১২:০১ পি.এম
ঢাকাই সিনেমার অন্যতম সফল ও কালজয়ী নায়ক জসিমের জন্মদিন আজ। তিনি খলনায়ক থেকে নায়ক, মুক্তিযোদ্ধা থেকে প্রযোজক বহুমুখী প্রতিভার অধিকারী। এই অভিনেতার জীবন জুড়ে রয়েছে অনেক বিস্ময়কর গল্প।
আশি ও নব্বই দশকে তিনি রূপালি পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে নিজেকে সফলতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে দেশের অ্যাকশন ঘরানার সিনেমার পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
জসিম সবার কাছে একজন নায়ক হিসেবে পরিচিত। তবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মূলত ভিলেন বা খলনায়ক হিসেবে। এমনকি ভিলেন হিসাবেও তিনি সাফল্য অর্জন করেছিলেন। জসিমের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন। তার জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে।
আরও পড়ুন: নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা আটকে দেন ট্রাম্প
নায়ক জসিম সম্পর্কে কিছু তথ্য অনেকের অজানা। আসুন, জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য। অভিনয়ের জগতে আসার আগে জসিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে অংশ নিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি চলচ্চিত্রে অভিনয়ের পথচলা শুরু করেন। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়।
১৯৭৭ সালে ‘দোস্ত দুশমন’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর ‘সবুজ সাথী’সহ একাধিক চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করে দর্শকের হৃদয়ে দৃঢ় স্থান করে নেন।
৭০ ও ৮০-এর দশকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে জসিম হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক ও ফাইট পরিচালক। বাংলা চলচ্চিত্রে অ্যাকশনধারাকে জনপ্রিয় করে তুলতে তার অবদান আজও সকলের মনে রয়েছে। ১৯৯৮ সালের ৮ অক্টোবর, মাত্র ৪৮ বছর বয়সে, মস্তিষ্কে রক্তক্ষরণে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তী শিল্পী। তার চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র হারায় এক শক্তিমান অভিনেতা ও জনপ্রিয় অ্যাকশন তারকাকে।
তার স্মৃতিকে ধরে রাখতে বিএফডিসিতে একটি শুটিং ফ্লোরের নাম রাখা হয়েছে ‘জসিম ফ্লোর’। মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক—বহুমাত্রিক প্রতিভার অধিকারী নায়ক জসিম আজও কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে রয়েছেন।
আরও পড়ুন: সিসিউতে ভর্তি ড. আব্দুল মঈন খান, দেখতে গেলেন সমাজ কল্যাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন