০৯:১১ পি.এম
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে, এমন অভিযোগ করেছেন সিরিয়া, যুক্তরাষ্ট্র এবং জর্ডান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা চালানো হয়। হামলায় স্থাপনার ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলজাজিরা জানায়, ইদলিবের পূর্বাঞ্চলে অবস্থিত বিমানঘাঁটিতে হামলাগুলো চালানো হয়। ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী সিরিয়া নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে।
আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি
জর্ডানও হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে হামলার জন্য দায়ী করে বলে, এটি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘নির্লজ্জ লঙ্ঘন’ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট বিরোধী।
জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যাতে ইসরাইলকে সিরিয়ায় এ ধরনের ‘উসকানিমূলক ও বেআইনি’ হামলা বন্ধ করতে বাধ্য করা হয়।
অন্যদিকে হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা এগিয়ে নেয় না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে ব্যারাক জানান, হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে আরও সামরিক সংঘাতের বদলে ‘যুক্তিসংগত আলোচনাকে’ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বিক্ষোভের মধ্যেই সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধের সময় আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। ২০১৫ সালে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিদ্রোহীরা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ২০১৯ সালে আসাদ সরকারের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে যুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অচল ছিল।
আলজাজিরা জানায়, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা লক্ষ্য করে ইসরাইলি হামলা বৃদ্ধি পেয়ে গেছে। আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার বিমানবাহিনীর সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে। গত দেড় বছরে সিরিয়া আবার কিছু বিমান সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। মঙ্গলবারের হামলাটি ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে প্রথম হামলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন