ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি


বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)এর তত্ত্বাবধানে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের ফলে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বিমানবাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খানের উদ্যোগ এবং দিকনির্দেশনায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

একই দিনে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায়ও বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করেছে বাফওয়া।

আরও পড়ুন: গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

এছাড়া, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনের সার্বিক নির্দেশনায় কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধও বিতরণ করা হয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, বিমানবাহিনী ও বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির তরফ থেকে ত্রাণ কার্যক্রম এবং মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। বিমানবাহিনী প্রধান ইতিমধ্যে বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে বিমানবাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরানের পার্লামেন্টে নতুন বিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরানের পার্লামেন্টে নতুন বিল

হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি বিল আনুষ্ঠানিকভাবে ইরানের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান এব্রাহিম আজিজি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ইরান তার ‘রেড লাইন’ রক্ষায় অটল এবং প্রয়োজন হলে আরো পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আজিজি জানান, ‘হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ’ শীর্ষক বিলটি গত রাতের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে।

আজিজি আরও বলেন, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়সহ আমাদের সব রেড লাইন রক্ষায় আমরা দৃঢ় অবস্থানে আছি।’ তিনি এও জানান, ‘এটা কেবল প্রথম পদক্ষেপ। এর পর আমরা আরও ব্যবস্থা গ্রহণ করব।’ এই বিল উত্থাপনের ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা তীব্র রূপ ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালির ওমান অংশে বিকল্প নৌপথ তৈরির চেষ্টার জবাবে, গত সপ্তাহে পরপর তিন বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। এই হামলা ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়। এরপর গত রোববার (১২ জুলাই) হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।

পরদিন সোমবার (১৩ জুলাই) দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্রভাবে বৃদ্ধি পায়। মার্কিন বাহিনী জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতাসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

জবাবে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করে। ফলে, গত মাসের মাঝামাঝি স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতার আওতায় হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও সেই সমঝোতার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এর মধ্যেই, গত সোমবার হরমুজ প্রণালিতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যেই ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটির পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

এর কিছুক্ষণ পর, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ কার্যকর করছে।

তিনি লেখেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের ব্যয় হবে, তার জন্য প্রণালি দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এই ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

ট্রাম্প একই সঙ্গে অভিযোগ করেন, ইরান অন্তর্বর্তী সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে। তার ভাষ্য, ‘চুক্তি হয়ে গিয়েছিল; কিন্তু তারা তা ভেঙেছে। তারা সব সময় চুক্তি ভাঙে। তাদের সঙ্গে ১০টি চুক্তি হয়েছে। তাই এবার আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাব।’

তবে, ট্রাম্পের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না।

তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা তাদের বাহিনীকে রসদ সরবরাহ ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এতে পুরো অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেজাল খাদ্য শনাক্তে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ভেজাল খাদ্য শনাক্তে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ভেজাল খাদ্য দ্রুত শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এসব ভ্যানে মিনি ল্যাবরেটরি থাকবে, এর মাধ্যমে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের বাজারে তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করা সম্ভব হবে।

আজ জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম জামালের ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভেজাল প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, কৃষি, মৎস্য ও স্বাস্থ্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, দণ্ডবিধি, নিরাপদ খাদ্য আইন-২০১৩, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯, বিএসটিআই আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে বিষাক্ত বা ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ৬৪ জেলা ও ৮ বিভাগীয় কার্যালয়ে ৭২টি মিনি ল্যাবরেটরি স্থাপন করেছে। এসব ল্যাবে গত পাঁচ মাসে ৬ হাজার ৭৯৫টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছরের মধ্যে প্রায় ১৯ হাজার ৭০০টি নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আটটি বিভাগীয় শহরে আটটি মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে দুধ, ঘি, শাকসবজিসহ বিভিন্ন খাদ্যে তাৎক্ষণিক ভেজাল পরীক্ষা করা হচ্ছে। এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৬৪ জেলার জন্য আরও ৬৪টি মোবাইল ল্যাব ভ্যান কেনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে ঢাকা শহরে একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া টেলিভিশন, বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে পাঁচটি প্রবিধান প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও বেনাপোল বন্দরে আমদানিকৃত সব খাদ্যপণ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে রফিকুল ইসলাম জামাল মাঠপর্যায়ে আধুনিক খাদ্য পরীক্ষার যন্ত্রপাতির অভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন এবং ঝালকাঠিসহ সারাদেশে আধুনিক ল্যাব সুবিধা বাড়ানোর আহ্বান জানান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঝালকাঠিসহ দেশের সব ৬৪ জেলাতেই মিনি ল্যাবরেটরি রয়েছে। এগুলোর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি ৬৪টি ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু হলে উপজেলা ও গ্রাম পর্যায়েও তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা সম্ভব হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

