০১:২০ এম
চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণ ও বন্যায় প্লাবিত তিন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৪ জুলাই মঙ্গলবার, বাহিনীর মহাপরিচালকের আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেদের অর্থায়নে ৪০০ দুর্গত পরিবারে জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।
সরল ইউনিয়নে দলনেতা মো. নুর হোসেনের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহাব উদ্দিন ও জমির উদ্দীনসহ স্থানীয়রা ১৫০টি পরিবারকে সহায়তা প্রদান করেন। সেখানে বিতরণ করা হয় জরুরি শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি এবং দিয়াশলাই।
অন্যদিকে, শেখেরখীল ও চনুয়া ইউনিয়নে ২৫০টি বিপন্ন পরিবারকে সাহায্য প্রদান করেন কাথারিয়ার দলনেতা মোহাম্মদ জহিরুল আবেদীন, পুকুরিয়ার দলনেতা নিপ্পন কান্তি দে এবং গন্ডামারার ভিডিপি সদস্য সীমা সুশিল। তারা এই পরিবারগুলোর কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার এবং নগদ অর্থ পৌঁছে দেন।
আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা
দুর্যোগের এই কঠিন সময়ে তৃণমূল সদস্যদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ ও সহায়তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গে সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমও নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন।
বাঁশখালীর এই মানবিক প্রয়াস স্পষ্ট প্রমাণ করে যে সংকটে সাধারণ মানুষের বড় ভরসা হল তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যরা। দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সেবার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন