ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মদিন আজ


কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মদিন আজ

আজ কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন এই শিল্পী, যিনি উপমহাদেশের সংগীতজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

লতার সংগীতের সঙ্গে পরিচয় ঘটে তার পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের হাত ধরে, যিনি ছিলেন একজন শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং মঞ্চ অভিনেতা। ১৯৪২ সালে বাবার মৃত্যুর পর, পরিবারের দায়িত্ব নিতে তিনি গানকে পেশা হিসেবে গ্রহণ করেন।

১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে তার প্রথম বড় সুযোগ আসে। পরবর্তী বছর ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর থেকে তিনি কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি মারাঠি, বাংলা ও অন্যান্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন।

আরও পড়ুন: টাইগার শ্রফকে বলিউডের একমাত্র ‘টাইগার’ বলে টার্গেট করেছে বিষ্ণোই গ্যাং

লতা মঙ্গেশকর দীর্ঘ সংগীতজীবনে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নসহ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেছেন।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ভীর-জারা’ সিনেমার জন্য তার শেষ পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হয়। তবে, তার গাওয়া অসংখ্য গান এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে আছে।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে লতা মঙ্গেশকর মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সংগীতের জগতে কয়েক দশকের দীর্ঘ পথচলায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীত ইতিহাসে তিনি একটি অনন্য স্থান তৈরি করে গেছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক নয়-হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক নয়-হাইকোর্টের রুল

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়ার বৈধতা সম্পর্কে জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন।

এই রুলটি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ দ্বারা জারি করা হয়।

আইনজীবী ইসরাত জাহান অমি এই রিটটি দাখিল করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিটের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে যোগ্যতা অর্জন করতে না পারে, সেই উদ্দেশ্যে নির্বাচনি বিধিমালা সংশোধন করে সরকারি হাসপাতাল বা স্বীকৃত (সার্টিফাইড) ল্যাবরেটরি থেকে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শচীন টেন্ডুলকারের চ্যাটজিপিটির সঙ্গে নতুন ইনিংস, আসছে চমক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


শচীন টেন্ডুলকারের চ্যাটজিপিটির সঙ্গে নতুন ইনিংস, আসছে চমক

ক্রিকেটের মাঠে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন শচীন টেন্ডুলকার। এবার মাঠের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে নতুন এক ‘ইনিংস’ শুরু করলেন ভারতের সাবেক এই ক্রিকেট তারকা। তিনি ওপেনএআইয়ের সঙ্গে বহু বছরের অংশীদারত্বের ঘোষণা দিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শচীন জানান, ওপেনএআইয়ের সঙ্গে তার এই সহযোগিতায় ‘মজার ও আকর্ষণীয় কিছু’ আসছে। এই অংশীদারত্বের অন্যতম লক্ষ্য হলো কীভাবে মানুষ ব্যক্তিগত ও পেশাগত জীবনে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে, তা তুলে ধরা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওপেনএআই জানিয়েছে, এই বহু বছরের অংশীদারত্বের আওতায় শচীনকে নিয়ে বিভিন্ন কনটেন্ট, প্রচারাভিযান ও বিশেষ অভিজ্ঞতা তৈরি করা হবে। এসব আয়োজনে চ্যাটজিপিটির সঙ্গে শচীনের নিজের ব্যবহার ও অভিজ্ঞতাও তুলে ধরা হবে।

এই সহযোগিতার শুরু হয়েছে ‘‘শচীন টেন্ডুলকার স্টার্টস আ নিউ ইনিংস উইথ চ্যাটজিপিটি’ শিরোনামের একটি প্রচারাভিযানের মাধ্যমে। এর অংশ হিসেবে প্রকাশিত একটি ভিডিওতে শচীন চ্যাটজিপিটিকে ১০টি প্রশ্ন করে নিজের পরিচয় শনাক্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন।

শচীন জানান, তার স্বাভাবিক কৌতূহল প্রায়ই তাকে একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্নের দিকে নিয়ে যায়। তিনি উল্লেখ করেন, চ্যাটজিপিটি এই কৌতূহলকে আরও উৎসাহিত করেছে। এমনকি তিনি নিজের পরিবারের সর্বশেষ ভ্রমণের পরিকল্পনা করতেও চ্যাটজিপিটি ব্যবহার করেছেন বলে জানান সাবেক এই ব্যাটার।

অংশীদারত্ব নিয়ে শচীন বলেন, "একটি প্রশ্ন, একটি ধারণা কিংবা এমন কিছু, যা কেউ সবসময় অনুসন্ধান করতে চেয়েছেন—শুরু করার জায়গা হতে পারে অনেক কিছুই।" তিনি একসঙ্গে নতুন কিছু অনুসন্ধানের প্রত্যাশার কথাও জানান।

ওপেনএআই ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রভজিৎ সিং বলেন, "এআই মানুষের শেখা, নতুন বিষয় অনুসন্ধান এবং এমন কিছু করার সুযোগ তৈরি করতে পারে, যা আগে অনেকের কাছে কঠিন বা নাগালের বাইরে মনে হতো।" শচীনের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি মানুষকে এআইয়ের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া এবং চ্যাটজিপিটি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলাই তাদের লক্ষ্য।

প্রচারাভিযানের পরবর্তী ধাপে শচীন এবং উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা বরুণ মাইয়ার অংশগ্রহণে আরও কয়েকটি ভিডিও প্রকাশের কথা রয়েছে।

চ্যাটজিপিটির সঙ্গে শচীনের এই অংশীদারত্ব এমন সময়ে এলো, যখন ভারতে এআই টুলটির ব্যবহার আরও বাড়ানোর চেষ্টা করছে ওপেনএআই। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও আলাদা অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। ২০২৮ সালের মার্চ পর্যন্ত ভারতের ঘরের মাঠের ক্রিকেটে চ্যাটজিপিটিকে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত করেছে বিসিসিআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ বছরের বিরতির পর টেস্টে ফিরছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


৩ বছরের বিরতির পর টেস্টে ফিরছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া

আনরিখ নরকিয়ার ফেরার অপেক্ষা শেষ হতে চলেছে। তিন বছরের বিরতির পর দক্ষিণ আফ্রিকার পেসার আবারও সাদা জার্সিতে মাঠে ফিরছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে।

প্রাথমিক ১৮ সদস্যের দলে আরো কয়েকজন খেলোয়াড়ও ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দুই পেসার কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েৎজি। কোয়েৎজির সর্বশেষ টেস্ট ম্যাচটি ২০২৫ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল, আর রাবাদার ২০২৪ সালের নভেম্বরের বিপরীতে।

দলটিতে একমাত্র নতুন মুখ হিসেবে মারকুয়েস অ্যাকারমান অন্তর্ভুক্ত হয়েছেন। ৩০ বছর বয়সী এই ব্যাটার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ১ হাজারের বেশি রান করার জন্য পুরস্কৃত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই দ্বিপক্ষীয় সিরিজের সূচনা হবে আগামী ৯ অক্টোবর ডারবান টেস্টের মাধ্যমে। বর্তমানে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছে, যেখানে প্রোটিয়ারা এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড :

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুয়েস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, করবিন বস, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্তান স্তাবস, কাইল ভেরেইনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


মেহেরপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সড়ক পাকা করণের কাজ শুরু হওয়ার অনেক পরে দরপত্রে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হলেও ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ মান বজায় না রেখে দায়সারা কাজ করা হলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে।

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে জিআরআইডিপি প্রকল্পের আওতায় শোলমারি মুচিগাড়ি ও সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকায় প্রায় এক কোটি ৯৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় শোলমারি মুচিগাড়ি এলাকায় এক হাজার ৩০০ মিটার এবং সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকায় ৭৫০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজটির কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমএস সলিউশনের স্বত্বাধীকারী জান্নাতুল ফেরদৌস।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকার অংশে ডব্লিউবিএম এর কাজ চলছে। ডব্লিউবিএম কাজে উন্নতমানের ইটের খোয়া ব্যবহারের পরিবর্তে আধলা, কাদা-মাটি মাখানো এবং পুরনো ঘরের দেয়াল ভাঙ্গা সিমেন্টযুক্ত জোড়া লাগা নিম্নমানের ইটের খোয়াও ব্যবহার করা হচ্ছে। এছাড়া সাব-বেস স্তরে কাঁদাযুক্ত বালু ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, রাস্তার প্রাথমিক কাজের সময়ও নিম্নমানের বালু ও নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। অভিযোগের পর কিছু বালু সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে নিম্নমানের বালু ও ইট দিয়ে কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় স্তরের কাজ শুরু হলে এবারও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় রোকনুজ্জামান নামের এক বাসিন্দা বলেন, ‘এই মাঠে এলাকার প্রায় দুই হাজার মানুষের জমি রয়েছে। মাঠে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন তারা। দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ চলায় কৃষিপণ্য পরিবহনসহ চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তার ওপর নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হলে রাস্তা টেকসই হবে না। এতে তাদের ভোগান্তি আরো বাড়বে।’

আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিনের দাবি পূরণ করে রাস্তা নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে এখন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সড়কটি যেন দ্রুত নষ্ট না হয়, সেজন্য নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদার শিমুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আক্তার হোসেন বলেন, ‘যদি কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী থাকে, তাহলে সেগুলো ঠিকাদারকে অপসারণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো অনিয়ম আমি মানব না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%