আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি:
০৬:২১ পি.এম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ প্রকাশের কারণ হলো শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা।
শ্রেণিকক্ষের অবস্থা ছাড়াও, প্রতিষ্ঠানটির কিছু শৌচাগারের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। কিছু স্থানে মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, আবার কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি ধারণ করা ভিডিও এবং ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে রয়েছে। অন্যদিকে, শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।
স্থানীয়দের প্রশ্ন হলো—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে কেন এমন পরিবেশ বিরাজমান?
অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা উচিত।
এটি উল্লেখযোগ্য যে, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অতীতে, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় তিন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জেলা ছাত্রদলের সমন্বয়ক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার তিন ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। সভার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ২ নম্বর বোয়ালখালী, ৩ নম্বর কবাখালী ও ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বিভিন্ন বিষয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়গুলো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক মো. রুবেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আল মিলন এবং বাবুছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল ভূঁইয়া।
সভাটি ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম।
মতবিনিময় সভায় ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বাস্তবতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা সভায় উল্লেখ করেন, একটি শক্তিশালী সংগঠনের ভিত্তি গড়ে ওঠে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। তাই ইউনিয়ন পর্যায় থেকে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করতে হবে।
এ সময় তিন ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিয়ের দিন নিখোঁজ থাকার পর, পরবর্তী দিন কলাবাগানে এক শিক্ষকের ‘ঝুলন্ত’ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সালেম প্রধান (২৮) নামের ওই স্কুলশিক্ষক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উদ্ধার করা হয়।
নিহত আবু সালেম প্রধান বালুয়ার মীরপাড়া এলাকার ইছাহাক প্রধানের পুত্র ছিলেন। তিনি কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সালেম প্রধানের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিয়ের পর সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।
শুক্রবার দুপুরে স্থানীয়রা সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালেম প্রধানের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শেরপুরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় তার চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই ওই এলাকায় চেম্বার খুলে রোগীদের চিকিৎসার নামে সেবা দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করতেন এবং অবৈধভাবে অস্ত্রোপচারও করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭ আগস্ট) রাতে তার চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, অভিযানে শেরপুর থানা-পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেছে। জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ : নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গুরুত্বপূর্ণ কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। সংস্কারের পর ব্রিজটি এখন থেকে শুধু পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
আজ শুক্রবার ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
১৪৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ২ মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। দ্রুততম সময়ে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন। সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার বিপুলসংখ্যক নাগরিক উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।
তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এ ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসক আরও ঘোষণা করেন, সংস্কারের পর থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে ব্রিজটির ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি পথচারীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