০৩:৩১ পি.এম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গুলি করার পরিকল্পনার একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া অডিওটিতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ শোনা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ফাঁস হওয়া এই অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়, যার মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিন বলে দাবি করে থাকলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংরক্ষিত অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসল কথা হলো, পায়ে গুলি করে জানতে পারবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে শুধুমাত্র আরমান সাহেবের কথাই চলবে। এর জবাবে আরমান উদ্দিনকে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তবুও লোকজনের জ্বালায় সে আসে।
কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। তখন আরমান উদ্দিন সেই পরিচিত ব্যক্তিকে জানান, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে। অডিওটিতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? প্রথমে আমাকে অডিওটি দিন, এরপর আমি বিষয়টি আলোচনা করব। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে, সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফাঁস হওয়া অডিওটির বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন