০৬:০১ পি.এম
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের এবং তিনি একজন নারী। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত জুন মাসে–১৩ জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে ভর্তি হয়েছেন ৪৬ জন। তার পর চট্টগ্রামে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, যেখানে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
বিভাগভিত্তিক মোট আক্রান্তের চিত্রে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১,৬৭৫ জন)। এর পর চট্টগ্রাম বিভাগ (১,১৬৭ জন)। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৮৮৮ জন এবং উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন