১১:০৪ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাতটি সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক
বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন এবং মি. হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচিত হয়েছে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায়নিয়ে।
বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না, এ সময় এমন অভিমত দেওয়া হয়। উভয়পক্ষ ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করেছেন।
এ বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গটিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনার বাংলাদেশের জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় বিষয়ক আলোচনা করেন দুই পক্ষ।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি ও মারদিয়া মমতাজ, এমপি; এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন