ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের


সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারের সদস্যদের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

আজ সোমবার সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এই অভিযোগটি করেন।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা

তিনি বলেন, গতকাল রবিবার সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়েছে।

সেদিন তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান।

বিপরীতে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন।

রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যা পূর্ববর্তী সমঝোতার বিরুদ্ধে চলে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নাজিবুর রহমান বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি উত্থাপন করেন।

তিনি বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই সংসদে বিল আনা হচ্ছে।

সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হচ্ছে না।

বিরোধী দলের সিনিয়র সদস্য শাহজাহান চৌধুরীকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ না দেওয়ার কারণে তারা সংসদ থেকে ওয়াকআউট করেন বলে জানান তিনি।

আরও পড়ুন: মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ব্রিফিংয়ে আরো বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এমন ঘটনা দেশের পার্লামেন্টের ইতিহাসে নজিরবিহীন।

জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলাই বিরোধী দলের দায়িত্ব।

সেই সুযোগ বাধাগ্রস্ত হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় অসদুপায় রোধে ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


পরীক্ষায় অসদুপায় রোধে ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং সংঘটিত পরীক্ষা অপরাধের শাস্তির বিধান রেখে একটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সংসদে উপস্থাপিত বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সার্টিফিকেট তৈরি এবং অন্যান্য অনিয়মসহ অসদুপায় অবলম্বন রোধে প্রায় ৪৫ বছর আগে বিদ্যমান ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রণয়ন করা হয়। তবে বিলটিতে উল্লেখ করা হয় যে, প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রবণতার কারণে বিদ্যমান আইনের বেশ কয়েকটি ধারা এখন যুগোপযোগী নয়।

প্রস্তাবিত এ সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধগুলোকে আইনি কাঠামোর আওতায় এনে একটি সুষ্ঠু ও অসদুপায়মুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ এবং যেকোনো ধরনের ডিজিটাল কারসাজিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিলে ডিজিটাল কারসাজির অপরাধে দোষী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া সংঘবদ্ধভাবে পরীক্ষায় জালিয়াতি, প্রশ্নফাঁস বা এ ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপরাধীচক্র গঠন বা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আরো কঠোর শাস্তি ও আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের মতে, ডিজিটাল যুগে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এ সংশোধনী অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:৪৭ এম


বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। সৌদি আরব যখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল, তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের ঘোষণাটি দেন।

আল-মিসেহাল বলেন, "জাতীয় দলকে নকআউট পর্বে তুলতে না পারা সৌদি ফুটবলের প্রত্যাশার সঙ্গে একেবারেই মানানসই নয়।" এই ব্যর্থতার পুরো দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর ভাষায়, "নতুন করে এগিয়ে যেতে নেতৃত্বেও পরিবর্তন প্রয়োজন।" সে কারণেই তিনি বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন আল-মিসেহাল। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিশ্চিত করার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সেই সময়ে দেশের ফুটবলে ব্যাপক বিনিয়োগ, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং রোনালদো, নেইমারের মতো তারকাদের সৌদি লিগে আনার পরও জাতীয় দলের বিশ্বকাপে ব্যর্থতা হতাশা আরো বাড়িয়ে দিয়েছে।

আবার এবার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত নকআউটে ওঠার সম্ভাবনা ছিল সৌদি আরবের। কিন্তু কেপ ভার্ডের বিপক্ষে জিততে না পারার কারণে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয় তাদের অভিযান। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই তাদের বিদায় নিতে হয়।

বিশ্বকাপের মাত্র দুই মাস আগে হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস ডনিসকে প্রধান কোচ করার সিদ্ধান্তও দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই ব্যর্থতার দায় নিয়েই দায়িত্ব ছাড়লেন সৌদি ফুটবলের সর্বোচ্চ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:৪৯ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠককালে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে স্মার্টফোন গ্রাহকদের কাছে আরও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এর ফলে সমাজের সব শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়া সম্ভব হবে। পাশাপাশি, ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি পর্যটকদের আশায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:৫১ এম


বাংলাদেশি পর্যটকদের আশায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। গতকাল রবিবার এই কার্যক্রম চালুর পর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত চেকপোস্টে উচ্ছ্বাস দেখা গেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ী ও চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আসা রোগীদের স্বজনেরা এই প্রতীক্ষিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই ধরনের স্বস্তির আমেজ নজরে এসেছে নদীয়া জেলার গেদে স্থল সীমান্তেও।

একটি সময়ে দিনে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক ভারতীয় ভূখণ্ডে আসতেন। কিন্তু গত দুই বছরে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু থাকায় এই সংখ্যা কয়েকগুণ কমে গিয়েছিল। হিলি এবং গেদে এই দুই সীমান্তের ব্যবসায়ীরা অত্যন্ত কঠিন সময় পার করেছেন। ব্যবসায় মন্দার কারণে অনেককে বিকল্প আয়ের পথ বেছে নিতে হয়।

এবার পুনরায় টুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তে ব্যবসায়ীরা আশা করছেন যে বাংলাদেশ থেকে পর্যটক আসার সংখ্যা বাড়বে, সেইসাথে উভয় সীমান্ত এলাকার বাণিজ্য এবং ব্যবসার উন্নতি ঘটবে।

ভারতের হিলি সীমান্তের ব্যবসায়ী অংশুমান সাহা জানান, ‘টুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় আশা করা হচ্ছে, ব্যবসার পরিস্থিতির আগের থেকে অনেকটাই ভালো হবে। আগে প্রতিদিন অন্তত ৭০০ থেকে ৮০০ মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসান যায়। বিগত দুই বছর ধরে ভারত শুধুমাত্র বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা দিচ্ছিল। যার কারণে এই সংখ্যা কমে এসেছিল মাত্র ১৫০ থেকে ২০০ এর মধ্যে। আমি প্রত্যাশা করছি, এর ফলে আমাদের জেলার সীমান্ত এলাকায় ব্যবসা-বাণিজ্য আবার উন্নতি ঘটবে।’

বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে ভারতে চিকিৎসা করতে আসা সাদিয়া নামে এক বাংলাদেশি তরুণী বলেন, ‘এটা আমাদের কাছে যথেষ্ট ভালো লাগার বিষয়। কারণ, আমরা দীর্ঘ দুই বছর পর টুরিস্ট ভিসা চালু হতে চলেছে। আমি নিজেও মেডিকেল ভিসা নিয়ে ভারতে চিকিৎসার জন্য প্রবেশ করেছিলাম। বেঙ্গালোরে চিকিৎসা করিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আশা করছি, সামনের বার যখন আসবো, তখন মেডিকেল ভিসা নয়, সরাসরি ট্রাভেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারব।’

বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিক দীনবন্ধু হালদার জানান, ‘দুই দেশের সম্পর্ক ভালো হবে। অর্থনৈতিক দিক দিয়ে এই স্থল বন্দরের উন্নতি হবে। কারণ গত দুই বছর ধরে এটা স্তব্ধ হয়ে পড়েছিল। তাছাড়া ভিসা কম হওয়ার কারণে চিকিৎসা পরিষেবা থেকেও বাংলাদেশিরা বঞ্চিত হচ্ছিল। টুরিস্ট ভিসা চালু হলো, আশা করা হচ্ছে অন্য ভিসা চালু হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%