মাণস্থলে ইট ও অন্যান্য উপকরণ ব্যবহার করে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ সময় কিছু ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. মিঠু বলেন, আমাদের কিছু শ্রমিক ভুলবশত নিম্নমানের ইট নিয়ে এসেছিল। বিষয়টি জানার পর সেগুলো অপসারণ করা হয়েছে এবং বর্তমানে মানসম্মত ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তার ওপর সব সময় ধুলাবালি থাকায় অনেক সময় ইটের প্রকৃত মান বোঝা কঠিন হয়।
উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস বলেন, কাজের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করা হয়েছে। ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না। প্রকল্পের নির্ধারিত মান বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
 
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির মাধ্যমে প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হবে এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির  মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ
 
রাজবাড়ী পৌরসভা এলাকায় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণ কাজ চললেও এলজিইডির প্রকৌশলীর দাবী নিয়মানুযায়ী কাজ চলছে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানাগেছে, পাংশা পৌরসভার উপজেলা হেডকোয়াটার থেকে কলেজ মোড় পর্যন্ত ২১৩০ মি.মি, চওড়া এভারেজ ৮.৭ মি.মি এবং বাগদুলী ভিসি লাঙ্গলবাঁধ সড়ক ৩.৮৫০ কি.মি. সড়ক নির্মাণে ১০ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে কাজটি পান ঠিকাদারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স। তবে, কাজটি বাস্তবায়ন করছেন চন্দনা কনস্ট্রাকশন।
রিকসা চালক জলিল বলেন, যেভাবে কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে, ওখান দিয়ে যাওয়া সম্ভব না। আসলে এভাবে কাজ করলে কতদিন রাস্তা থাকবে বলা মুশকিল।
স্থানীয়রা বলেন, সড়কটি নির্মাণ কাজের শুরুতেই বালি, মাটি ও নিন্মমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকার মধ্যে কাজ হলেও নেই কোন তদারকি। কাদা-পানির মধ্যে কাজ করায় কাজের স্থায়ীত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 
বুধবার দুপুরে সরেজমিন পাংশা কলেজ মোড় এলাকায় গিয়ে দেখাযায়, সড়কের কাজ করছে কাদা-মাটিতে একাকার হয়েছে। পায়ে হেটে যাওয়ার কোন পরিবেশ নেই। কাদার মধ্যে রোলার দিয়ে সমান করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। 
পাংশা উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। অনিয়মের কোন সুযোগ নেই। কোথায় কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে গুরুত্বারোপ করেছে। এর প্রেক্ষিতে ঢাকায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে তাঁর অফিসকক্ষে ইইউর আন্তর্জাতিক বিষয়ক, রিটার্ন ও ভিসা সংক্রান্ত পরিচালক এবং ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মহাপরিচালক হেনরিক নিলসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ শেষে বৈঠক করে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, নিরাপত্তা খাতের সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ এবং স্বরাষ্ট্র বিষয়ক ইউরোপীয় কমিশনারের আসন্ন বাংলাদেশ সফরসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্বরাস্ত্রমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়নকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকে হেনরিক নিলসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রদত্ত পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ভঙ্গুর আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিল। তবে গত চার মাসে সময়োচিত ও কার্যকর পদক্ষেপের কারণে সার্বিক পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের মানবাধিকার কমিশন গঠনে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

মাইগ্রেশন ও মোবিলিটি ডায়ালগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকার মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সকল ধরনের অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ। ২০১৭ সালের ইইউ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের আওতাধীন সহযোগিতা আরও জোরদার করা হবে।

এ সময় ইইউর নতুন অ্যাসাইলাম অ্যান্ড রিটার্ন বর্ডার প্রসিডিউর নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়।

হেনরিক নিলসেন, নিয়মিত অভিবাসন উৎসাহিত করার পাশাপাশি অবৈধ অভিবাসন প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি নিরাপত্তা খাতের সংস্কারে ইইউর সহযোগিতার কথাও উল্লেখ করেন।

বৈঠকে আগামী অক্টোবর মাসে ইইউর হোম অ্যাফেয়ার্স কমিশনার ম্যাগনাস অসওয়াল্ড ব্রুনারের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ এ সফরের বিষয়ে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে মাইকেল মিলার, আলেকজান্দ্রা ডোমানস্কাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম বাজেটের ঘোষণার অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এর আগে সকাল বেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেটের মাধ্যমে শুরু হওয়া বাংলাদেশ এখন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। পাঁচ দশকের বেশি সময়ের এই যাত্রায় দেশের অর্থনীতির পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি উন্নয়ন কর্মসূচি ও রাষ্ট্রীয় ব্যয়ের আকারও বেড়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এই বাজেট বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে, জুলাই যোদ্ধাদের টাও বহাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে, জুলাই যোদ্ধাদের টাও বহাল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা অপরিবর্তিত থাকছে। তবে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাজেটের মধ্যে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুসারে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

এছাড়া, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বীরশ্রেষ্ঠদের ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে, জুলাই যোদ্ধাদের ভাতা বর্তমান বিএনপি সরকার বহাল রেখেছে। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের জন্য যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।

এছাড়া, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অব্যাহত রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%