এই অবস্থানে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানিয়েছেন, শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং পরে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেকার যুবকদের কর্মসংস্থানে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


বেকার যুবকদের কর্মসংস্থানে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, দেশের অতিদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সংসদের অধিবেশনে তিনি বিরোধীদলীয় সদস্য মো. মোক্তার আলী (যশোর-৬)-এর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পুনর্বাসন ও সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য অতিদরিদ্র জনগণের উন্নয়নে গুরুত্ব দেওয়া। এছাড়াও, তিনি বলেন, পল্লী সমাজসেবা (আরএসএস) কর্মসূচির মাধ্যমে ভূমিহীন ও দরিদ্র গ্রামীণ জনগণের জন্য আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অভিপ্রায় নিয়ে কাজ করা হচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা, সাক্ষরতা, পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের গ্রামীণ নারীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে, এবং স্থানীয় চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাঁশ ও বেতশিল্প, সূচিশিল্প, গবাদিপশু মোটাতাজাকরণ, মৎস্যচাষ, হাঁস-মুরগি পালন, নার্সারি ব্যবস্থাপনা, পাটজাত পণ্য উৎপাদন, নকশিকাঁথা, কাঠের হস্তশিল্প, জাল বুনন ও ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা।

বৃহত্তর সামাজিক উন্নয়নের জন্য নগর সমাজ উন্নয়ন (ইউসিডি) কর্মসূচি দেশের সব সিটি করপোরেশন ও জেলা সদর পর্যায়ের ৮০টি নগর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সুদমুক্ত ক্ষুদ্রঋণ, কমিউনিটি সংগঠিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের ভিত্তিতে সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ২০০২-০৩ অর্থবছর থেকে সরকারি অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দগ্ধ ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচি চালিয়ে আসা হচ্ছে। এই কর্মসূচির আওতায় উন্নত চিকিৎসা, কারিগরি প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। মো. জাহিদ হোসেন বলেন, দেশের ৪৯৫টি উপজেলা সমাজসেবা কার্যালয় ও ৮০টি নগর সমাজসেবা কার্যালয়সহ মোট ৫৭৫টি কার্যালয়ের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী জানান, পরিবারভিত্তিক জরিপের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী উপযুক্ত উপকারভোগীদের চিহ্নিত করে আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া ও চা-শ্রমিকসহ অনগ্রসর জনগণের জীবনমান উন্নয়ন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, ভিক্ষুক পুনর্বাসন, হাসপাতাল সমাজসেবা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অশিক্ষিত ও বেকার দরিদ্র যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নগর সমাজসেবা কর্মসূচির আওতায় ব্যবসা ও স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

মন্ত্রী জাহিদ হোসেন জানান, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে ঢাকার মিরপুর ও রংপুরের শালবনে অবস্থিত দুটি আর্থসামাজিক প্রশিক্ষণ কেন্দ্রে চামড়াজাত পণ্য, ব্লক-বাটিক, দর্জির কাজ, সূচিশিল্প, বিউটি কেয়ার, গার্মেন্টস উৎপাদন, বাঁশ ও বেতশিল্প সহ বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হল শিক্ষিত বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে তারা সামাজিক ভাতার ওপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%