০৬:৪৯ পি.এম
রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাইপ্রবণ এলাকায় টহল বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্ব দেওয়া হয়। ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের তাগিদ দেওয়া হয়।
মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদান জোরদারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র্যাব-৫, সিআইডি, নৌ-পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন