১২:৫৭ পি.এম
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান স্বামী সাইফ আলী খানকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বা সবচেয়ে কুল স্বামী হিসেবে অভিহিত করেছেন। এই প্রশংসার প্রতিক্রিয়ায় সাইফও মজার মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই কথোপকথন ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সম্প্রতি সাইফ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বাড়ির বারান্দায় বসে ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। নীল কুর্তা ও সাদা পায়জামা পরিহিত সাইফের হাতে ছিল হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার। তার সঙ্গে আরও কয়েকজন সংগীতশিল্পী ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। সংগীতচর্চার আয়োজনটি বারান্দায় অ্যাম্পলিফায়ার ও অন্যান্য বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা হয়েছিল।
ভিডিওটির ক্যাপশনে সাইফ উল্লেখ করেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’ অভিনয়ের বাইরেও সংগীতের প্রতি তার আগ্রহের প্রকাশ ঘটে এই ভিডিওতে।
আরও পড়ুন: মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬
ভিডিওটির মন্তব্যের ঘরে কারিনা ও সাইফের কথোপকথনও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে কারিনা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’
স্ত্রীর এই প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, ডোন্ট নজর নজর।’ অর্থাৎ স্ত্রীর প্রশংসায় যেন কারো কুদৃষ্টি না লাগে, সেই মজার ইঙ্গিত দেন তিনি।
২০১২ সালে সাইফ ও কারিনা বিয়ে করেন। এর আগে তারা পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে একবার কারিনা জানিয়েছিলেন, সাইফকে বিয়ের প্রস্তাব দিতে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসে প্রস্তাব দেওয়ার পর তিনি প্যারিসে গিয়ে সম্মতি দেন।
কারিনার সেই কথার জবাবে সাইফ রসিকতা করে বলেন, মুম্বাইতেই রাজি হয়ে গেলে তার অনেক টাকা বেঁচে যেত।
আরও পড়ুন: তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় আলোকিত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
এই দম্পতির দুটি ছেলে রয়েছে—তৈমুর আলী খান ও জেহ আলী খান। সাইফের অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে আগের সংসারে আরো দুটি সন্তান রয়েছে—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন